প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সমালোচনা ও বিতর্ককে স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি স্পষ্ট করেছেন যে, কোপা আমেরিকা ও আগামী ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন প্রজন্মের তরুণ ফুটবলারদের ভিত্তি গড়ার যে পথচলা শুরু করেছেন, সেই লক্ষ্য থেকে একচুলও নড়বেন না।
সেলেসাওরা গত শুক্রবার টাউন্সেভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ধাক্কা খায়। এরপর চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ব্রিসবেনের ল্যাং পার্কে দ্বিতীয়বারের মতো সকারুজদের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচ শেষে আগামী অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে তাদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নতুন চক্রের শুরুতেই এমন পারফরম্যান্সে ফুটবল বিশ্লেষকরা বেজায় চটেছেন।
বিশ্বকাপজয়ী সাবেক তারকা দেনিলসন এই খেলাকে ‘অত্যন্ত বাজে বার্তা’ বলে মন্তব্য করেন এবং ধারাভাষ্যকার গালভাও বুয়েনো এটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। ক্রীড়া সাংবাদিক হোসে ত্রায়ানো মে মাসে চার বছরের জন্য নতুন চুক্তি সই করা আনচেলত্তিকে বরখাস্তের দাবিও তুলেছেন। ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের পর দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুত বিদায়ের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ জমে থাকায় সমালোচনা আরও তীব্র হয়েছে।
কোয়েন্সল্যান্ডে ব্রাজিল দলকে স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে আনচেলত্তি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘কাজ নিয়ে সমালোচনা আসাটা ইতিবাচক। সমালোচনা সবসময়ই ছিল এবং থাকবে। তবে এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমি যে পরিকল্পনা করেছি, তার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি যা ভাবছি, সমালোচনার প্রভাব সেখানে শূন্য।’
আর্থার দিয়াস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো এবং জাইর কুনহার প্রশংসা করে আনচেলত্তি জানান, এসব প্রীতি ম্যাচের আসল লক্ষ্য হলো আন্তর্জাতিক ফুটবলে তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়া। এই সফরের ২৬ সদস্যের দলে ১৭ জন খেলোয়াড়েরই ম্যাচ খেলার অভিজ্ঞতা ১০টি বা তার কম, যার মধ্যে ১০ জন ছিলেন একদমই অনভিষিক্ত। প্রথম ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের জাইর, পিএসভির মাউরো জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির ভিটোর রেইসের অভিষেক হয়েছে।
আনচেলত্তি যোগ করেন, ‘প্রথম ম্যাচের ফলাফল আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আমরা অন্য কিছু খুঁজছি—নতুন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ এবং পর্যাপ্ত জায়গা দেওয়া। এই দিকটি থেকে ম্যাচটি আমাদের জন্য ভালোই ছিল।’
দলের পারফরম্যান্স সম্পর্কে তিনি স্বীকার করেন, ‘অবশ্যই আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার বিষয়টিকেও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে, তাদের রক্ষণ ছিল খুবই জমাট।’
পরবর্তী লক্ষ্য নিয়ে আনচেলত্তি জানান, ‘আমাদের মূল অগ্রাধিকার হলো তরুণদের চেনা। আন্তর্জাতিক প্রতিযোগিতার দল নির্বাচনের আগে আমি যেন কোনো ভুল না করি, সে জন্য তরুণ খেলোয়াড়দের প্রতিটি ম্যাচেই বাজিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন