ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

হুতি গোষ্ঠীর সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি


হুতি গোষ্ঠীর সৌদি তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি আবারও সৌদি আরবে হামলা চালিয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইস্ট ওয়েস্ট তেল পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলার খবর এসেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে।

সৌদি জোট এর আগে জানিয়েছিল, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে। এর মধ্যে একটি রিয়াদ অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোড়ার কাজে ব্যবহৃত হয়েছিল এবং সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে

দীর্ঘ সময় ধরে হুতিরা সৌদির বিভিন্ন বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এদিকে, সোমবার (২৫ অক্টোবর) তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। হুতি হামলা বৃদ্ধি পাওয়ার পর এটি ইরান ও এই জোটের সদস্য দেশগুলোর মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।

সংকট উত্তরণে পূর্বে সাময়িক পদক্ষেপ হিসেবে গত সেপ্টেম্বরে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ রেখেছিল সৌদি আরব। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি প্রায় অবরুদ্ধ থাকায় মধ্যপ্রাচ্যের খনিজ তেল রফতানির জন্য এই পাইপলাইনটিই সৌদির প্রধান বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শনিবার (২৪ অক্টোবর) পাম্পিং স্টেশনসহ ইয়াখবু ও রাবিগের তেল শোধনাগারে হামলার দাবি করেছিল হুতিরা।

আরও পড়ুন: আইইএ প্রধান: ২০২৭ সালেও জ্বালানির বাজার স্বাভাবিক হবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়ন লাভ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। সোমবার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার ফলে শূন্য হওয়া আসনটিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী একটি সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।

ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, কুমিল্লা থেকে ওয়াজ মাহফিল শেষ করে ঢাকায় ফিরে আসার সময় মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে ডাকাতদের একটি দল তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। তিনি বলেন, এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল।

মাদানীর বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, ডাকাত দল আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তার অভিযোগ।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তার মতে, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এ ধরনের ঘটনার মুখে পড়া উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি উপস্থিত না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।

ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের আলো নেই, দুই ঘণ্টার পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে স্কুলে যেতে হয় শিশুদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


বিদ্যুতের আলো নেই, দুই ঘণ্টার পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে স্কুলে যেতে হয় শিশুদের

ত্রিপুরা পল্লী, একটি দুর্গম পাহাড়ি এলাকা। বিদ্যুতের আলো এখানেও পৌঁছায়নি। শিশুদের স্কুলে যেতে দুই ঘণ্টা হাঁটতে হয়। পানির জন্যও তাদের অনেক পথ পাড়ি দিতে হয়। সপ্তাহের একটি দিন, বৃহস্পতিবার, ফসল বিক্রি করেই তাদের জীবন চলে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীর জীবনযুদ্ধের চিত্র এটি।

ত্রিপুরা পল্লীতে বিদ্যুতের আলো এখনও আসেনি। সন্ধ্যা হলে পাহাড়ের কোলঘেঁষা ঘরগুলো নিস্তব্ধ হয়ে যায়; সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন জীবনও ঢেকে যায় এক গভীর অন্ধকারে। যেসব পরিবারের সামর্থ্য রয়েছে, তারা সোলার প্যানেল বসিয়ে বৈদ্যুতিক বাতির ক্ষীণ আলো জ্বালিয়েছে—এই আলো যেন অন্ধকারের বিরুদ্ধে একটি ক্ষুদ্র প্রতিবাদ।

প্রতিদিন শিক্ষার্থীদের জ্ঞানের আলোর সন্ধানে হাঁটতে হয় প্রায় দুই ঘণ্টা। পাহাড়ি পথ, ভেজা মাটি, কখনো কাঁটাঝোপ—এসব পেরিয়ে তারা স্কুলে পৌঁছায়।

রাতের পড়াশোনা তাদের কাছে যেন একটি স্বপ্ন; সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শিশুদের ঘুমিয়ে পড়তে হয়। কারণ অন্ধকারের সঙ্গে লড়াই করার মতো আলো তাদের নেই।

নিত্য ব্যবহারের পানির জন্য তাদের যেতে হয় অনেক দূরে। পাহাড়ি ছড়াই তাদের একমাত্র ভরসা। শিশুদের কাঁধে, মায়েদের কোমরে জলের পাত্র—এ দৃশ্য সেখানে প্রতিদিনের। একটু পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়। কখনো ছড়ার স্রোত শুকিয়ে গেলে জীবন যেন থমকে দাঁড়ায়।

তবুও তাদের এই জীবনেও আনন্দের দিন আসে—প্রতিটি বৃহস্পতিবার। কারণ এই দিনেই তারা সংগৃহীত ফসল বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। কাঁধে ফসলের ঝুড়ি, পায়ে পাহাড়ি পথ—বৃহস্পতিবারের সূর্য তাদের কাছে যেন একটুখানি আশার বার্তা বয়ে আনে। বিক্রির টাকায় সংসারের প্রয়োজন মেটে; সেই টাকায় কখনো আসে এক মুঠো লবণ, কখনো একটি খাতা, কখনো বা শিশুর মুখে একটুখানি হাসি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, "এলাকাটি খুবই দুর্গম, এখানে বিদ্যুৎসহ কোনো নাগরিক সুবিধা নেই। পানির ব্যবস্থাটাও খুবই দুরূহ। ১৯৮৬ সাল থেকে তারা এখানে বসবাস করছে। এই ত্রিপুরা পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সরকারি ভাবে যা করার করবো আমরা।"

উপজেলা প্রকৌশলী আসিফ মোহাম্মদ বলেন, "আলো নেই, পানি নেই, যোগাযোগ নেই—তবুও মানুষের বেঁচে থাকার সংগ্রাম আছে, আছে স্বপ্ন দেখার সাহস। সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলি (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের তারে পা পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%