সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৫ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হামলার সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং সামিরের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরও করা হয়েছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে তার নিজ বাড়িতে যান। সামির খবর পেয়ে পুলিশ ডেকে তায়েবকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। স্থানীয়দের দাবি, এ ঘটনার জেরে সন্ধ্যায় তায়েবের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। সেখানে সামিরের মাকে গালিগালাজ করা হয় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পর তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
সামির হোসেন অভিযোগ করেছেন যে, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেন তার বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। তিনি জানিয়েছেন, তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। সামির আরও জানান, এর আগে একবার তার ওপর গুলি চালানো হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জ্বালানি ও বিনিয়োগ খাতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মস্কো সফর করবেন। এ তথ্য পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাতে জানা গেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে শহবাজ শরিফের প্রথম আনুষ্ঠানিক সফর রাশিয়ায়। সফরের সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং মস্কোতে একটি যৌথ ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখবেন।
বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, ব্যাংকিং জটিলতা নিরসনে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক পেমেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।
সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নির্মিত ‘পাকিস্তান স্টিল মিলস’ পুনরায় চালু ও আধুনিকায়নে রাশিয়ার অংশগ্রহণ এবং পাকিস্তানের তেল ও গ্যাস খাতে রুশ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা হবে।
শাহবাজ শরিফ ২০২৭ সালে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর পরবর্তী শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।
রাশিয়া সফর শেষে, পাকিস্তানের প্রধানমন্ত্রী আগামী ৩ ও ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিতব্য অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইসিও)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানে যাবেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এদিকে, চলতি বছরের মার্চে শাহবাজ শরিফের নির্ধারিত মস্কো সফরটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার সংগীত জগতের কিংবদন্তি মলি মেলড্রাম আর আমাদের মাঝে নেই। দীর্ঘ অসুস্থতার পর ৮৩ বছর বয়সে তিনি মারা যান। সোমবার (২৩ নভেম্বর) ভোরে মেলবোর্নের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৪৩ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন মলি মেলড্রাম, যার প্রকৃত নাম ইয়ান আলেকজান্ডার মেলড্রাম। তিনি কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার সংগীতের রুচি ও জনপ্রিয় ধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। স্থানীয় সংগীতশিল্পী ইনএক্সএস ও কাইলি মিনোগের পাশাপাশি আন্তর্জাতিক সংগীতদল আব্বার গানও তিনি পরিচিত করেছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সংগীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘কাউন্টডাউন’ উপস্থাপনার মাধ্যমে মলি ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরে ‘হে হে, ইটস স্যাটারডে’ অনুষ্ঠানে তার একটি বিভাগও ছিল। অগোছালো ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য এবং মাথায় স্টেটসন টুপি পরার কারণে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
সংগীত জগতের অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছেন মলি। তাদের মধ্যে এলটন জন থেকে শুরু করে বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও ছিলেন। ১৯৭৭ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। কথায় জড়তা ও অস্বস্তির সেই মুহূর্তটি পরবর্তীতে বেশ আলোচিত হয়। এলটন জন মলিকে অস্ট্রেলিয়ার পপসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে অভিহিত করেছিলেন।
২০১১ সালে মই থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পান মলি। এরপর থেকে তিনি অর্জিত মস্তিষ্কের আঘাতজনিত জটিলতার সঙ্গে জীবন কাটাচ্ছিলেন।
২০১৪ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এআরআইএ) হল অব ফেমে অন্তর্ভুক্ত হন মলি। তিনি রেকর্ডিং শিল্পী না হয়েও প্রথম এই স্বীকৃতি লাভ করেন।
মলির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, "মলির অসাধারণ সংগীতপ্রেম ও শিল্পীদের প্রতি উৎসাহ নিয়ে বড় হওয়া বহু প্রজন্ম তাকে মনে রাখবে।" তিনি আরও উল্লেখ করেন, মলি ছিলেন অস্ট্রেলীয় প্রতিভাদের প্রকৃত সমর্থক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) উপপরিদর্শক ইরফান খানের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে রিমান্ড শুনানির জন্য পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে ৪টা ৪৭ মিনিটে বিচারক এজলাসে উঠলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিকে তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুনানি করেন।
এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ কয়েকজন মামলার সুষ্ঠু তদন্ত, মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের শারীরিক কসরতের আয়োজন করা হয়। এ সময় শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি বাজালে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যায়াম শুরু করে। এর মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এদের কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ