ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বিএআরসির সোহাগ ফকির গ্রেফতার


নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বিএআরসির সোহাগ ফকির গ্রেফতার

মাদারীপুরের রাজৈর বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান পরিচালনা করে যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলার আসামি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকির (৩৮) কে গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (২১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় সিআইডির একটি চৌকস দল রাজৈর বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা হলো—সুতারকান্দি, ২ নম্বর ওয়ার্ড, বাজিতপুর ইউনিয়ন, থানা—রাজৈর, জেলা—মাদারীপুর। এ সময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা আগামী ২৯ অক্টোবর রয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করার জন্য আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা করা হবে। ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখার অগ্রগতির ওপর ভিত্তি করে।

ওই কর্মকর্তা আরও বলেন, পূর্বে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে খাতা দেখার কাজ দ্রুত এগিয়ে আসায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হবে।

এছাড়া, উল্লেখ্য যে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট।

তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়।

যেভাবে দেখা যাবে ফল

ফল প্রকাশের পর শিক্ষাবোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এ প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে। সেখানে পরীক্ষার নাম, পরীক্ষার বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। একই সঙ্গে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

এছাড়া, মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধান কাজ ছিল জুলাই সনদ বাস্তবায়ন। সরকার এটি করতে পারছে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখনও সময় রয়েছে। অন্যথায়, জনগণের সঙ্গে নিয়ে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না।’

বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম খান মিলন আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত ছোট ছোট শিশুরা অকাতরে জীবন দিয়েছে। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির মুখে দাঁড়িয়ে থাকার মতো ইতিহাস পৃথিবীতে খুব কমই আছে। এর বিনিময়ে যে রাষ্ট্রীয় সংস্কার হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি। বরং সরকারি দল বিষয়টি পাশ কাটিয়ে নানা কথামালার মাধ্যমে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, মধুবাগ মাঠকে আরও সুন্দর ও খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড় এবং আয়োজক ছাত্রশিবিরের নেতাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এবং থানা ক্রীড়া সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা মনির হোসাইন, আজগর হোসেন, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

আগস্টে আটটি দল নিয়ে শুরু হওয়া ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে মুখোমুখি হয় তারুণ্য একাদশ ও পাওয়ার টাইটান্স। ফাইনালে তারুণ্য একাদশ ৩-১ গোলে পাওয়ার টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি ছবি যুক্ত রাবণের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ এনএসইউআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


মোদি ছবি যুক্ত রাবণের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ এনএসইউআইয়ের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি যুক্ত করে কংগ্রেস-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) রাবণের কুশপুত্তলিকা পুড়িয়েছে। মঙ্গলবার নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে বিজয়া দশমী উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্বের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে উৎসবের আবহকে প্রতিবাদের ভাষায় তুলে ধরেছে সংগঠনটি।

‘উঙ্গলি তো উঠেগি—রাবণ দহন’ শীর্ষক ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে এনএসইউআই অভিযোগ করেছে যে, যুবসমাজের সমস্যা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।

রাবণের কুশপুত্তলিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম ও রাজনাথ সিংয়ের মুখাবয়বও অন্তর্ভুক্ত ছিল।

প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি কথিত ‘ভোট চুরি’, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকির মতো বিষয়গুলো তুলে ধরতে চেয়েছে। এনএসইউআই যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার অভিযোগও তুলেছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে চলমান এনএসইউআইয়ের প্রতিবাদ কর্মসূচির ধারাবাহিকতায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। সংগঠনটি নির্বাচনি প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করে আসছে। এর ফলে তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছে।

এনএসইউআইয়ের জাতীয় গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রবি পাণ্ডে বলেন, ‘বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। আজকের রাবণ দহনের মাধ্যমে এনএসইউআই ‘ভোট চুরি’, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, সম্পদের শোষণ, সাম্প্রদায়িকতা এবং নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সংবিধান, গণতন্ত্র ও ভারতের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

সূত্র: দ্য ট্রিবিউন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফিজি সফরে ইসরাইলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদারিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফিজি সফরে ইসরাইলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদারিত্ব

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ সহায়তা প্রদানের উদ্দেশ্যে আন্তঃসরকারি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ইসরাইল।

এই তথ্য বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।

ইসরাইল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করেছে। গত মাসে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু জেরুজালেমে তাদের দূতাবাস প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পবিত্র নগরী জেরুজালেমে ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দেশটি অল্প কয়েকটি দেশের মধ্যে একটি।

ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

জাতিসংঘে জেরুজালেমে দূতাবাস থাকা মাত্র সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাপুয়া নিউগিনি ও ফিজিও অন্তর্ভুক্ত রয়েছে।

এই তালিকায় যুক্তরাষ্ট্রও রয়েছে। এ বছরের শেষের দিকে সামোয়া তাদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

১৮টি দেশের সমন্বয়ে গঠিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম বর্তমানে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ৩০টি দেশ ও সংস্থা ফোরামের তথাকথিত উন্নয়ন অংশীদার।

প্রভাবশালী দেশগুলো যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিযোগিতায় লিপ্ত, তখন গত মাসে ফোরামের নেতারা অঞ্চলের বাইরের দেশগুলোর সঙ্গে অংশীদারত্বের কাঠামো সংস্কারের বিষয়ে সম্মত হন। নতুন কাঠামোয় কৌশলগত অংশীদার ও খাতভিত্তিক অংশীদার— এই দুই শ্রেণি রাখা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি খাতভিত্তিক অংশীদার হিসেবে ফোরামে যুক্ত হয়েছে। এই ঘোষণার সময় ইসরাইলের আন্তর্জাতিক সহায়তা সংস্থা মাসাভের (এমএএসএইচএভি) প্রধান আইনাত শ্লেইন ফিজি ও সামোয়া সফর করেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আঞ্চলিক অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে এই সহযোগিতার কার্যক্রম পরিচালিত হবে। পানি ব্যবস্থাপনা, সমুদ্রের পানি লবণমুক্তকরণ, কৃষি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ইসরাইলের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।’

ফোরামের পক্ষ থেকে মন্তব্য জানতে চেয়ে পাঠানো অনুরোধের প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া হয়নি।

গত জুনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ফিজির রাজধানী সুভায় ফোরামের সদর দপ্তর পরিদর্শন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারগুলোর একটি।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এই প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বছরের শুরুতে ফিজিতে দূতাবাস খুলেছে ইসরাইল। এই দূতাবাসটি ইসরাইলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও নয়টি দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্বও পালন করছে।’

ফোরামটি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, মাসাভের প্রধান শ্লেইনের সঙ্গে বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো তাদের উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরার সুযোগ পেয়েছে।

এছাড়া জ্ঞান বিনিময় ও অংশীদারত্বের বাস্তব সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো প্রায়ই ইসরাইলের সবচেয়ে দৃঢ় সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান প্রমাণ করেছে।

এ অঞ্চলের অনেক মানুষের মধ্যে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ভবিষ্যদ্বাণীর প্রতি গভীর বিশ্বাস রয়েছে। ওই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইহুদিরা একদিন ইসরাইলের ভূখণ্ডে ফিরে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%