ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস


পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

পঞ্চগড় জেলার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে ভোর ও রাতের সময় শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার ওঠানামা চলছে। ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং আজ ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

এর আগে ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে ২৯ অক্টোবর তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছায়। কয়েক দিন তাপমাত্রার ওঠানামা থাকলেও নভেম্বরের শুরু থেকে আবারও কমতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভোরে ঘুম থেকে ওঠার সময় এবং সন্ধ্যার পর হালকা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাতের শেষ ভাগ ও সকালে ঠান্ডার মাত্রা বেশি থাকে। তবে সূর্য ওঠার পর রোদের তাপে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে ওঠে। ফলে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও দিনের বেলায় এখনো গরমের অনুভূতি রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমেই কমছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও ধীরে ধীরে কমতে পারে। ডিসেম্বর মাসে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের সাধারণ পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা সাধারণত বেশি থাকে। পঞ্চগড় হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলায় শীতের প্রভাব আগে অনুভূত হয়।

আরও পড়ুন: সাঘাটা-ফুলছড়ি নৌরুটে ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের ভোগান্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে বিএনপির বিশাল র‍্যালি, জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


কালিয়াকৈরে বিএনপির বিশাল র‍্যালি, জিয়ার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে চন্দ্রা বাসস্ট্যান্ড চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে পিকআপযোগে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর থেকে শুরু হয়ে গাজীপুর-১ আসনের প্রায় ৫০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চন্দ্রায় এসে শেষ হয়।

সকাল গড়াতেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানসহ নেতাকর্মীরা চন্দ্রা বাসস্ট্যান্ডের দিকে আসতে থাকেন। ধীরে ধীরে চন্দ্রা ফ্লাইওভারের নিচে, বাসস্ট্যান্ড চত্বর ও গোলচত্বর এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও পথচারীরাও এই মিছিল উপভোগ করেন। সমবেত হওয়ার পর বের হওয়া বিশাল র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুরো এলাকা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ৭ নভেম্বর জাতীয় সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সেই চেতনাকে ধারণ করেই বিএনপি রাজনৈতিক ময়দানে এগিয়ে যাচ্ছে। উক্ত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে ঐক্য, সংহতি আর দেশকে ভালোবাসা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছিলেন, আমাদেরকেও সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই সংকটময় মুহূর্তে সব ভেদাভেদ ভুলে বিএনপির সব স্তরের নেতাকর্মীকে এক কাতারে দাঁড়াতে হবে। গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যের দিন। সেদিন যেমন সিপাহী আর জনতা এক হয়েছিল, আজও শ্রমিক, চালক, মালিক আর সাধারণ মানুষকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

র‍্যালির কারণে মহাসড়কের ওই অংশে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। র‍্যালি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্ব-স্ব এলাকায় ফিরে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল চন্দনের চারা উৎপাদনে সফল বন গবেষণা ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


লাল চন্দনের চারা উৎপাদনে সফল বন গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে মূল্যবান লাল চন্দন গাছের দেখা মিলেছে। টানা কয়েক বছরের প্রচেষ্টার পর বীজ থেকে এ দুর্লভ গাছের চারা উৎপাদনে সক্ষম হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এর আগে শ্বেত চন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরিতে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে লাল ও শ্বেত চন্দন দেশের অন্যতম সম্ভাবনাময় রফতানি পণ্য হয়ে উঠতে পারে।

লাল চন্দনের ব্যবসা নিয়ে অনেক গল্প ও সিনেমা নির্মিত হয়েছে। এবার সেই দুর্লভ ও মূল্যবান চন্দন গাছের চাষ শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।

দুই বছর ধরে চলমান লাল চন্দন চাষের গবেষণা অনেকটা সফলতার মুখ দেখছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। তবে এর আগে ২০১৭ সালে শুরু হওয়া শ্বেত চন্দনের চারা উৎপাদন ও গাছ বড় করতে প্রতিষ্ঠানটিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. মো. শাহ আলম সময় সংবাদকে জানান, শ্বেত চন্দন ও রক্তচন্দন দুটোই অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ প্রজাতির গাছ। বাংলাদেশে এ প্রজাতির গাছের সংখ্যা প্রায় নেই বললেই চলে। এ ইনস্টিটিউট প্রথমবারের মতো এ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। অদূর ভবিষ্যতে চন্দন কাঠে স্বাবলম্বী হওয়া এবং বিদেশ থেকে কাঠ আমদানির পরিবর্তে নিজেদের উৎপাদিত কাঠ রফতানি করা সম্ভব হবে।

প্রথমপর্যায়ে বন গবেষণা ইনস্টিটিউট একাধিকবার ভারত থেকে বীজ এনে চন্দন গাছের চারা উৎপাদনের চেষ্টা করেছে। তবে বারবারই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে স্থানীয় একটি চন্দন গাছের বীজ নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়। এবার চারা উৎপাদন সম্ভব হলেও সেগুলো দ্রুত মারা যায়। পরে চন্দন গাছের পাশাপাশি অন্য গাছ বা হোস্ট প্ল্যান্ট লাগানোর উদ্যোগ নেয়া হয়। চন্দন গাছের বেড়ে ওঠার জন্য সহায়ক উদ্ভিদ হিসেবে এসব গাছ লাগানোর পরই চারা বাঁচিয়ে তোলার ক্ষেত্রে সফলতা আসে। এ পর্যন্ত চার হাজারের বেশি শ্বেত চন্দনের চারা উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম বলেন, চারা উৎপাদন ও বাগান তৈরি সম্ভব হওয়ায় ১৫ থেকে ২০ বছর পর গাছ থেকে কাঠ সংগ্রহ করা সহজ হবে। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে প্রতিবছর বৈধভাবে অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলারের চন্দন কাঠ বিক্রি হয়। এর মধ্যে শ্বেত চন্দনের বাজার প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের। মূলত সুগন্ধি তেল তৈরিতে এ কাঠ ব্যবহৃত হয়। এছাড়া মূল্যবান প্রসাধনসামগ্রী তৈরিতে ব্যবহৃত লাল বা রক্তচন্দনের বাজার প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পাবলিসিটি অফিসার এয়াকুব আলী সময় সংবাদকে জানান, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কারণে বাংলাদেশে শ্বেত চন্দনের ব্যাপক চাহিদা রয়েছে। গবেষণার মাধ্যমে উৎপাদিত গাছ দিয়ে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ।

বাংলাদেশে প্রতি কেজি শ্বেত চন্দন ১২ থেকে ১৫ হাজার টাকা এবং লাল চন্দন প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিটি চন্দন গাছ পাঁচ থেকে সাত বছরের মধ্যে বীজ দিতে শুরু করে। তবে কাঠে প্রকৃত সুগন্ধ তৈরি হতে সময় লাগে অন্তত ২০ বছর। প্রতিটি চন্দন গাছের আয়ুষ্কাল প্রায় ১০০ বছর।

বিশ্ববাজারে চন্দন কাঠের বড় বাজার রয়েছে এবং বাংলাদেশও এখন সেই বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। শ্বেত চন্দন গবেষণায় সফলতার পর রক্তচন্দন নিয়ে গবেষণা শুরু হয়েছে। সংশ্লিষ্ট গবেষকদের আশা, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে তৈরি পোশাক খাতের পর চন্দন কাঠ অন্যতম প্রধান রফতানি খাত হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন আবুল কালাম আজাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


কমিটি গঠনের চার মাসের মাথায় অব্যাহতি পেলেন আবুল কালাম আজাদ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের চার মাস পর সদস্য সচিব মো. আবুল কালাম আজাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে নতুন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মো. আবুল কালাম আজাদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে নিজেকে ‘ভারমুক্ত’ উল্লেখ করে লেখেন, "দেবিদ্বার উপজেলা বিএনপির রাজনীতি দেবিদ্বারে নয়, সুন্দর খেলা যিনি খেলছেন তাকে ধন্যবাদ। আমাকে অব্যাহতি দিয়ে অনেকটা ভারমুক্ত করার জন্য ধন্যবাদ না দিয়ে পারলাম না।"

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। কিন্তু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ একক স্বাক্ষরিত অপর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পালটা র‍্যালি আয়োজনের ঘোষণা দেন।

তিনি আরও জানান, ওই বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ কয়েকজন নেতার নাম অতিথি হিসেবে উল্লেখ করা হলেও তাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি বা তারা কেউই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে এমন সমান্তরাল বা পালটা কর্মসূচি ঘোষণা করায় দলের শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুলাই মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশর কোচ হোসাম হাসানকে সরিয়ে দিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ এম


মিশর কোচ হোসাম হাসানকে সরিয়ে দিল

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে হোসাম হাসান কেন্দ্রবিন্দুতে ছিলেন। তবে, বর্তমানে তিনি আলোচনায় এসেছেন চাকরি হারানোর কারণে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বরখাস্ত করেছে।

শনিবার প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, পর্ষদ ভোটের মাধ্যমে হাসান এবং তার টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে চুক্তি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।

বিদায় বেলায় কর্মকর্তারা হাসানের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তারা তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিবৃতির তথ্য অনুযায়ী, পরিবর্তনের সিদ্ধান্তটি পর্ষদের বৈঠক থেকে এসেছে। বৈঠকটি শনিবার সকালে শুরু হয় এবং বিবৃতি দেওয়ার সময়ও চলছিল। সদস্যরা সাম্প্রতিক সময়ের পরিস্থিতি ও ঘটনার পর্যালোচনা করেছেন। তারা ওই ঘটনার ফলাফল নিয়ে আলোচনা করেছেন। জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ক্ষতির বিষয়টিও উল্লেখ করেছেন।

শেষ কিছু দিন ধরে হোসাম হাসান আলোচনায় ছিলেন তার সাবেক ও বর্তমান স্ত্রীর বিবাদের কারণে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মিশরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন্স তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে।

এরপর তার ওপর ফিফার নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। তবে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ওই বিবাদের কোনো সম্পর্ক নেই। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি ও প্রতিপক্ষকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তিনি এই নিষেধাজ্ঞার শিকার হন। এর ফলস্বরূপ, এবার চাকরিটাও হারাতে হলো হোসামকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%