শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৮ পি.এম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যদি কোনো দেশ সামরিক, নৌ বা রসদ সহায়তা প্রদান করে, তাহলে তা শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরান জানিয়েছে, এ ধরনের সহায়তা প্রদানকারী দেশগুলোকে অভিযানে অংশগ্রহণকারী হিসেবে দায়ী করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা প্রদান করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে তিনি অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত না হওয়ার আহ্বান জানান।
বাঘাই আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন কিংবা অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে গণ্য হবে। এর মধ্যে নৌবাহিনী মোতায়েন, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ এবং সেনাসদস্য পাঠানোর মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার আওতায় পড়ে।
নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা কিংবা জলদস্যুতা প্রতিরোধের মতো কারণ দেখিয়ে এ ধরনের সহায়তাকে বৈধতা দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা প্রতিশ্রুতি কোনো দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা দায়িত্ব লঙ্ঘনের অধিকার দেয় না।
পোস্টের শুরুতে একটি কোরীয় প্রবাদ উল্লেখ করেন বাঘাই। তিনি লেখেন, ‘সারসের পেছনে উড়তে গিয়ে চড়ুই একসময় নিজের পা ভেঙে ফেলে।’ এ প্রবাদ উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে অন্যান্য দেশগুলোকে সতর্ক করেন তিনি।
বাঘাই আরও বলেন, যে দেশই যেকোনোভাবে এ ধরনের সামরিক অভিযানে অংশ নেবে, সেই দেশকে এর ফলে সৃষ্ট পরিণতির জন্য দায় নিতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় সেলেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দেন। কোনো মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেঁচে থাকবে না।’ এ ধরনের পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারে তাঁর কোনো দ্বিধা থাকবে না বলেও জানান তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তথ্যসূত্র: এএনআই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’
আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাঁতের চিকিৎসার ব্যয়ও অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।
সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।
এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একইসাথে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন মানসিকতার পরিবর্তন দরকার।
স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।
এ সময় রাষ্ট্রপতি পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর জন্য দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
আন্তর্জাতিক সেমিনার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনোটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ