সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৬ পি.এম
অস্ট্রেলিয়ার সংগীত জগতের কিংবদন্তি মলি মেলড্রাম আর আমাদের মাঝে নেই। দীর্ঘ অসুস্থতার পর ৮৩ বছর বয়সে তিনি মারা যান। সোমবার (২৩ নভেম্বর) ভোরে মেলবোর্নের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৪৩ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন মলি মেলড্রাম, যার প্রকৃত নাম ইয়ান আলেকজান্ডার মেলড্রাম। তিনি কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার সংগীতের রুচি ও জনপ্রিয় ধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। স্থানীয় সংগীতশিল্পী ইনএক্সএস ও কাইলি মিনোগের পাশাপাশি আন্তর্জাতিক সংগীতদল আব্বার গানও তিনি পরিচিত করেছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সংগীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘কাউন্টডাউন’ উপস্থাপনার মাধ্যমে মলি ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরে ‘হে হে, ইটস স্যাটারডে’ অনুষ্ঠানে তার একটি বিভাগও ছিল। অগোছালো ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য এবং মাথায় স্টেটসন টুপি পরার কারণে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
সংগীত জগতের অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছেন মলি। তাদের মধ্যে এলটন জন থেকে শুরু করে বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও ছিলেন। ১৯৭৭ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। কথায় জড়তা ও অস্বস্তির সেই মুহূর্তটি পরবর্তীতে বেশ আলোচিত হয়। এলটন জন মলিকে অস্ট্রেলিয়ার পপসংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে অভিহিত করেছিলেন।
২০১১ সালে মই থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পান মলি। এরপর থেকে তিনি অর্জিত মস্তিষ্কের আঘাতজনিত জটিলতার সঙ্গে জীবন কাটাচ্ছিলেন।
২০১৪ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এআরআইএ) হল অব ফেমে অন্তর্ভুক্ত হন মলি। তিনি রেকর্ডিং শিল্পী না হয়েও প্রথম এই স্বীকৃতি লাভ করেন।
মলির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, "মলির অসাধারণ সংগীতপ্রেম ও শিল্পীদের প্রতি উৎসাহ নিয়ে বড় হওয়া বহু প্রজন্ম তাকে মনে রাখবে।" তিনি আরও উল্লেখ করেন, মলি ছিলেন অস্ট্রেলীয় প্রতিভাদের প্রকৃত সমর্থক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) উপপরিদর্শক ইরফান খানের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে রিমান্ড শুনানির জন্য পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে ৪টা ৪৭ মিনিটে বিচারক এজলাসে উঠলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিকে তদন্তের স্বার্থে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুনানি করেন।
এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন, হারুন অর রশিদসহ কয়েকজন মামলার সুষ্ঠু তদন্ত, মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের শারীরিক কসরতের আয়োজন করা হয়। এ সময় শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি বাজালে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যায়াম শুরু করে। এর মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এদের কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ