০৬:৪৩ পি.এম
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রভাব বিস্তারের প্রচেষ্টায় একটি বড় বাধা সৃষ্টি হয়েছে। সলোমন দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করে নিজেদের ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করতে নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছে। বিশ্লেষকরা মনে করেন, এতে বেইজিংয়ের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে গেছে। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ম্যাথিউ ওয়ালে এই চুক্তিতে সই করেন। সলোমন দ্বীপপুঞ্জের প্রায় এক হাজার দ্বীপে আট লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।
২০২২ সালে চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের একটি গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর উদ্বেগ সৃষ্টি হয়। পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা ছিল যে, এর সুযোগে চীনা যুদ্ধজাহাজ দেশটির বন্দরে নোঙর করতে পারে এবং ভবিষ্যতে সেখানে সামরিক ঘাঁটিও গড়ে তুলতে পারে। যদি এমন ঘাঁটি স্থাপিত হয়, তাহলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ এবং নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
আরও পড়ুন: ভারত ও জাপান চীনের বিরুদ্ধে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করছে
নতুন চুক্তির আওতায়, সলোমন দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিকীকরণ থেকে মুক্ত রাখা হবে। দেশটির নিরাপত্তা সহযোগিতা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সদস্যদের সঙ্গে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দেশটির পুলিশ বাহিনীকে শক্তিশালী করা, নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সহযোগিতা সম্প্রসারণ করবে।
সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে বলেছেন, "আঞ্চলিক অনিশ্চয়তার সময় শেষ হয়েছে।" তবে ২০২২ সালে চীনের সঙ্গে করা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে কি না, সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। তিনি জানান, চুক্তিতে গোপনীয়তার শর্ত রয়েছে।
অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের গবেষক কনর গ্রাহামের মতে, নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ওয়ালে বেইজিং ও ক্যানবেরাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। নতুন চুক্তির ফলে বেইজিং অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া গত দুই বছরে পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও ফিজির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।
আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন