০৭:০৩ পি.এম
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়েছে কি না, এই বিষয়ে লাহোরের পুলিশপ্রধানের (সিসিপিও) কাছে জবাব চেয়েছে হাইকোর্ট।
এছাড়া, তাকে উদ্ধারের জন্য দায়ের করা আবেদনের শুনানিতে আদালত মন্তব্য করেছে যে, যদি মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করা হয়ে থাকে, তাহলে এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। বেআইনিভাবে এমন পদক্ষেপ গ্রহণকারীদের এর পরিণতি ভোগ করতে হবে।
বুধবার বিচারপতি আলী জিয়া বাজওয়া স্থানীয় আইনজীবী আবরার হুসাইনের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালত মাওলানা ফজলুর রহমানকে গৃহবন্দি করার যথাযথ কারণ জানাতে বলেছেন। এই বিষয়ে লাহোরের সিসিপিওকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর বাবা-মা কিশোরী হেলিয়া ফাত্তাহিকে হত্যা
আবেদনে উল্লেখ করা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের জীবন ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। আদালতের কাছে তাকে উদ্ধারের নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়েছে। এতে পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডিসিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিবাদী করা হয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন।
এর আগে, পুলিশ লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যাওয়ার পথ কনটেইনার দিয়ে বন্ধ করে দেয়, ফলে তিনি বাসার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। মঙ্গলবার লাহোর হাইকোর্ট বার সমিতির আয়োজনে সর্বদলীয় সম্মেলনে (এপিসি) তার বক্তব্য দেওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, মাওলানা ফজলুর রহমান চৌং এলাকায় একটি বেসরকারি আবাসন প্রকল্পে সিন্ধু প্রদেশের এক বন্ধুর বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই আবাসন প্রকল্পে যাওয়ার পথে কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করে দেয়। তবে পরে তার বাসভবনে যাওয়ার পথ থেকে কনটেইনার সরিয়ে নেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান দাবি করেন, তিনি রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহরে রাষ্ট্রীয় বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে
ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আজ লাহোর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্বদলীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি আমাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি এখন রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছি। পুরো লাহোর শহর রাষ্ট্রীয় বাধায় পরিপূর্ণ। সব রাস্তা বন্ধ, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। একজন সভ্য নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে।’
এমন পরিস্থিতিতে, তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেন স্থানীয় আইনজীবী আবরার হুসাইন।
আবেদনে বলা হয়, লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজিত সর্বদলীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও পুলিশ তার বাসা ঘেরাও করে চলাচলে বিধিনিষেধ আরোপ করে। ফলে তার জীবন ও ব্যক্তিস্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণে মাওলানা ফজলুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ঘিরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের
একাধিক দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য আক্রমণকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে জমিয়ত।
দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
গত ৮ নভেম্বর, মাওলানা ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
পাকিস্তান পোস্টে অবৈধ নিয়োগের অভিযোগে তলবের পরও হাজির না হওয়ায় তাকে ইচ্ছাকৃতভাবে তদন্ত এড়িয়ে চলা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। একই সঙ্গে তার নাম বিদেশযাত্রা নিয়ন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: চীনের সাফল্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত: ম্যাথিউ হেনেসি
এর আগে, জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাব) ১০ নভেম্বর আসাদ মাহমুদকে তদন্ত দলের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তান পোস্টে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এই তদন্ত চলছে। ওই সময় শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন আসাদ মাহমুদ।
২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল।
কিন্তু ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। নির্বাচনে কারচুপি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত।
এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি ও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।
আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক প্রভাব বিস্তারের প্রচেষ্টায় বড় ধাক্কা
জিও ও এক্সপ্রেস নিউজ উর্দু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন