মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৫৯ এম
রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং এফসি বার্সেলোনা মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার জন্য ডাক পেয়েছেন। ২৫ নভেম্বর সেখানে একটি সমঝোতার শুনানি অনুষ্ঠিত হবে। এই তথ্য সোমবার মামলা সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত হয়েছে। শুনানির পর পেরেজের বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা দায়ের হতে পারে।
পেরেজের মে মাসের একটি মন্তব্যের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন যে, বার্সেলোনা রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এই মন্তব্যের পর, বার্সেলোনা ১২ জুন আইনি পদক্ষেপ গ্রহণ করে।
বার্সেলোনা তাদের দাবি করেছে যে, তারা চায় পেরেজ তার মন্তব্য প্রত্যাহার করে নিক। ক্লাবটির ভাষায়, এই মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর এবং ক্লাবের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বার্সেলোনা সতর্ক করেছে যে, যদি সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হয়, তারা ফৌজদারি অভিযোগ দায়ের করবে।
এই বিরোধের মূল কেন্দ্রবিন্দু হলো পেরেজের ১২ মে এক সংবাদ সম্মেলনে করা মন্তব্য। সেখানে তিনি তথাকথিত নেগ্রেইরা মামলার প্রসঙ্গ তুলে ধরেছিলেন।
স্পেনের আদালত একটি বিষয়ের তদন্ত করছে। বার্সেলোনা প্রায় দুই দশক ধরে হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে যুক্ত কিছু কোম্পানিকে অর্থ প্রদান করেছে। এই অর্থের পরিমাণ ৭০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেগ্রেইরা স্পেনের রেফারি কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। তদন্তে দেখা হচ্ছে, এই অর্থ প্রতিযোগিতায় সুবিধা পাওয়ার জন্য দেওয়া হয়েছিল কি না।
বার্সেলোনা কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, এই টাকা রেফারিদের নিয়ে প্রতিবেদন তৈরির জন্য প্রদান করা হয়েছিল। ২০২৪ সালে একটি আদালত বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করে দিয়েছিল।
পেরেজ এই ঘটনাকে ‘ফুটবলে দুর্নীতির সবচেয়ে গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে বার্সেলোনা রেফারিদের প্রধানকে টাকা দেবে।’
পেরেজ দাবি করেছেন যে, রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি সাতটি লিগ জিতেছি। আমি এর দ্বিগুণ জিততে পারতাম। বাকিগুলো আমার কাছ থেকে চুরি হয়ে গেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সদরপুরে একটি চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু ঘটেছে।
এটি সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটে, যখন জামিলা উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে ছিল।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের কন্যা।
স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, জামিলা ভ্যানযোগে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে মোল্লা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির পাশে অবস্থিত শাখা সড়কে অসাবধানতাবশত তার পরনের ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়।
ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত জামিলাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন যে, পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে সক্ষম হবে। তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
রুবিও জানান, বর্তমানে হরমুজ প্রণালি খোলা রয়েছে। তিনি দাবি করেন, ইরানের তেল বাদ দিলে এই পথ দিয়ে যুদ্ধ শুরুর আগের সময়ের প্রায় সমপরিমাণ তেল পরিবহণ হচ্ছে।
তবে, রুবিও সতর্ক করে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তার মতে, ইরান তখন হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সেটিও নির্ধারণ করতে পারে। তিনি এটিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে রয়েছে, যারা ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
রুবিও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান তার জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি ও নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।
তিনি আরও অভিযোগ করেন, ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায় পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্যারিস ফ্যাশন উইকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল'রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটেন দেবদাস খ্যাত এই অভিনেত্রী।
র্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথার ঝলমলে রত্নখচিত মুকুট, সতেজ মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার এই আভিজাত্যপূর্ণ সাজকে পূর্ণতা দিয়েছিল। অনুষ্ঠটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
ফ্যাশন শো শুরু হওয়ার আগে রিহার্সালের সময় আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ ছাড়া শোয়ের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সমালোচনা ও বিতর্ককে স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কোপা আমেরিকা ও আগামী ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন প্রজন্মের তরুণ ফুটবলারদের ভিত্তি গড়ার যে পথচলা শুরু করেছেন, সেই লক্ষ্য থেকে একচুলও নড়বেন না।
সেলেসাওরা গত শুক্রবার টাউন্সেভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ধাক্কা খায়। এরপর চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ব্রিসবেনের ল্যাং পার্কে দ্বিতীয়বারের মতো সকারুজদের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচ শেষে আগামী অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নতুন চক্রের শুরুতেই এমন পারফরম্যান্সে ফুটবল বিশ্লেষকরা বেজায় চটেছেন।
বিশ্বকাপজয়ী সাবেক তারকা দেনিলসন এই খেলাকে ‘অত্যন্ত বাজে বার্তা’ বলে মন্তব্য করেন এবং ধারাভাষ্যকার গালভাও বুয়েনো এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। ক্রীড়া সাংবাদিক হোসে ত্রায়ানো মে মাসে চার বছরের জন্য নতুন চুক্তি সই করা আনচেলত্তিকে বরখাস্তের দাবিও তুলেছেন। ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের পর দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুত বিদায়ের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ জমে থাকায় সমালোচনা আরও তীব্র হয়েছে।
কোয়েন্সল্যান্ডে ব্রাজিল দলকে স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে আনচেলত্তি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘কাজ নিয়ে সমালোচনা আসাটা ইতিবাচক। সমালোচনা সবসময়ই ছিল এবং থাকবে। তবে এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমি যে পরিকল্পনা করেছি, তার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি যা ভাবছি, সমালোচনার প্রভাব সেখানে শূন্য।’
আর্থার দিয়াস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো এবং জাইর কুনহার প্রশংসা করে আনচেলত্তি জানান, এসব প্রীতি ম্যাচের আসল লক্ষ্য হলো আন্তর্জাতিক ফুটবলে তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়া। এই সফরের ২৬ সদস্যের দলে ১৭ জন খেলোয়াড়েরই ম্যাচ খেলার অভিজ্ঞতা ১০টি বা তার কম, যার মধ্যে ১০ জন ছিলেন একদমই অনভিষিক্ত। প্রথম ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের জাইর, পিএসভির মাউরো জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির ভিটোর রেইসের অভিষেক হয়েছে।
আনচেলত্তি যোগ করেন, ‘প্রথম ম্যাচের ফলাফল আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আমরা অন্য কিছু খুঁজছি—নতুন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ এবং পর্যাপ্ত জায়গা দেওয়া। এই দিকটি থেকে ম্যাচটি আমাদের জন্য ভালোই ছিল।’
দলের পারফরম্যান্স সম্পর্কে তিনি স্বীকার করেন, ‘অবশ্যই আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার বিষয়টিকেও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে, তাদের রক্ষণ ছিল খুবই জমাট।’
পরবর্তী লক্ষ্য নিয়ে আনচেলত্তি জানান, ‘আমাদের মূল অগ্রাধিকার হলো তরুণদের চেনা। আন্তর্জাতিক প্রতিযোগিতার দল নির্বাচনের আগে আমি যেন কোনো ভুল না করি, সে জন্য তরুণ খেলোয়াড়দের প্রতিটি ম্যাচেই বাজিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ