০৬:৩৪ এম
গতকাল মঙ্গলবার ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে। তবে নির্বাচনের দুই সপ্তাহ পরেও সরকার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তা এখনও বিদ্যমান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট, উভয় পক্ষই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। ফলে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ক্ষমতা তাঁর হাতে থাকছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব প্রদান করেছেন। এ জন্য আইজেনকটকে ২৮ দিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এই সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া না হওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করে। ফলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি তৈরির তদন্তের নির্দেশ
তবে নতুন যুদ্ধ শুরু করার জন্য মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। এককভাবে যুদ্ধ শুরু করার ক্ষমতা তাঁর নেই। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান ও লেবাননকে ঘিরে বিদ্যমান উত্তেজনা কাজে লাগিয়ে তিনি সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।
পার্লামেন্টে ৪৬ নতুন মুখ
দখলদার ইসরায়েলের ২৬তম পার্লামেন্টে (নেসেট) শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জন নতুন মুখ। গতকাল ফিলিস্তিনের জেরুজালেমে পার্লামেন্টের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।
আইজেনকটের বিরোধী জোটের আসন সংখ্যা ৪৮। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু নতুন আইন পাস করে নিজের চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ঋণের বোঝা বাড়াতে পারে। বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরিরও চেষ্টা করছেন তিনি। এদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন