প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা কেবলমাত্র ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান এবং মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি এই প্রসঙ্গে বলেন, ‘শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করা যথেষ্ট নয়; নতুন চাকরি সৃষ্টি করা এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণসহ অন্যান্য বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। এর ভিত্তি সব অবস্থায় অর্থনীতি, শিল্পনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্ভর করে। তাই তরুণদের নিজেদের দক্ষ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক মূল চিত্র অনুধাবন করাও জরুরি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই মেলার আয়োজন করা হয় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ‘চোরগউসান ফর চিল্ড্রেন’ এবং ‘এডুকো’-এর সহায়তায়।
রাষ্ট্রীয় নীতির সুফলের উদাহরণ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি এবং জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক-টু-ব্যাক এলসি ও ব্যাংক ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমেই আজকের পোশাক খাতের বড় ভিত্তি তৈরি হয়েছে। একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল সম্পূর্ণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
আন্তর্জাতিক বাজারে প্রযুক্তি ও নতুন চাহিদার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনসংখ্যার জন্য কেবল প্রথাগত চাকরির ওপর নির্ভর করলে চলবে না। জাতীয় স্বার্থে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ চালানোর পাশাপাশি শিল্প, প্রযুক্তি এবং উৎপাদনের নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
এছাড়া, তিনি তরুণদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, ক্যারিয়ার গড়ার পাশাপাশি ক্যারিয়ারের লক্ষ্য যেন জাতীয় স্বার্থমুখী হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। অন্যথায়, ব্যক্তিগত সাফল্য আসলেও তা রাষ্ট্রের কল্যাণে কিছু কাজে আসবে না।
এ সময় তিনি আয়োজক সংস্থা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে কারিকুলাম তৈরির সময়ে তরুণদের নৈতিকতা, ফিলোসফি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ এবং আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী ও ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন