০৬:৪৯ পি.এম
ভারত ও জাপান চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবের মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে। আনুষ্ঠানিক সামরিক জোটে না গেলেও, যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং সামরিক অবকাঠামো ব্যবহারের মাধ্যমে দুই দেশ একটি কৌশলগত বলয় গড়ে তুলছে।
সম্প্রতি, জাপানের সামরিক বাহিনীকে ভারতের প্রশিক্ষণক্ষেত্রে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা এই সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক তৎপরতার ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত ভারত-জাপানের চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীরা এ বিষয়ে একটি সম্মতিপত্রে সই করেন। এই সম্মতিপত্রের ফলে প্রথমবারের মতো জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের সামরিক প্রশিক্ষণক্ষেত্রে সরাসরি গোলাবর্ষণ অনুশীলনের সুযোগ পাবে। এতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের অনুশীলন অন্তর্ভুক্ত হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তান সরকার মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করেছে কি?
তবে, এটি এখনই জাপানকে ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে অবাধ প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নয়। এর বাস্তবায়ন পদ্ধতি ও প্রয়োজনীয় শর্ত এখনো চূড়ান্ত হয়নি।
নিরাপত্তাঝুঁকি ও উদ্বেগ
ভারত ও জাপানের নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে।
তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক অবকাঠামো, বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কও দুই দেশের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর বাবা-মা কিশোরী হেলিয়া ফাত্তাহিকে হত্যা
অন্যদিকে, জাপানের উদ্বেগের প্রধান জায়গা পূর্ব চীন সাগর ও তাইওয়ান। সেনকাকু দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে চীন। যদিও দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে, বেইজিং এগুলোকে দিয়াওয়ু নামে অভিহিত করে। তাইওয়ানের আশপাশে চীনের সামরিক তৎপরতাও টোকিওর নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সামুদ্রিক নিরাপত্তায় জোর
ভারত মহাসাগর ও মালাক্কা প্রণালির সামুদ্রিক নিরাপত্তা দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গত ২০ আগস্ট ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন।
এ সমঝোতার আওতায় সমুদ্রপথে নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং নৌযানের মেরামত ও রসদ সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের
বাড়ছে মহড়া
দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়াও বাড়ছে। ২০১৮ সাল থেকে ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ‘ধর্ম গার্ডিয়ান’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
নৌবাহিনীর মধ্যে ‘জাইমেক্স’ এবং বিমানবাহিনীর মধ্যে ‘ভীর গার্ডিয়ান’ মহড়াও সহযোগিতাকে এগিয়ে নিচ্ছে। দুই দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘মালাবার’ নৌ মহড়াতেও অংশ নিচ্ছে।
প্রতিরক্ষা প্রযুক্তিতেও অংশীদারত্ব
আরও পড়ুন: চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি
সামরিক মহড়ার পাশাপাশি, প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ বাড়াচ্ছে দুই দেশ। এর একটি উদাহরণ ‘ইউনিকর্ন’ নামের বিশেষ যোগাযোগ অ্যানটেনা ব্যবস্থা।
জাপানের তৈরি এই প্রযুক্তি যুদ্ধজাহাজের একাধিক অ্যানটেনাকে একটি কাঠামোয় সংযুক্ত করে। এতে তড়িৎচৌম্বকীয় প্রতিবন্ধকতা ও জাহাজের রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে এ প্রযুক্তি যৌথভাবে তৈরির বিষয়ে দুই দেশ সমঝোতা করে। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র ও উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং জাপানের সংশ্লিষ্ট সংস্থার যৌথ গবেষণার পরিকল্পনাও রয়েছে।
জোট নয়, অংশীদারিত্বে জোর
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক প্রভাব বিস্তারের প্রচেষ্টায় বড় ধাক্কা
তবে, ভারত ও জাপানের এই সম্পর্ক এখনো আনুষ্ঠানিক সামরিক জোটে রূপ নেয়নি। কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ সামরিকভাবে সহায়তা করতে বাধ্য—এমন চুক্তি তাদের মধ্যে নেই।
ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়, অন্যদিকে জাপানের সামরিক ভূমিকা দেশের সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হয়। ফলে, চীনকে সরাসরি সামরিকভাবে মোকাবিলার চেয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে সম্ভাব্য আগ্রাসনের খরচ বাড়ানোই দুই দেশের প্রধান লক্ষ্য।
এভাবেই আনুষ্ঠানিক জোট ছাড়াই ভারত ও জাপান ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলছে।
আরও পড়ুন: বেলুচিস্তানে চাপ সৃষ্টির কৌশল হিসেবে বাড়ছে অপহরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন