০৯:৪৮ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শহীদ হোসেন মনা হত্যার বিচারের দাবিতে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন স্বজনরা। এই সময় স্থানীয় জনগণও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অবরোধ চলাকালীন সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল কবির দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
অবরোধের সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়া প্রমুখ। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। নুরুল আমিন বলেন, "হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান অভিযুক্ত ফুয়াদ, রিমন, জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।" তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
উল্লেখ্য, রোববার (৮ নভেম্বর) রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরী বাড়ির বুলু মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় মামুন নামে তার ভগ্নীপতিও গুরুতর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন