নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১১:২০ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাঁঠালিয়ায় স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ, একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স
ঝালকাঠির কাঁঠালিয়ায় সার ডিলারশিপ নিয়োগে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ নিয়ে তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে জেলা কৃষি বিভাগ। জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে। উপজেলা কৃষি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নিজের মেয়ে, স্ত্রী ও বোনের নামে বিসিআইসি ও খুচরা সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কৃষি বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসে মোকাদ্দম পদে কর্মরত মো. রুহুল আমিন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার করে তিনি উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে সার ডিলারশিপ নিয়োগ ও বিতরণে স্বজনদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এ ঘটনায় ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয় আবেদনকারী ও কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমিনের মেয়ে মুক্তারি মরিয়ম মুন্নীর নামে পাটিখালঘাটা ইউনিয়নে নতুন বিসিআইসি সার ডিলারশিপের লাইসেন্স দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। পাটিখাল সদর এলাকা থেকে তাঁর বসবাসের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ক্ষেত্রে সার ডিলার নিয়োগ নীতিমালার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।
এ ছাড়া রুহুল আমিনের স্ত্রী শিউলি বেগমের নামে ‘মেসার্স খান স্টোর’ এবং বোন মোসা. খাদিজা বেগমের নামে ‘মেসার্স মোল্লা অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠানের অনুকূলে খুচরা সার ডিলারশিপের লাইসেন্স নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের প্রশ্ন, একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ ও স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মচারীর প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যরা বাণিজ্যিক সুবিধা পেয়েছেন কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।
ডিলারশিপ থেকে বঞ্চিত দীর্ঘদিনের অভিজ্ঞ ও স্থানীয় স্থায়ী বাসিন্দা মো. সিদ্দিক জমাদ্দার এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
অভিযোগকারীর দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য ও স্থানীয় আবেদনকারীরা বঞ্চিত হয়েছেন।
এর আগে অভিযোগের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগকারীদের দাবি। অন্যদিকে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদার বিষয়টি জেলা প্রশাসকের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অভিযুক্ত রুহুল আমিনও দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবকিছু জেনেশুনেই ডিলার নিয়োগ দিয়েছেন।
তবে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন ও সুপারিশের ভিত্তি কী ছিল এবং একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানা হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন জেলা পর্যায়ের তদন্তের ওপর নির্ভর করছে।
দৈনিক ‘খোলা কণ্ঠে’ সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী ও ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয়রা। তাঁদের দাবি, তদন্ত যেন কেবল কাগজপত্র যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং নিয়োগের আবেদন, লাইসেন্স প্রদানের সুপারিশ, অনুমোদন, বসবাসের ঠিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিবারিক সম্পর্কসহ সব বিষয় নিরপেক্ষভাবে যাচাই করা হয়।
সচেতন মহলের মতে, সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। এর ডিলার নিয়োগ ও বিতরণে স্বচ্ছতা না থাকলে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট লাইসেন্সের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
এখন স্থানীয় কৃষক ও অভিযোগকারীদের অপেক্ষা, জেলা কৃষি বিভাগের তদন্তে কী উঠে আসে। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাঠালিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেচরি রামপুর ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি এবং ওজনে কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও কার্ডধারীদের ২৭ থেকে ২৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এছাড়া কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে না জানিয়েই চাল বিতরণ ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের ক্ষোভ ও অভিযোগ:
স্থানীয় উপকারভোগীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করে মাহফুজা বেগম জানান, ডিলার দীর্ঘদিন ধরে কার্ডধারীদের নিয়মিত চাল দিচ্ছেন না। যখন চাল দেওয়া হয়, তখন ওজনে কম দেওয়া হয় এবং নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
আকতারুল আলম ও ফিরোজা বেগমসহ স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, ৩০ কেজির স্থলে অনেককে ২৭ থেকে ২৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুবিধাভোগী বলেন, তারা সাধারণ ও কম শিক্ষিত হওয়ায় এতদিন চালের সঠিক ওজন যাচাই করতে পারেননি। সম্প্রতি স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি চাল মেপে দেখানোর পর প্রকৃত চাল কম পাওয়ার বিষয়টি জানাজানি হয়।
সরেজমিন চিত্র ও ট্যাগ অফিসারের অনুপস্থিতি:
সরেজমিনে দেখা যায়, উপজেলার চেচরি রামপুর ইউনিয়নের অভিযুক্ত ডিলার মো. হারুনের নিজস্ব গোডাউনের সামনে চাল নেওয়ার জন্য সাধারণ মানুষ ভিড় করেছেন। নিয়ম অনুযায়ী চাল বিতরণের সময় সরকারি প্রতিনিধি বা ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও অনেক সময় তা মানা হয় না। এই অনিয়মের বিষয়ে ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কাঠালিয়া উপজেলা পরিসংখ্যান অফিসার জানান, চাল বিতরণের বিষয়টি নিয়ম অনুযায়ী তদারকি করার কথা থাকলেও ডিলার তাকে না জানিয়েই নিজের মতো করে চাল বিতরণ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত ডিলারের বক্তব্য:
এদিকে কালোবাজারে চাল বিক্রি ও ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইসেন্সপ্রাপ্ত ডিলার মো. হারুন দাবি করেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। গুদাম থেকে চাল কম পাওয়ার অদ্ভুত অজুহাত তুলে তিনি বলেন, 'আমার কী করার আছে? সরকারি গুদাম থেকে যা পেয়েছি তাই দিয়েছি।' ট্যাগ অফিসারকে না জানিয়ে চাল বিতরণের বিষয়ে তিনি জানান, অনেক সময় ভুল (মিস্টেক) হয়ে যায় এবং ট্যাগ অফিসারকে জানানো হয় না। এছাড়া উপকারভোগীদের নামের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, তালিকায় অনেকের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না; কিছু লোকের নাম পাওয়া গেলেও আবার কিছু লোকের নাম পাওয়া যাচ্ছে না— মূলত এ নিয়েই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য:
উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) জানান, সরকারি গুদাম থেকে চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। ডিলাররা এখান থেকে প্রতি বস্তায় নির্ধারিত পরিমাণ চাল বুঝে নিয়ে যান এবং সেই অনুযায়ীই তা বিতরণ করার নিয়ম রয়েছে।
অভিযোগের বিষয়ে কাঠালিয়া উপজেলা খাদ্য অফিসের হান্নান সাহেব জানান, অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ডিলারশিপের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাঠালিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। চাল কালোবাজারে বিক্রির বা ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা খাদ্য কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং আপাতত চাল বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে। কেন চাল কম দেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ১ নম্বর চেচরি রামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য জানান, ডিলারের অনিয়মের বিষয়ে এলাকাবাসী এর আগেও বহুবার অভিযোগ করেছেন। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়া সদর ৪ নম্বর ইউনিয়নের ২ নম্বর দক্ষিণ আউরা গ্রামের দাসপাড়া আশ্রয়ণ প্রকল্পটি এখন তীব্র খালের ভাঙন ও চরম দুর্দশার মুখে পড়েছে। খালের ভাঙনে প্রকল্পটি বর্তমানে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ দিনেও কোনো সংস্কার কাজ না হওয়ায় এবং দ্রুত জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলা ও পাইলিংয়ের জন্য সরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় চরম আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা।
আবাসন সংকট ও জরাজীর্ণ অবস্থা:
প্রকল্পের ১০টি পরিবারের বসতঘরের টিনগুলো সম্পূর্ণ ক্ষয়ে গেছে। অনেক ঘরেই দরজা, জানালা ও বেড়া নেই। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। বাধ্য হয়ে পলিথিন ও ত্রিপল টাঙিয়ে রাত কাটাচ্ছেন অসহায় এসব মানুষ। খালের ভাঙন ও জরাজীর্ণতার কারণে সবসময় আতঙ্ক নিয়ে দিন পার করতে হয় তাদের।
মৌলিক সুবিধার চরম অভাব:
আশ্রয়ণ প্রকল্পটিতে মৌলিক মানবিক সুবিধার তীব্র ঘাটতি রয়েছে। এলাকায় কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিশু শিক্ষালয় বা স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা নেই। অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে এখানকার শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
রাজনৈতিক ও প্রশাসনিক অবহেলা:
বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন সরকারের আমলে প্রকল্পটি নির্মিত হওয়ায় পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানল ও অবহেলার শিকার হয়ে ঘরগুলো আর সংস্কার করা হয়নি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরণা দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। দ্রুত সরকারি হস্তক্ষেপ না পেলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সিমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামিদা বেগম জানান, সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে, রাতে ঘুমানো দায় হয়ে পড়ে। নূর জাহান বেগম ও নাসরিন বেগমসহ ভুক্তভোগী পরিবারগুলো তাদের দুর্দশার কথা তুলে ধরে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন দাবি করেছেন। এছাড়া তৃতীয় শ্রেণির ছাত্রী আনিসা আক্তারও তার পরিবার নিয়ে এই অনিশ্চিত ও মানবেতর জীবন থেকে মুক্তি চেয়েছে।
অসহায় এই পরিবারগুলোকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ও সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ