প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে একাধিক যানবাহন, যা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে আগুন নেভানোর জন্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু সংলগ্ন উদগীরণ স্থলে বাপেক্সের কারিগরি সরঞ্জামবাহী গাড়িগুলো প্রবেশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় ১ হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে এই আগুন একটানা জ্বলছে।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শে ১৫ দিন ধরে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, জোর করে আগুন নেভালে ভূগর্ভে গ্যাস জমে বড় বিস্ফোরণের শঙ্কা রয়েছে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়।
এদিকে বাপেক্সের ল্যাবে নমুনা পরীক্ষায় এটি থার্মোজেনিক গ্যাস বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে এটি কোনো সাধারণ পকেট গ্যাস নয়, বরং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি সত্যি হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাস ফিল্ড।
১৫ দিনের পর্যবেক্ষণ শেষ হওয়ায় আজ ঘটনাস্থলে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি দল পৌঁছেছে। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুনের যেভাবে জ্বলছে, এভাবে আর জ্বলতে দেওয়া ঠিক হবে না। আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে রিলিফ কূপ খনন ও ২ডি সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে।
এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বাপেক্স ও পেট্রোবাংলার দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন