১১:১৫ পি.এম
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ও দুপুরে বিভিন্ন স্থানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে পুলিশ আটক করেছে।
বুধবার দুপুরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও বিশ্লেষণে দেখা যায়, সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কলিম উল্লাহ কলি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিব হোছাইন, সহসম্পাদক রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা সজীব হোছাইন, নজরুল ইসলাম ও জিয়াবুল করিম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ভাইরাল
অন্যদিকে, বুধবার ভোররাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগ নেতা এনামুল হক মঞ্জুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
পুলিশের তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরহান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী ওই মিছিল বের করেন। তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি করেন বলে পুলিশ জানিয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (১৭), পশ্চিম কাহারিয়া ঘোনার আরফাত নোমান (১৮) এবং খন্দকারপাড়ার বাবু মিয়া (১৭)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: হিন্দু বাল্যবন্ধুর অপলক দৃষ্টিতে মুসলিম বন্ধুর শেষ বিদায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন