০১:১৯ পি.এম
প্রশাসনের অভিযান সত্ত্বেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলার জন্য সক্রিয় একটি চক্র কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের ফলে পরিবেশের পাশাপাশি এলাকার কৃষিজমি, সড়ক, সেতু ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুর কোয়ারি ও মহালের মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে রয়েছে। এই এলাকায় অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে।
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে ১৬টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে এক লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা বালু নিলামে বিক্রি করে দুই লাখ ৭০ হাজার ২৫০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত ৩১ অক্টোবর ও ২ নভেম্বর এই অভিযান দুটি পরিচালিত হয়।
আরও পড়ুন: ৩০কেজির স্থলে মিলছে ২৭-২৮ কেজি চাল, গায়েব ২-৩ কেজি
সর্বশেষ দুই অভিযানে মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ২ নভেম্বর মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকা থেকে ১০ হাজার এবং ৩১ অক্টোবর রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকা থেকে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানগুলোর নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। তিনি জানান, "অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তাই কাউকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।"
জব্দকৃত বালু আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।
শ্রীমঙ্গলে ৩০টির বেশি পাহাড়ি ছড়া হাইল হাওরে গিয়ে মিলিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সদর, সিন্দুরখান, আশিদ্রোন, সাতগাঁও, ভূনবীর, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে নিয়মিত বালু তোলা হচ্ছে। এর আগে সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ ও কালাপুরেও অভিযান চালিয়ে বালু তোলায় ব্যবহৃত ভেকু ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর সার ডিলারশিপ তদন্তে জেলা কৃষি কর্মকর্তা
এদিকে, অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। সম্প্রতি বালুবাহী ডায়না গাড়ির চাপায় অটোরিকশা ও টমটমের চালকসহ ছয়জন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং শ্রীমঙ্গল-মির্জাপুর সড়ক প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ করে রাখে।
এ ছাড়া গত ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু তোলা ও পরিবেশের ক্ষতির অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তোলা বন্ধে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে আসার কথা জানান সংশ্লিষ্টরা। তবে এসব উদ্যোগের পরও বালু তোলা বন্ধ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।
জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পাহাড় রক্ষা উন্নয়ন কমিটিসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতারা বলেন, আন্দোলন করেও অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে না পারা তাদের জন্য ব্যর্থতারই শামিল। তারা চান, সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করে এসব কর্মকাণ্ড বন্ধ করুক। অন্যথায় পাহাড়, ছড়া, কৃষিজমি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
আরও পড়ুন: নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জাতীয় পরিষদের সাবেক সদস্য আ স ম ছালেহ সোহেল বলেন, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠনে পরিবর্তন আসতে পারে। এতে তীরভাঙন, কৃষিজমির ক্ষয় এবং সড়ক, সেতু ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। যেভাবে বালু তোলা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরো বলেন, প্রশাসন নিয়মিত অভিযান চালালেও অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক। শুধু সরকারি ইজারার বাইরে নয়, অবৈধভাবে বালুর টিলা ও কৃষিজমি থেকেও বালু তোলা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলা দীর্ঘদিনের সমস্যা। এটি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু শাস্তির পরও অনেকে জামিনে বেরিয়ে এসে আবার একই কাজে জড়িয়ে পড়ছে। ফলে অভিযান চালিয়েও এ প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
ইউএনও বলেন, অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন অমান্য করে বালু তোলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: হোসেনপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন