০৯:৫৪ পি.এম
ঢালিউডে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পুত্র হলেও, তিনি বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে সিনেমার মতো একটি প্রেমের কাহিনী। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য পরিবারের বাধা অতিক্রম করে পালিয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতে ধরা পড়তে হয় তাকে। নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পারাজের।
আরও পড়ুন: ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান
এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্তিশালী করেন। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’ সিনেমার পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের গল্পটি বেশ চমকপ্রদ। সম্প্রতি তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেন।
ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও, পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতেই তিনি পালিয়ে যান। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে সম্পন্ন করেন তারা।
সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পারাজ বলেন, "সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।"
আরও পড়ুন: নিরাপত্তার কারণে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর
উল্লেখ্য, অভিনয়জীবনে ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে বাপ্পারাজের। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের কাছে এখনো আলোচিত। বাস্তব জীবনে অবশ্য প্রেমের গল্পের পরিণতি সুখের হয়েছে। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তার দুই মেয়ে বিবাহিত। ফলে তাদের কারো অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন