মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪৫ এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের সময়সীমা রাত ১১টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ডাকসু ২০১৯ এর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলের প্রধান গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কালের কন্ঠকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম জানান, সিন্ডিকেটে রাশেদ খানকে ২০১৯ এর ডাকসুর জিএস ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিলের ভর্তি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় তার ছাত্রত্ব বাতিল হয়ে গেছে। যদি ছাত্রত্ব বাতিল হয়ে যায়, তাহলে তিনি জিএস পদে থাকতে পারেন না।
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামত অনুযায়ী, গোলাম রাব্বানীর পরে সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিকে জিএস ঘোষণা করা যেতে পারে। সিন্ডিকেট এই মতামত গ্রহণ করেছে।
নারী শিক্ষার্থীদের হলগুলো এখন রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে বলে সিন্ডিকেটের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "মেয়েদের হল বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।"
অর্থাৎ, এখন থেকে রাত ১১টায় মেয়েদের হল বন্ধ হবে। এছাড়াও, মেয়েদের অন্যান্য দাবির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া, সিন্ডিকেট সভায় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ডিগ্রী না থাকায় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শবনম জাহানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক চুক্তিতে যাওয়ার প্রতি আগ্রহী নয়। বরং, ট্রাম্প প্রশাসন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায়।
তেহরান ইউনিভার্সিটির গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরার কাছে যুক্তরাষ্ট্রের এই কৌশল সম্পর্কে মন্তব্য করেছেন। তার মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে একটি ‘হিসাব-নিকাশ করা’ বা পরিকল্পিত সংঘাতের পথে এগোচ্ছে ওয়াশিংটন।
এসলামি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের ভুল হিসাবের ভিত্তিতে এই যুদ্ধের সূচনা হলেও, সংঘাতের বর্তমান গতিপথ সম্পর্কে তারা (যুক্তরাষ্ট্র) এখন বেশ আত্মবিশ্বাসী।
এই গবেষক সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার কারণে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি কতটা খারাপ হবে, তা সময়ই নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরান ইতিমধ্যে একটি রূপরেখায় পৌঁছালেও, মার্কিনিরা মনে করছে যে, এখনই কোনো কূটনৈতিক চুক্তিতে যাওয়ার প্রয়োজন তাদের নেই।
তবে, ইরান মনে করে যে, এই সংকটের দ্রুত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকেই প্রথমে এগিয়ে আসতে হবে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, সম্মেলনে সব বৈঠকেই ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ)-এর বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরিত এই চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে। আরাগচি জোর দিয়ে বলেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে হলে ওয়াশিংটনকে অবশ্যই এই সমঝোতার শর্ত মেনে নিজ প্রতিশ্রুতিতে ফিরতে হবে। কারণ, বিশ্বের সব দেশই এখন গভীরভাবে এই যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।
সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টের সঙ্গে নোট প্যাডে হাতে লেখা বার্তার একটি ছবিও জুড়ে দেন তিনি।
মেসি বলেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের পরের দিন লিখেছিলাম। আজ আমার বাবাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, এটাই আমার সঠিক সিদ্ধান্ত।’
ফেসবুক পোস্টে মেসি লেখেন, ‘ফাইনালের পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…’
তিনি আরও লিখেন, এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এবং এখনও হৃদয়ে ব্যথা দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি শপথ করে বলছি, আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। শুধু সাম্প্রতিক কয়েক বছর নয়, তারও আগে যখন আমরা সবকিছু জিতেছি, তখনও। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন—সেই জন্য আমি সবসময় লড়াই করেছি এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।
আর বেশি সময় বাকি নেই, একে একে অধ্যায়গুলো শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টি শেষ করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আমি জাতীয় দলে থাকা ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবেসে যাব। আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। পাশাপাশি, পেছনে আরও অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।
গত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের সমর্থনের আওয়াজ অনেক মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সবসময় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব—ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি।
সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্যও ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি ও মুহূর্ত আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যেগুলো কখনো ভুলব না।
আমি এই শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমরা কল্পনা করেছিলাম। আপনাদের সঙ্গে এসব মুহূর্ত বেঁচে থাকাটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের ভালোবাসি!
আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
ভামোস আর্জেন্টিনা!’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় ছুঁয়ে গেছে তার জাতীয় দল সতীর্থদের। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পলরা। তারা তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়কের শ্রেষ্ঠত্বের কথা।
সামাজিক মাধ্যম ফেসবুকে সোমবার (৩১ আগস্ট) আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
ক্লাব পর্যায়ের মতো আন্তর্জাতিক ফুটবলেও সম্ভাব্য সবকিছুই মেসি জিতেছেন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন তো বটেই, অনেকের চোখে তিনিই সেরা।
মিডফিল্ডার পারেদেস সেই কথাই বলেছেন।
“সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা এবং সবসময় তা-ই থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি, অধিনায়ক।”
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির। তার নেতৃত্বে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জয় করে দেশটি। পরে তার কাঁধে ভর করেই ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরার ট্রফি জয় করে আর্জেন্টিনা। ২০২৪ সালে তারা ধরে রাখা কোপা আমেরিকার শিরোপা।
গত জুন-জলাইয়ের আসরে দলকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তোলেন মেসি, যেখানে তারা স্পেনের বিপক্ষে হারে ১-০ গোলে।
আর্জেন্টিনার আরেক তারকা দে পল ক্লাব পর্যায়েও খেলেন মেসির সঙ্গেই, ইন্টার মায়ার হয়ে। এই মিডফিল্ডার তুলে ধরেছেন, মেসি দেশের মানুষকে কতটা আনন্দ দিয়েছেন।
“আমাদের দেশের প্রতি আপনার নিঃশর্ত ভালোবাসা, কখনও হাল না ছাড়তে আপনার লড়াই, অবিচার সবসময় সহ্য করার শক্তি, অনুশীলনের মাঠে নামা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আপনার নেতৃত্ব ও উদারতা, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং আমাদের জাতীয় দলের প্রত্যেক স্টাফ সদস্যের প্রতি আপনার দেখানো যত্ন... কেবল ধন্যবাদই জানাই। সর্বকালের সেরা। আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কল্পনাও করতে পারবেন না যে, আপনি আমাদের মুখে কত হাসি ফুটিয়েছেন।”
ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের চোখে মেসিই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ।
“আপনি আমার জন্য এবং সমগ্র বিশ্বের জন্য উদাহরণ, ফুটবলে একজন বিজয়ী এবং জীবনেও একজন বিজয়ী। আমার মেয়ে খুব গর্বিত হবে যে, তার বাবা এমন একজন অসাধারণ মানুষের সঙ্গে একই দলে খেলেছে। আপনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ, কারণ ফুটবলের ক্ষেত্রে, সত্যি বলতে, আপনার কোনো তুলনা হয় না।
“আমি আপনাকে অনেক ভালোবাসি।”
জাতীয় দলে লম্বা সময় মেসির সঙ্গে খেলেছেন যিনি, সেই সাবেক মিডফিল্ডার আনহেল ডি মারিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন মহাতারকার প্রতি।
“একজন আর্জেন্টাইন হওয়ার জন্য এবং আর্জেন্টিনাকে বিশ্বের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। যখন তুমি সহজেই অন্য কিছু বেছে নিতে পারতে, তখন আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছো। ধন্যবাদ, অধিনায়ক। সবকিছুর জন্য ধন্যবাদ। ইতিহাসের সেরা।”
ভালো কিংবা খারাপ, প্রতিটি মুহূর্তে মেসির সবচেয়ে কাছে থাকা তার স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সো গর্বিত অনুভব করছেন এই যাত্রাপথের সঙ্গী হতে পেরে।
“এই যাত্রাপথে তোমার পাশে থাকতে পারা এবং তোমার সকল স্বপ্ন পূরণ করতে দেখতে পারাটা অনেক গর্বের। এই (জীবনের) গল্প এবং আরও অনেক কিছু তোমার প্রাপ্য ছিল। আমরা তোমাকে অনেক ভালোবাসি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পূর্ববিরোধের কারণে আবু সুমা (৩৫) নামে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনাটি ঘটে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায়, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
আবু সুমা গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র এবং অভিযুক্ত মামুন (২৬) একই গ্রামের শফি মাস্টারের ছেলে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্ত মামুন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। আবু সুমা তাকে পারিবারিকভাবে কয়েকবার নিষেধ করার পর দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায়, আবু সুমা তার ছেলেকে খেলার মাঠ থেকে ডাকতে গেলে মামুন তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে একাধিক কোপ দেয়। এর ফলে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আবু সুমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঝিনাইদহ সদর থানা-পুলিশ জানিয়েছে যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ