ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া


শোবিজে ‘ফালতু’দের জয়জয়কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

ছোট পর্দা ও বড় পর্দা উভয় মাধ্যমেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ফালতু’ তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেন। এই স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে ফারিয়া জানান, শোবিজের জগতে নিজেদের ভালো কাজের জন্য পরিচিত অভিনেত্রীদের নিয়ে আলোচনা হয় না, বরং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকতে চাওয়া ‘ফালতু’দের নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল

ফারিয়া বলেন, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তারা শুধু অভিনয়টাই করে, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেয় না। তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তারা লক্ষ করলে দেখবেন, তার ব্যাগ আর ঘড়ির কালেকশন, তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির প্রসঙ্গ তুলে ধরেন ফারিয়া। তিনি লিখেছেন, “অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ‘৬৯’ আরেকটার নাম ‘স্পর্শের বাইরে’। সেই ‘স্পর্শের বাইরে’র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার ‘কলিংবেল’ নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি।”

ফারিয়া তার সমসাময়িক একজন অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে ঈর্ষা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’

আরও পড়ুন: দীর্ঘ বিরতি ভেঙে ‘নসীব’ সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

এরপর ফারিয়া নাজিয়া হক অর্ষার নাম উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’

এছাড়াও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু, নাজিফা তুষিদের নামও উল্লেখ করেছেন ফারিয়া। তিনি মনে করেন, এসব অভিনেত্রী অসাধারণ অভিনয় করেন এবং নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।

দীর্ঘ পোস্টের শেষাংশে ফারিয়া আক্ষেপ করে লেখেন, “শুধু ‘জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে’ ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।”

দেশের বিনোদন জগতে গুণী অভিনেত্রীদের মূল্যায়ন ও তাদের নিয়ে আলোচনা করার ধরন নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি। তার আক্ষেপ, অভিনয় ও প্রতিভার চেয়ে অভিনেত্রীদের পোশাক, ব্যক্তিগত জীবন এবং বিলাসিতা নিয়েই বেশি মাতামাতি করেন দর্শক ও গণমাধ্যম।

আরও পড়ুন: ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান

ফেসবুক পোস্টে তিনি পছন্দের কয়েকজন অভিনয়শিল্পীর নামও উল্লেখ করেন। তার পছন্দের অভিনেত্রীর তালিকায় রয়েছেন জয়া আহসান, বিপাশা হায়াত, অপি করিম, ইশিতা, তারিন জাহান, তিশা, মম, বিন্দু, রুনা খান, নাজিফা তুষি ও মৌসুমী হামিদ।

জয়া আহসানের অভিনয়, ব্যক্তিত্ব থেকে শুরু করে তার রুচি ও জীবনযাপনের প্রশংসা করেছেন ফারিয়া। মৌসুমী হামিদের অভিনয় দক্ষতাকে তিনি বলেছেন বিধাতাপ্রদত্ত। আর নাজিয়া হক অর্ষার চোখের অভিব্যক্তিতে মুগ্ধতার কথাও জানিয়েছেন। শুধু অভিনয় নয়, সহশিল্পীদের ব্যক্তিত্ব ও পরিশীলিত জীবনবোধও যে তাকে মুগ্ধ করে, উঠে এসেছে সেই কথাও।

তবে প্রশংসার আড়ালে তার মূল আক্ষেপ অন্য জায়গায়। ফারিয়ার প্রশ্ন, অভিনয়শিল্পীদের কাজ, মেধা ও সাফল্য নিয়ে আলোচনা না করে কেন গুরুত্ব পাচ্ছে তাদের পোশাকের দাম, বিদেশে কেনাকাটা কিংবা ব্যক্তিগত জীবন?

শবনম ফারিয়ার মতে, এমন আলোচনায় প্রকৃত গুণী শিল্পীরা আড়ালে থেকে যাচ্ছেন। সবশেষে দর্শক ও গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বদলানোর জরুরি বার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, একজন অভিনয়শিল্পীর পরিচয় তার পোশাকের দাম কিংবা বিলাসী জীবনযাপনে নয়, বরং তার কাজ ও অভিনয়েই।

আরও পড়ুন: দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ এম


অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

গতকাল মঙ্গলবার ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে। তবে নির্বাচনের দুই সপ্তাহ পরেও সরকার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তা এখনও বিদ্যমান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট, উভয় পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। ফলে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ক্ষমতা তাঁর হাতে থাকছে।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব প্রদান করেছেন। এ জন্য আইজেনকটকে ২৮ দিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এই সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।

ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া না হওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করে। ফলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।

তবে নতুন যুদ্ধ শুরু করার জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এককভাবে যুদ্ধ শুরু করার ক্ষমতা তাঁর নেই। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান উত্তেজনা কাজে লাগিয়ে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।

পার্লামেন্টে ৪৬ নতুন মুখ

দখলদার ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জন নতুন মুখ। গতকাল ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।

আইজেনকটের বিরোধী জোটের আসন সংখ্যা ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু নতুন আইন পাস করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ঋণের বোঝা বাড়াতে পারে। বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরিরও চেষ্টা করছেন তিনি। এদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ নভেম্বর: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ এম


১১ নভেম্বর: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের সাথে সাথে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়।

আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জানি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

১৪৯৮ - পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।

১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৮ - মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।

১৯৫২ - ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিত হয়।

১৯৫৩ - পোলিও রোগের ভাইরাস আবিষ্কৃত হয়।

১৯৬৬ - নভোচারী এডুইন ইউগেন অলড্রিন ও জেমস এ লোভেল ‘জেমিনি-১২’ নভোযানে চড়ে চার দিনের সফরে মহাকাশে যাত্রা করেন।

১৯৬৮ - মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৭০ - ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৮২ - দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা সদর দপ্তরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।

১৯৮৯ - বার্লিন প্রাচীর ভাঙার কাজ শুরু হয়।

১৯৯১ - কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের ঘোষণা করা হয়।

১৯৯৫ - মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়।

১৯৯৬ - বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জন্ম

১৪৯৩ - পারাচেলসুস, সুইস-জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।

১৭৪৩ - কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবিজ্ঞানী।

১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশা।

১৮২১ - ফিওদোর দস্তয়েভ্‌স্কি, খ্যাতনামা রুশ সাহিত্যিক।

১৮৬৪ - আলফ্রেড হারমান ফ্রিয়েড, নোবেলজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজকর্মী।

১৮৭২ - সংগীতজ্ঞ আবুল করিম খান সাহেব (সংগীতরত্ন)।

১৮৮৫ - ইংরেজ সাহিত্যিক ডি.এইচ. লরেন্স।

১৮৮৮ - মাওলানা আবুল কালাম আজাদ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।

১৯০৭ - কবি সুফী মোতাহার হোসেন।

১৯০৮ - কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র।

১৯১৪ - হাওয়ার্ড ফাস্ট, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯২৮ - হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।

১৯২৮ - কার্লোস ফুয়েন্তেস, মেক্সিকান ঔপন্যাসিক।

১৯৩৯ - আব্দেল মাজিদ লাখাল, তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৬৪ - অ্যালিসন ডোডয়, আইরিশ মডেল ও অভিনেত্রী।

১৯৭৪ - লিওনার্ডো ডিক্যাপ্রিও, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ - মানিশ, পর্তুগালের সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৮৩ - ফিলিপ লাম, জার্মান ফুটবলার।

১৯৯০ - জরজিনিও ওয়িজনাল্ডুম, ডাচ ফুটবলার।

মৃত্যু

১০২৮ - কনস্ট্যান্টিন অষ্টম, বাইজেন্টাইন সম্রাট।

১৮২৩ - অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।

১৮৫৫ - সারেন কিয়েরকেগর, ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।

১৯১৯ - পাভেল খিস্ট্যাকভ, রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯২৩ - সমাজসেবক ও রাজনীতিক আশ্বিনীকুমার দত্ত।

১৯৪৮ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।

১৯৭১ - সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩ - আর্টটুরি ইলমারি ভিরটানেন, নোবেলজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৭ - প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯ - মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রপতি।

২০০৪ - ইয়াসির আরাফাত, নোবেলজয়ী ফিলিস্তিনি রাজনীতিক ও ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট।

২০০৫ - পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্ত্বিক ও শিক্ষাবিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোর থেকে মেঘের গর্জন, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ এম


ভোর থেকে মেঘের গর্জন, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি

কার্তিক মাসের শেষের দিকে প্রবেশ করেছে। হেমন্তের ভোরের সূর্যরশ্মি মাত্র ফুটতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই আকাশের চারপাশ কালো মেঘে ঢেকে গেছে। মেঘের গর্জন শোনা যাচ্ছে। বহুতল ভবনের গায়ে বজ্রের আঘাত বারবার আছড়ে পড়ছে। বাতাসের তাপমাত্রা আরও শীতল হয়ে উঠেছে। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ধীরে ধীরে বৃষ্টির গতি বৃদ্ধি পেয়ে মুষলধারায় রূপ নিয়েছে এই হেমন্তের সকালের বর্ষণ।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর ব্যস্ত জনজীবন শুরু হওয়ার আগেই ভোর থেকে পুরো এলাকা বৃষ্টির কব্জায় রয়েছে। অফিসগামী মানুষদের জন্য ছাতা ও রেইনকোট সঙ্গে রাখা আবশ্যক। জলাবদ্ধতা এবং যানজটের কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিকে, সকাল সাড়ে ছয়টায় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অনুভূত হচ্ছে ২৫ ডিগ্রির কাছাকাছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং সন্ধ্যায় বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রবল। রাতের দিকে মেঘ কেটে যেতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মৌসুমী বৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহানুর আলম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ এম


বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ ছাড়া সভায় বক্তব্য দেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবাব মিয়া এবং বিশ্বম্ভরপুর প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নৈতিকতা ও ইতিবাচক মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক পরীক্ষার সনদ বিতরণ করেন প্রধান অতিথি সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%