০৭:০১ পি.এম
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় 'ফিন বাংলা অ্যাপারেলস' এর এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে আড়াই শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। পরে ওই নারী কারখানার কর্মকর্তাদের সঙ্গে থানায় গিয়ে পুলিশকে জানান যে তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
সেদিন দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করতে গেলে কিছু বহিরাগত ব্যক্তি তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। এক পর্যায়ে ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) নামের এক শ্রমিক সামান্য আঘাত পান। পরে উপস্থিত শ্রমিকদের সহায়তায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
আরও পড়ুন: ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনার পর কারখানার আশপাশে দিলরুবা নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই খবর শুনে সন্ধ্যায় ফিন বাংলা অ্যাপারেলসের সামনে ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে দিলরুবা নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানায় যান। তিনি পুলিশের কাছে তার সুস্থ থাকার বিষয়টি জানান এবং দুপুরের ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ গুজবের নেপথ্যের কারণ ও বহিরাগতদের বাধার বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন