বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৩:১৩ পি.এম
মার্কিন পারমাণবিক সুরক্ষাবলয় ক্রমশ দুর্বল হয়ে পড়ার ফলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষক ও গবেষকদের বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনটিতে যথাযথভাবে উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন ওয়াশিংটনকে পারমাণবিক প্রতিবন্ধকতা তৈরির ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি দূরবর্তী ও অবিশ্বস্ত বলে মনে করছে। ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তার ওপর আস্থা হারাতে থাকায়, মিত্র দেশগুলোর এই মনোভাব পরিবর্তন তাদের নতুন করে নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। পাশাপাশি, আত্মনির্ভরশীল সামরিক কৌশল বা কৌশলগত স্বায়ত্তশাসন গড়ে তোলার দিকে ঝুঁকে পড়ছে বহু দেশ।
প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, ২০২৬ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপীয় এবং এশীয় মিত্রদের জন্য স্পষ্ট কোনো পারমাণবিক নিরাপত্তা প্রতিশ্রুতি রাখা হয়নি। উপরন্তু, মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার পরিবর্তে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ওপর বারবার জোর দিয়েছেন ট্রাম্প। এর ফলে, ওয়াশিংটনের দীর্ঘদিনের সুরক্ষাবলয়ের ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে, ২০২৫ সালের মার্চে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্য ফ্রান্সের পারমাণবিক সুরক্ষাবলয় ব্যবহারের বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরুর ঘোষণা দেন। ফ্রান্সের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং ডেনমার্কের মতো দেশগুলো এই বিকল্প অনুসন্ধানে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। এছাড়া, ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাইডেন প্রশাসনের সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্ধারণের চেষ্টার পরে ইউরোপের মার্কিন মিত্ররা নিজেদের পৃথক পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা (নিউক্লিয়ার শিল্ড) গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) ২০২৬ সালের সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় নয় হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র এবং বিমানে মোতায়েন অবস্থায় রয়েছে। দুই হাজার দুই শর মতো ওয়ারহেড সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পারমাণবিক অস্ত্রহীন দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার স্বার্থে অস্ত্র তৈরির দিকে পা বাড়াতে পারে। গত মে মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) ধারাবাহিক অবনতি ও বৈশ্বিক পারমাণবিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: তাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফলদ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ ও বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে বিভিন্ন স্থানে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ-ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মাওলানা হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-মাহমুদ সুমনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা কেবলমাত্র ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান এবং মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি এই প্রসঙ্গে বলেন, ‘শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করা যথেষ্ট নয়; নতুন চাকরি সৃষ্টি করা এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণসহ অন্যান্য বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। এর ভিত্তি সব অবস্থায় অর্থনীতি, শিল্পনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করাও জরুরি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই মেলার আয়োজন করা হয় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ‘চোরগউসান ফর চিল্ড্রেন’ এবং ‘এডুকো’-এর সহায়তায়।
রাষ্ট্রীয় নীতির সুফলের উদাহরণ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি এবং জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক-টু-ব্যাক এলসি ও ব্যাংক ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমেই আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়েছে। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল সম্পূর্ণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
আন্তর্জাতিক বাজারে প্রযুক্তি ও নতুন চাহিদার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনসংখ্যার জন্য কেবল প্রথাগত চাকরির ওপর নির্ভর করলে চলবে না। জাতীয় স্বার্থে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ চালানোর পাশাপাশি শিল্প, প্রযুক্তি এবং উৎপাদনের নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
এছাড়া, তিনি তরুণদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, ক্যারিয়ার গড়ার পাশাপাশি ক্যারিয়ারের লক্ষ্য যেন জাতীয় স্বার্থমুখী হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। অন্যথায়, ব্যক্তিগত সাফল্য আসলেও তা রাষ্ট্রের কল্যাণে কিছু কাজে আসবে না।
এ সময় তিনি আয়োজক সংস্থা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে কারিকুলাম তৈরির সময়ে তরুণদের নৈতিকতা, ফিলোসফি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এবং আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী ও ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক দুই ব্যক্তির মধ্যে একজন হলেন ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং অন্যজন তার সহযোগী মো. তারেক রহমান (২১)।
পুলিশ সুপার আরও জানান, গত ১৯ আগস্ট সকালে ধামইরহাটের তালপুকুর মাহমুদপুর এলাকার একটি আমবাগান থেকে অজানা এক নারীর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ ও ডিবি। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার ৩-৪ দিন আগে থেকে নিখোঁজ থাকা মেরিনা বেগমের ছেলে কাওসার আলী থানায় মামলা ও জিডি করেছিলেন।
প্রাথমিক তদন্ত ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানায়, মূল অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে মেরিনার পূর্বপরিচয় ছিল। বাবুল তাকে বিয়ের জন্য চাপ দিলে মেরিনা তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং সতর্ক করেন। এতে বাবুল ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ আগস্ট রাতে মেরিনাকে মোটরসাইকেলে করে এক নির্জন আমবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে সহযোগী তারেক রহমানের কোমর থেকে বেল্ট খুলে মেরিনার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করা হয়। পরে পরিচয় গোপন করতে বাবুল ও তারেক মোটরসাইকেলের পেট্রোল দিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেন এবং নিহতের ব্যবহার্য মালামাল বিভিন্ন স্থানে ফেলে আলামত নষ্টের চেষ্টা করেন।
পুলিশ অভিযান চালিয়ে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট এবং নিহতের জুতা ও পোশাক উদ্ধার করেছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, চারজনের একটি দল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। মামলার বাকি দুই আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কলেরা আক্রান্ত হলে দেরি না করে সময়মতো চিকিৎসা নেয়ার পরামর্শ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দিয়েছেন।
আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেরা একটি প্রতিরোধযোগ্য রোগ। তবে যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তাহলে পানিশূন্যতার কারণে এটি জীবনহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।
তিনি বললেন, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং কার্যকর রোগ নজরদারি সহ ওরাল কলেরা ভ্যাকসিন কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উপকরণ।
সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সীমাবদ্ধতা, মানুষের চলাচল এবং কিছু এলাকার বিশেষ ঝুঁকি বিবেচনায় আমাদের একটি টার্গেটেড ইভিডেন্স বেজড ও প্রিভেনটিভ এপ্রোচ গ্রহণ করতে হচ্ছে। এ কারণে রোগের বোঝা, পূর্ববর্তী টিকাদানের ইতিহাস, জনসংখ্যার ঘনত্ব, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং সংক্রমণ বিস্তারের আশঙ্কাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
তিনি রোগ প্রতিরোধে গুরুত্ব দেয়ার কথাও বলেন। তিনি জানিয়েছেন, আমরা শুধুমাত্র রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ব্যবস্থা গ্রহণের উপর নির্ভরশীল নই। বরং রোগের ঝুঁকি চিহ্নিত করে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী একাধিকবার বলেছেন, আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই যেটিতে মানুষ অসুস্থ হওয়ার পর শুধুমাত্র চিকিৎসার জন্য অপেক্ষা করবেন না। বরং রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করা হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও তিনি আলোচনা করেছেন। ডিজিটাল হেলথ ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে আমরা প্রযুক্তির কার্যকর ব্যবহার করছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ ভিএএক্সইপিআই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে নিজস্ব ই-হেলথ কার্ড পাবেন। এতে টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ, কভারেজ মনিটরিং, প্রোগ্রাম সুপারভিশন এবং পরবর্তী মূল্যায়ন সহজ ও নির্ভুল হবে।
সারাদেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কলেরার ১ম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২য় ডোজ টিকা প্রদান করা হবে। সুরক্ষার জন্য ১৪ দিনের ব্যবধানে দুটি ডোজ গ্রহণ করা আবশ্যক। ১ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক (গর্ভবতী নারী ব্যতীত) বিনামূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা পাবেন। সারাদেশে মোট ৫১ লক্ষ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসির অধীনস্থ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এই ৪টি থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১১ লক্ষ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। এছাড়া ডিএনসিসির শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, ‘পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকাতে সফলভাবে ইপিআই কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতায় আমরা ১৭টি ওয়ার্ডেও এই কলেরা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পিটার জর্জ এল মাইস, ডব্লিউএইচও-এর প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ