০২:২৭ এম
বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সদর উপজেলার ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
বরগুনা পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুনের কারণে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের মেরামতের জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।
সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতালা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। এতে স্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা জোনাল অফিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনের ভেতরে একটি বিকট শব্দ হয়। এর কিছু পরপরই স্টেশনটির ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়।
আগুনের স্থায়িত্ব মাত্র ১ থেকে ২ মিনিট হলেও, স্টেশনের ভেতরে থাকা অন্যান্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ এবং কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়নি। তবুও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা রাতে অফিসেই ছিলাম। হঠাৎ করে বিকট একটা শব্দে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরণ হয়েছে, যার ফলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা কাজ শুরু করেছি এবং সব যন্ত্রাংশ পরীক্ষা করছি। তবে যে যন্ত্রাংশটি পুড়ে গেছে তা পটুয়াখালী থেকে নিয়ে আসতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: চিরিরবন্দরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
তিনি জানান, রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে না পারলেও আগামী মঙ্গলবার সকালের মধ্যে চালু করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখন বলা সম্ভব নয়। তবে অভ্যন্তরীণ ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না কেন এই ঘটনা ঘটেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন