বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০২:৫১ পি.এম
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে আগের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা করার জন্য আবেদন করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩ হাজার থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদীপক্ষ হয়ে এই মামলা দায়েরের আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছে এবং এ বিষয়ে পরে আদেশ দেওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছে। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা অন্যান্য আসামিরা হলেন- সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, শিক্ষার্থী সমন্বয়ক আক্তার হোসেন, সংসদ সদস্য মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসউদ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, ইউটিউবার পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, অব. কর্নেল নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, বুলডোজার জোগানদাতা মো. মিলন, ফাহিম আল চৌধুরী এবং আবুল কালাম আজাদ।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, আসামিরা গত বছরের ফেব্রুয়ারির ৫ তারিখ পূর্বপরিকল্পিতভাবে বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য কোনো উসকানি ছাড়াই ধানমন্ডির ৩২ নম্বর ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ১ থেকে ৯ নম্বর আসামিদের উসকানি, দায়িত্বহীনতা ও মূল নির্দেশনায় বুলডোজার ব্যবহার করে ভবনে ভাঙচুর করতে দেখা যায়। এর ফলে রাষ্ট্র ও স্বাধীনতা যুদ্ধের মূল্যবান দলিলপত্র, সংগৃহীত স্মৃতিচিহ্নসহ বিপুল পরিমাণ সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে চিরতরে ধ্বংস করা হয়।
বাদীপক্ষ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫, ৪২৭, ৪৩৫, ৪৩৮, ৪৪৮, ৪২০, ৫০৬ ও ৫০৭ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সফলতা অর্জন করতে হলে শিক্ষার্থীদেরকে ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট আয়োজিত এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য গোলাম রব্বানী বলেন, ‘যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিভাইসের ওপর আসক্তি কমাও, দয়া করে আসক্তি কমাও। অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখবে, শুধু সময় অপচয়।’ তিনি বলেন, ‘এটি আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, কোনো সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে। আমরা যতটুকু ইতিবাচকভাবে এটি ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। ইতিবাচক-নেতিবাচক বাদ দিয়ে আমরা আমাদের সময় অপচয় করছি। অতএব ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।’
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপুসহ প্রমুখ।
আয়োজকরা জানান, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জমকালো আয়োজনের পরিবর্তে মসজিদে পরিবারিকভাবে বিয়ে করেছেন গায়িকা শারমিন আক্তার ও গায়ক সাব্বির কোরাইশী। নতুন জীবনে পা রাখার সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পর নবদম্পতি সবার কাছে দোয়া চেয়েছেন।
এ বিনোদন প্রতিবেদক জানাচ্ছেন, সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন শারমিন ও সাব্বির। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মুহূর্তের একাধিক ছবি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেন এ জুটি।
সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শিল্পী শারমিনের সঙ্গে সাব্বিরের সম্পর্ক গড়ে ওঠে দুজনের সংগীতের প্রতি ভালোবাসা যোগসূত্র থেকে।
বিয়ের পর অনুভূতি জানিয়ে শারমিন বলেন, “আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।”
শারমিন আরও বলেন, “বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক ও দায়িত্ব—সব মিলিয়ে অনুভূতিটা আমার কাছে একেবারেই ভিন্ন। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা ও দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে যুদ্ধ এবং সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারো অস্ট্রেলিয়ার একটি পুরোনো টাংস্টেন খনি আলোচনাতে এসেছে। বড় যুদ্ধের সময় বারবার চালু হওয়া কিং আইল্যান্ডের ডলফিন খনিতে এবারে পুনরায় উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধাস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ এই ধাতুর চাহিদা বৃদ্ধির মধ্যে খনিটির ওপর নতুন করে বিনিয়োগ শুরু হয়েছে।
ডলফিন খনিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টাংস্টেনের মজুত। অত্যন্ত শক্তিশালী এবং তাপসহনশীল টাংস্টেন মূলত শক্তিশালী বর্মভেদী গোলাবারুদ এবং সামরিক যানবাহনের বর্ম তৈরিতে ব্যবহৃত হয়।
প্রথম বিশ্বযুদ্ধের সময়, ১৯১৭ সালে ডলফিন খনির কার্যক্রম শুরু হয়েছিল। যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদ তৈরিতে টাংস্টেন সরবরাহ করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তবে যুদ্ধ শেষে চাহিদা কমে যাওয়ায় ১৯২০ সালে খনিটি বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হলে ১৯৩৮ সালে খনিটির কার্যক্রম আবার শুরু হয়। এরপর কোরীয় যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের সময়ও খনিটি চালু ও বন্ধ হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় অস্ত্র উৎপাদন বেড়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য এটি সচল ছিল। তবে, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর আবার বন্ধ হয়ে যায় খনিটি।
প্রায় তিন দশক ধরে খনিটির খোলা অংশ পানিতে ডুবে ছিল। পরে ২০২২ সালের জানুয়ারিতে এটি পুনরায় চালুর কাজ শুরু হয়। এর কয়েক সপ্তাহ পরই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।
এখন ২০২৬ সালে বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে টাংস্টেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডলফিন খনিতে উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে খনিটির ভূগর্ভস্থ অংশ থেকে প্রথম দফায় টাংস্টেন আকরিক উত্তোলন ও সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।
টাংস্টেনের সরবরাহ নিশ্চিত করতে বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা চলছে, তার সাথে এই উদ্যোগের যোগসূত্র রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টাংস্টেন উৎপাদন করে চীন। ফলে বেইজিংয়ের ওপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ এই ধাতুর বিকল্প উৎস নিশ্চিত করতে বিভিন্ন দেশ তৎপর হয়েছে।
চীন সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এবং তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এগোচ্ছে। তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
গুরুত্বপূর্ণ সামরিক ধাতুর সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রও তৎপর হয়েছে। সম্প্রতি কাজাখস্তানে বিশ্বের অন্যতম বৃহৎ অনাবিষ্কৃত টাংস্টেন মজুত উত্তোলনের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র তৈরিতেও টাংস্টেন একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ইরানের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর এসব ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বরাবরই এমন ঘাটতির কথা অস্বীকার করেছে। একইসাথে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে সামরিক অস্ত্রের পাশাপাশি যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ ধাতু উৎপাদন এবং খনি শিল্পেও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন।
সর্বপ্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ