০৭:৫২ এম
চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কলেজ শাখার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ এবং মুহাম্মদ দিদারুল ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ একটি যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, ক্যাম্পাস পরিদর্শন এবং কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় একটি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ছাত্রশিবিরের পরিচিত কিছু নেতাকর্মী নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে হামলায় অংশ নিয়েছেন। এই অভিযোগের সুষ্ঠু তদন্ত করা অত্যন্ত জরুরি। যদি অভিযোগটি সত্য হয়, তবে তা আরও উদ্বেগজনক এবং রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক নৈতিকতার পরিপন্থী। শিক্ষাঙ্গনে এ ধরনের কর্মকাণ্ড সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং পারস্পরিক আস্থার পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য বা সাংগঠনিক বিরোধের কারণে কারও ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা ভিন্নমতের কোনো সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার অধিকার কারও নেই। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো, শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতির অবসান, নিরাপদ পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক চর্চার নিশ্চয়তা। কোনো সংগঠনের পরিচয় বা রাজনৈতিক প্রভাব যেন অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার হাতিয়ার হয়ে না ওঠে।
আরও পড়ুন: ১১২ বাংলাদেশি কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন
নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির প্রতি সংহতি প্রকাশ করেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন