০৮:৪৪ এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বিগত ৫০০ বছরে মুসলমানেরা জ্ঞানের জগতে কী অবদান রাখতে সক্ষম হয়েছে? কেন আমরা সেই অবদান রাখতে পারছি না? দুর্বল দিকগুলো কোথায় রয়েছে? আমাদের সেগুলো চিহ্নিত করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকার পরও কেন কোরআনিক মিউজিয়াম নেই? মক্কা-মদিনায় কোরআনিক মিউজিয়াম থাকলে ইবির দ্বিতীয়টি হওয়ার কথা ছিল। আমি ধর্মতত্ত্ব অনুষদকে অনুরোধ জানাচ্ছি— আপনারা এটি শুরু করুন। একদিন তা সারা বাংলাদেশে বিস্তার লাভ করবে। মানুষ আসবে, আমাদের দেখবে এবং আমাদের অনুসরণ করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া’র ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইবি উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তা হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয়। তবে আমরা সেই ধারাকে অব্যাহত রাখবো। বর্তমান প্রশাসন সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যেই আমরা একাডেমিক কাউন্সিলে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাগদাদ ধ্বংসের ফলে ইসলামী জ্ঞানের জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণের এখন সুযোগ এসেছে। আমি আশাবাদী যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা সেই সুযোগ গ্রহণ করবে।
আরও পড়ুন: কুবিতে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন কর্মশালা অনুষ্ঠিত
সভায় সংগঠনটির শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে ও আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জাকির হুসাইন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।
সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা, বর্তমান সংকট মোকাবিলা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করার জন্য ইবতেদায়ী স্তরকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ ও আবাসিক হলে প্রশাসনকে কুরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে একটি স্থাপনার নামকরণের প্রস্তাবও উঠে আসে। পাশাপাশি মাদ্রাসাশিক্ষার উচ্চতর পঠন-পাঠনের পথ সুগম করতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন