প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দা ও বড় পর্দা উভয় মাধ্যমেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ফালতু’ তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেন। এই স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে ফারিয়া জানান, শোবিজের জগতে নিজেদের ভালো কাজের জন্য পরিচিত অভিনেত্রীদের নিয়ে আলোচনা হয় না, বরং ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকতে চাওয়া ‘ফালতু’দের নিয়ে আলোচনা হয়।
ফারিয়া বলেন, ‘আসুন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর নাম বলি; তারা শুধু অভিনয়টাই করে, এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেয় না। তাই তাদের প্রতি আপনাদের আগ্রহ সম্ভবত একটু কম। প্রথমেই আসবে জয়া আহসানের নাম; অসম্ভব সুন্দর দেখতে, অভিনয়ে এবং ব্যবহারে। অভিনয়ের বাইরে তার পোষ্য আছে, গাছ আছে, বাগানবাড়ি আছে। আর যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তারা লক্ষ করলে দেখবেন, তার ব্যাগ আর ঘড়ির কালেকশন, তার জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির প্রসঙ্গ তুলে ধরেন ফারিয়া। তিনি লিখেছেন, “অভিনয় করার আগে আমি দুটো সিরিজ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখেছি, একটার নাম ‘৬৯’ আরেকটার নাম ‘স্পর্শের বাইরে’। সেই ‘স্পর্শের বাইরে’র প্রোটাগনিস্ট সানজিদা প্রীতি। অসাধারণ অভিনয় করতে পারেন তিনি, ক্যারিয়ারের শুরুতেই আমার ‘কলিংবেল’ নামের একটা সিরিজে অনেকদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে ওনাকে কথা বলতে দেখিনি।”
ফারিয়া তার সমসাময়িক একজন অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে ঈর্ষা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী, যার অভিনয় দেখলে আমার মনে হয় ইশ! আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম! মৌসুমী হামিদ—অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী এবং ওর অভিনয় দক্ষতা বিধাতা প্রদত্ত। খুবই চঞ্চল আর হাসিখুশি একটা মানুষ।’
এরপর ফারিয়া নাজিয়া হক অর্ষার নাম উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন, ‘অভিনয় শুধু সংলাপ দিয়ে হয় না, অনেককিছু লাগে; অর্ষা আপুর চোখ কথা বলে। সুবর্ণা (সুবর্ণা মুস্তাফা) আপার পর এই পার্টিকুলার জিনিসটা শুধু ওনার মধ্যেই দেখেছি। কয়েকবছর আগে, শিহাব ভাই তার একটা নাটক করতে বলেন। শিডিউল নিয়ে ঝামেলা ছিল, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে হওয়ায় করতে পারিনি। সেই নাটকটা অর্ষা আপু করেছিল। নাটকটা দেখে আমার মনে হয়েছিল, ভালো হয়েছে আমার ডেট নিয়ে সমস্যা হয়েছে। অর্ষা আপু যা করেছে ওই নাটকে, আমি হলে চরিত্রটার প্রতি জাস্টিস করতে পারতাম না।’
এছাড়াও আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু, নাজিফা তুষিদের নামও উল্লেখ করেছেন ফারিয়া। তিনি মনে করেন, এসব অভিনেত্রী অসাধারণ অভিনয় করেন এবং নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।
দীর্ঘ পোস্টের শেষাংশে ফারিয়া আক্ষেপ করে লেখেন, “শুধু ‘জামার দাম লাখ টাকা, দুবাইয়ে ওমুক-তমুক করে’ ছাড়া আমাদের দেশে সত্যিকারের ভালো অভিনয় করে, সফেস্টিকেটেড, সুন্দর করে কথা বলে এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।”
দেশের বিনোদন জগতে গুণী অভিনেত্রীদের মূল্যায়ন ও তাদের নিয়ে আলোচনা করার ধরন নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তিনি। তার আক্ষেপ, অভিনয় ও প্রতিভার চেয়ে অভিনেত্রীদের পোশাক, ব্যক্তিগত জীবন এবং বিলাসিতা নিয়েই বেশি মাতামাতি করেন দর্শক ও গণমাধ্যম।
ফেসবুক পোস্টে তিনি পছন্দের কয়েকজন অভিনয়শিল্পীর নামও উল্লেখ করেন। তার পছন্দের অভিনেত্রীর তালিকায় রয়েছেন জয়া আহসান, বিপাশা হায়াত, অপি করিম, ইশিতা, তারিন জাহান, তিশা, মম, বিন্দু, রুনা খান, নাজিফা তুষি ও মৌসুমী হামিদ।
জয়া আহসানের অভিনয়, ব্যক্তিত্ব থেকে শুরু করে তার রুচি ও জীবনযাপনের প্রশংসা করেছেন ফারিয়া। মৌসুমী হামিদের অভিনয় দক্ষতাকে তিনি বলেছেন বিধাতাপ্রদত্ত। আর নাজিয়া হক অর্ষার চোখের অভিব্যক্তিতে মুগ্ধতার কথাও জানিয়েছেন। শুধু অভিনয় নয়, সহশিল্পীদের ব্যক্তিত্ব ও পরিশীলিত জীবনবোধও যে তাকে মুগ্ধ করে, উঠে এসেছে সেই কথাও।
তবে প্রশংসার আড়ালে তার মূল আক্ষেপ অন্য জায়গায়। ফারিয়ার প্রশ্ন, অভিনয়শিল্পীদের কাজ, মেধা ও সাফল্য নিয়ে আলোচনা না করে কেন গুরুত্ব পাচ্ছে তাদের পোশাকের দাম, বিদেশে কেনাকাটা কিংবা ব্যক্তিগত জীবন?
শবনম ফারিয়ার মতে, এমন আলোচনায় প্রকৃত গুণী শিল্পীরা আড়ালে থেকে যাচ্ছেন। সবশেষে দর্শক ও গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি বদলানোর জরুরি বার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, একজন অভিনয়শিল্পীর পরিচয় তার পোশাকের দাম কিংবা বিলাসী জীবনযাপনে নয়, বরং তার কাজ ও অভিনয়েই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন