সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৯ পি.এম
মাদারীপুরের শিবচরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২০ শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের শারীরিক কসরতের আয়োজন করা হয়। এ সময় শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশি বাজালে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যায়াম শুরু করে। এর মাত্র ৩ থেকে ৪ মিনিটের মধ্যে হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। এদের কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ