ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রাশিয়ার সঙ্গে পরবর্তী আলোচনায় ইউরোপও থাকবে, জানাল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন


রাশিয়ার সঙ্গে পরবর্তী আলোচনায় ইউরোপও থাকবে, জানাল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোও অংশগ্রহণ করবে। তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিজেদের কঠোর দাবিতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন, যা প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে বাধা সৃষ্টি করছে।

এএফপি’র খবর অনুসারে, আবুধাবিতে আলোচনার পর বৃহস্পতিবার দিনভর কূটনৈতিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ সক্রিয় ছিলেন।

ক্রেমলিনে পুতিনের সঙ্গে চার ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার বিষয়বস্তু জানাতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গমন করেন।

আরও পড়ুন: ইরান: ইসরায়েল-মার্কিন অভিযানে সহায়তা করলে কঠোর ব্যবস্থা

আয়ারল্যান্ডের একটি সামরিক বিমানঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, জেলেনস্কি এবং কুশনার আলোচনা থেকে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে জানান, ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন।

জেলেনস্কি বলেন, "আবুধাবির আলোচনার মতো ইউরোপকে আর আলাদাভাবে বা আলোচনার বাইরে রাখা হবে না। এবার ইউরোপীয় প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেবেন এবং তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকবে।"

পরে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে কুশনারও বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘উভয় পক্ষই এখন পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।’

তিনি আরো বলেন, আলোচনায় উল্লেখযোগ্য মতপার্থক্য এখনো বিদ্যমান। তবে, এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে তারা আশাবাদী।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ নিয়ে ট্রাম্পের উদ্বেগ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কর্মকর্তা এএফপিকে জানান, ইউরোপের পাঁচটি দেশের রাজধানী থেকে আসা প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠক করেছেন।

ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে আলোচনায় ইউরোপের সরাসরি অংশগ্রহণের দাবি জানিয়ে আসছে।

এর আগে মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে পুতিন স্পষ্টভাবে বলেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মস্কো কোনো ছাড় দেবে না।

তিনি যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। পুতিনের ভাষায়, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হলে, তা হবে যুদ্ধের ধারাবাহিকতা।

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলের হামলার তীব্র নিন্দা তুরস্কের

পুতিনের এসব বক্তব্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যখন আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছে, তখন রাশিয়া বিষয়টিকে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে তুলে ধরতে চাইছে।

এদিকে, ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দিতে ডাবলিনে অবস্থানকালে জেলেনস্কি বলেন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারশিল্ডে নতুন বিধিনিষেধ আরোপের কারণে রাশিয়ার জেটচালিত ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা ব্যাহত হচ্ছে। এর ফলে ‘আরও বেশি ইউক্রেনীয় নাগরিক নিহত হচ্ছেন’ বলে তিনি দাবি করেন।

সাধারণত ক্রেমলিনের বৈঠকগুলো রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হলেও এবার পুতিনের সঙ্গে মার্কিন দূতদের বৈঠকের শুরুতে দীর্ঘ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়।

বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের অবস্থানের মাঝখানে ‘ধূসর অঞ্চল’ বা সামরিক বাহিনীশূন্য এলাকা তৈরির সম্ভাবনা নাকচ করে দেন পুতিন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে রাশিয়া।

আরও পড়ুন: নেতানিয়াহুপুত্র বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন

এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপও নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়েছে মস্কো। এছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকা রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া— এই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে মস্কো। তবে এসব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে নেই।

বৈঠকে পুতিন ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে একটি ‘মানবিক অভিযান’ পরিচালনার প্রস্তাব দেন। তার দাবি, শহরটিতে এখনো প্রায় ৪০০ থেকে ৫০০ বেসামরিক মানুষ বসবাস করছেন।

রাশিয়া গত গ্রীষ্মে শহরটি দখলের দাবি করলেও ইউক্রেন বলছে, সেখানে এখনো লড়াই চলছে। গত মাসে দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত ওলেশকি শহরে আটকে পড়া শত শত বাসিন্দাকে নিরাপদে বের করে আনার জন্য স্বল্প সময়ের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

আরও পড়ুন: রাশিয়ার দাবি: ইউক্রেনের ১২০০ ড্রোন ভূপাতিত, নিহত ৪

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিতভিন সতর্ক করে বলেছেন, মানবিক অভিযানের আড়ালে রাশিয়া নতুন করে সেনা মোতায়েন ও পুরোনো সেনাদের পরিবর্তে নতুন সেনা আনার চেষ্টা করতে পারে।

ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনার বিষয়ে রাশিয়ার চাপ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন নিরাপত্তাকাঠামোর প্রস্তাব ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক জোটের প্রভাব কমানো ও ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে রাশিয়ার দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র— উভয় পক্ষই ইউরোপকে একজন একক প্রতিনিধির নাম দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে তার সঙ্গে আলোচনা করা যায়।

আরও পড়ুন: ইয়েমেনের সাদায় গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত

এদিকে, ডাবলিনে ইউরোপীয় নেতাদের সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে সাজানোর কোনো প্রয়োজন নেই। ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়াই ইউরোপের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্রান্সের সমর্থনে প্রকাশিত এক যৌথ ঘোষণায় ৩৯টি দেশ বলেছে, ‘ইউরোপের নিরাপত্তাকে প্রভাবিত করে— এমন যেকোনো সিদ্ধান্ত ইউরোপীয়দের অংশগ্রহণেই নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান: ইসরায়েল-মার্কিন অভিযানে সহায়তা করলে কঠোর ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ইরান: ইসরায়েল-মার্কিন অভিযানে সহায়তা করলে কঠোর ব্যবস্থা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যদি কোনো দেশ সামরিক, নৌ বা রসদ সহায়তা প্রদান করে, তাহলে তা শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরান জানিয়েছে, এ ধরনের সহায়তা প্রদানকারী দেশগুলোকে অভিযানে অংশগ্রহণকারী হিসেবে দায়ী করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা প্রদান করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের উল্লেখ করে তিনি অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জড়িত না হওয়ার আহ্বান জানান।

বাঘাই আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন কিংবা অর্থনৈতিক চাপ প্রয়োগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করা শত্রুতামূলক এবং বেআইনি কাজ হিসেবে গণ্য হবে। এর মধ্যে নৌবাহিনী মোতায়েন, সামরিক সরঞ্জাম ও রসদ সরবরাহ এবং সেনাসদস্য পাঠানোর মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে বর্ণিত আগ্রাসনের সংজ্ঞার আওতায় পড়ে।

নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা কিংবা জলদস্যুতা প্রতিরোধের মতো কারণ দেখিয়ে এ ধরনের সহায়তাকে বৈধতা দেওয়া যাবে না বলে মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় চুক্তি বা প্রতিশ্রুতি কোনো দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে থাকা দায়িত্ব লঙ্ঘনের অধিকার দেয় না।

পোস্টের শুরুতে একটি কোরীয় প্রবাদ উল্লেখ করেন বাঘাই। তিনি লেখেন, ‘সারসের পেছনে উড়তে গিয়ে চড়ুই একসময় নিজের পা ভেঙে ফেলে।’ এ প্রবাদ উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে অন্যান্য দেশগুলোকে সতর্ক করেন তিনি।

বাঘাই আরও বলেন, যে দেশই যেকোনোভাবে এ ধরনের সামরিক অভিযানে অংশ নেবে, সেই দেশকে এর ফলে সৃষ্ট পরিণতির জন্য দায় নিতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্থানীয় সময় সেলেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তাদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দেন। কোনো মার্কিন কর্মকর্তাকে ইরান হত্যা করলে কী ঘটবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেঁচে থাকবে না।’ এ ধরনের পরিস্থিতিতে সামরিক শক্তি ব্যবহারে তাঁর কোনো দ্বিধা থাকবে না বলেও জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ছে। তথ্যসূত্র: এএনআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’

আজ শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাঁতের চিকিৎসার ব্যয়ও অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।

সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।

এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একইসাথে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন মানসিকতার পরিবর্তন দরকার।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।

এ সময় রাষ্ট্রপতি পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর জন্য দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

আন্তর্জাতিক সেমিনার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনোটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%