০৩:১৩ এম
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালিত হবে।
এ বিষয়টি মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএসপিআর জানাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির শুভ উদ্বোধন করেন গত ১৩ জুন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ আয়োজন করতে যাচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
এই উপলক্ষে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় বিমানবাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে। বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সিডবল নিক্ষেপের কার্যক্রম করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন