০৬:৪৪ পি.এম
হামে আক্রান্ত হয়ে একটি মেয়ের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সময়ের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ মোট ৪ জনের বিরুদ্ধে বাবার দায়ের করা মামলার আবেদনের ওপর আদালত আগামী ১২ জুলাই আদেশ নির্ধারণ করেছেন।
রোববার (০৫ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত উল্লিখিত আদেশ দেন।
এ মামলার আবেদনে অভিযোগ আনা হয়েছে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর।
আরও পড়ুন: গাজীপুরে ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
আবেদনের অন্যান্য আসামির মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
সে দিন সকালে একই আদালতে চার আসামির বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে মামলাটির আবেদন জমা দিয়েছেন সিরাজুল ইসলাম নামের একজন ব্যক্তি। তখন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান জানান, বিকেলে উক্ত আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছে।
বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেছেন, তার ৯ মাসের কন্যা সাউদা মুসকান যক্ষ্মার কারণে জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসার অভাবের কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহের অভাবে শিশুটি আক্রান্ত হয়েছে এবং এ কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলার পরিচয় দিয়েছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতা দেখিয়েছেন। এই অবহেলার ফলে দেশে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিবাদীদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে ৮ জুন একই অভিযোগ এনে মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। তবে আদালত ওই আবেদন খারিজ করে দেয়। গত ৭ মে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছিলেন। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে করা ওই মামলার আবেদনও আদালত খারিজ করে।
আরও পড়ুন: পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন