প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী একটি সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন।
ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, কুমিল্লা থেকে ওয়াজ মাহফিল শেষ করে ঢাকায় ফিরে আসার সময় মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে ডাকাতদের একটি দল তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। তিনি বলেন, এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল।
মাদানীর বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ডাকাত দল আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তার অভিযোগ।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তার মতে, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এ ধরনের ঘটনার মুখে পড়া উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি উপস্থিত না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন