মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০০ এম
প্যারিস ফ্যাশন উইকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল'রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটেন দেবদাস খ্যাত এই অভিনেত্রী।
র্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথার ঝলমলে রত্নখচিত মুকুট, সতেজ মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার এই আভিজাত্যপূর্ণ সাজকে পূর্ণতা দিয়েছিল। অনুষ্ঠটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
ফ্যাশন শো শুরু হওয়ার আগে রিহার্সালের সময় আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ ছাড়া শোয়ের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সমালোচনা ও বিতর্ককে স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কোপা আমেরিকা ও আগামী ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন প্রজন্মের তরুণ ফুটবলারদের ভিত্তি গড়ার যে পথচলা শুরু করেছেন, সেই লক্ষ্য থেকে একচুলও নড়বেন না।
সেলেসাওরা গত শুক্রবার টাউন্সেভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ধাক্কা খায়। এরপর চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ব্রিসবেনের ল্যাং পার্কে দ্বিতীয়বারের মতো সকারুজদের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচ শেষে আগামী অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নতুন চক্রের শুরুতেই এমন পারফরম্যান্সে ফুটবল বিশ্লেষকরা বেজায় চটেছেন।
বিশ্বকাপজয়ী সাবেক তারকা দেনিলসন এই খেলাকে ‘অত্যন্ত বাজে বার্তা’ বলে মন্তব্য করেন এবং ধারাভাষ্যকার গালভাও বুয়েনো এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। ক্রীড়া সাংবাদিক হোসে ত্রায়ানো মে মাসে চার বছরের জন্য নতুন চুক্তি সই করা আনচেলত্তিকে বরখাস্তের দাবিও তুলেছেন। ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের পর দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুত বিদায়ের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ জমে থাকায় সমালোচনা আরও তীব্র হয়েছে।
কোয়েন্সল্যান্ডে ব্রাজিল দলকে স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে আনচেলত্তি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘কাজ নিয়ে সমালোচনা আসাটা ইতিবাচক। সমালোচনা সবসময়ই ছিল এবং থাকবে। তবে এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমি যে পরিকল্পনা করেছি, তার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি যা ভাবছি, সমালোচনার প্রভাব সেখানে শূন্য।’
আর্থার দিয়াস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো এবং জাইর কুনহার প্রশংসা করে আনচেলত্তি জানান, এসব প্রীতি ম্যাচের আসল লক্ষ্য হলো আন্তর্জাতিক ফুটবলে তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়া। এই সফরের ২৬ সদস্যের দলে ১৭ জন খেলোয়াড়েরই ম্যাচ খেলার অভিজ্ঞতা ১০টি বা তার কম, যার মধ্যে ১০ জন ছিলেন একদমই অনভিষিক্ত। প্রথম ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের জাইর, পিএসভির মাউরো জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির ভিটোর রেইসের অভিষেক হয়েছে।
আনচেলত্তি যোগ করেন, ‘প্রথম ম্যাচের ফলাফল আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আমরা অন্য কিছু খুঁজছি—নতুন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ এবং পর্যাপ্ত জায়গা দেওয়া। এই দিকটি থেকে ম্যাচটি আমাদের জন্য ভালোই ছিল।’
দলের পারফরম্যান্স সম্পর্কে তিনি স্বীকার করেন, ‘অবশ্যই আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার বিষয়টিকেও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে, তাদের রক্ষণ ছিল খুবই জমাট।’
পরবর্তী লক্ষ্য নিয়ে আনচেলত্তি জানান, ‘আমাদের মূল অগ্রাধিকার হলো তরুণদের চেনা। আন্তর্জাতিক প্রতিযোগিতার দল নির্বাচনের আগে আমি যেন কোনো ভুল না করি, সে জন্য তরুণ খেলোয়াড়দের প্রতিটি ম্যাচেই বাজিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইউজিসির নির্দেশনা অমান্য করে ১৫ জন এবং অর্নুগ্রাম বহির্ভূত ২৮৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মবহির্ভূত পদোন্নতি ও আপগ্রেডেশন দেওয়ার অভিযোগের মধ্যে নতুন করে এক কর্মকর্তার পদোন্নতি বোর্ড নিয়ে প্রশ্ন উঠেছে। পদোন্নতির জন্য পূর্বের পদে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন থাকলেও নতুন পদে যোগদানের তিন মাসের মাথায় ফের পদোন্নতির জন্য বোর্ড পেয়েছেন কর্মকর্তা ড. রোকনুজ্জামান।
প্রতিবেদকের হাতে আসা বিশ্ববিদ্যালয়ের নথি সূত্রে জানা যায়, রোকনুজ্জামান ২০০৯ সালের ২২ ডিসেম্বর সেকশন অফিসার গ্রেড-১ পদে নিয়োগ পান। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি তিনি জুনিয়র রিসার্চ অফিসার পদে অস্থায়ী নিয়োগ পান। পরে ৩৫তম সিন্ডিকেটের সিদ্ধান্তে তাঁর অস্থায়ী পদের মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। ২০১৪ সালের ২৩ মে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্থায়ী রিসার্চ অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর পদোন্নতি পেয়ে ২০২৬ সালের জুনে সিনিয়র রিসার্চ অফিসার পদে যোগ দেন রোকনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদোন্নতি নীতিমালা অনুযায়ী, সিনিয়র রিসার্চ অফিসার থেকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তবে যোগদানের প্রায় তিন মাসের মাথায় গত ৪ আগস্ট তাঁকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য ফের বোর্ড দেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।এছাড়া তাকে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট সভায় নিয়ম বহির্ভূতভাবে তাকে ফের পদোন্নতি দেওয়া হতে পারে বলেও জানান তারা।
এ নিয়ে ড. রোকনুজ্জামানের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ করে আবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে ফোন করা হলে তিনি আর সাড়া দেননি।
পদোন্নতি বোর্ডের সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, “কমিটির সদস্য হিসেবে এ পর্যায়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “এই কমিটিতে আমি নেই। তাই আমি কিছু বলতে পারছি না।তবে তিনি ১৫-১৬ বছর ধরে পদোন্নতি বঞ্চিত বলে আমাকে জানানো হয়েছিল ।”
তবে একাধিক শিক্ষক দাবি করেছেন, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এই পদোন্নতি বোর্ডের সদস্য ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় রোকনুজ্জামান ২০২৪ সালে একসঙ্গে দুটি পদোন্নতির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তাঁকে একটি সিনিয়র রিসার্চ অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।
উপাচার্যের দাবি, “তিনি দেরিতে যোগদান করেছেন। তবে তাঁর পদোন্নতির এক বছর পার হয়েছে এবং দীর্ঘদিন বঞ্চিত থাকায় তাকে ফের পদোন্নতি বোর্ড দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় প্রদান করেছে। এই সুবিধা বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভি র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকার ভিত্তিতে, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি এবং জিন থেরাপির ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এই ওষুধগুলো তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলোও এই সুবিধার আওতায় আসবে।
বাংলাদেশ ছাড়াও শূন্য শুল্ক হারের তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলো হলো- ভারত, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন এবং ভিয়েতনাম।
বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারা অনুযায়ী, ওষুধ এবং ওষুধের কাঁচামালের আমদানি সমন্বয়ের জন্য ট্রাম্পের এপ্রিল মাসের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবে এই শুল্কছাড় দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে নির্দিষ্ট পেটেন্টকৃত ঔষধ এবং কাঁচামালের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হয়েছে। এই শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।
তবে কিছু নির্দিষ্ট পেটেন্ট করা ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে।
মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে এই শুল্কছাড় প্রদান করা হয়েছে।
বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনেরিক ঔষধ এবং এর সংশ্লিষ্ট উপাদানগুলো ধারা ২৩২-এর আওতাভুক্ত নয়।
বিজ্ঞপ্তিতে মূল ঘোষণাপত্রটিতে কিছু প্রযুক্তিগত সংশোধনও করা হয়েছে, যার মধ্যে ‘জেনেরিক ঔষধ সামগ্রী’র সংজ্ঞা সংশোধন করে বিশেষভাবে পেটেন্টবিহীন পশু স্বাস্থ্য পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে আরও স্পষ্ট করা হয়েছে, ‘ঔষধ সামগ্রী’-এর সংজ্ঞার মধ্যে শুধুমাত্র প্রস্তুতকৃত ঔষধ, সেগুলোর সক্রিয় ঔষধীয় উপাদান এবং এই জাতীয় উপাদানগুলোর মূল কাঁচামাল অন্তর্ভুক্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি আবারও জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে, এ বিষয়ে রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ উল্লেখ করেন যে, গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব বৃদ্ধির পক্ষে তারা এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উপস্থিতি নিশ্চিত করতে ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করেন। তবে নিরাপত্তা পরিষদে জার্মানি বা জাপানের মতো পশ্চিমা দেশগুলোর জন্য অতিরিক্ত আসন না দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। তিনি দাবি করেন যে, এই দেশগুলো বর্তমানে সামরিকবাদ ও প্রতিশোধপরায়ণতার পথে হাঁটছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, নিরাপত্তা পরিষদের যেকোনো সংস্কারে বিদ্যমান স্থায়ী সদস্যদের মূল ক্ষমতা বা ভেটো অধিকার অক্ষুণ্ন রাখতে হবে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে কেবল রাশিয়াই নয়, মরিশাসও সমর্থন জানিয়েছে। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল তার ভাষণে বৈশ্বিক পরিমণ্ডলে ভারতের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে এই দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
বর্তমানে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) ছাড়াও ১০টি অস্থায়ী সদস্য রয়েছে। নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের জন্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোট এবং পাঁচটি স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। রাশিয়ার সমর্থন থাকলেও এবং অন্যান্য স্থায়ী সদস্যদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের তীব্র বিরোধিতার কারণে এই সংস্কার প্রস্তাব নিয়ে বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ