ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে আকাঙ্ক্ষার অভিযোগ


‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে আকাঙ্ক্ষার অভিযোগ

ভারতের টেলিভিশন জগতের একটি পরিচিত নাম আকাঙ্ক্ষা চৌধুরী। মডেলিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পরিচিতি রয়েছে। সম্প্রতি পুণেতে অনুষ্ঠিত একটি নবরাত্রির অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন এই তারকা। তিনি দাবি করেছেন, ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। পুরো অভিজ্ঞতাকে তিনি অপহরণের সঙ্গে তুলনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় শুরু থেকেই ঘাটতি ছিল। আয়োজক দলের তিন সদস্য তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি দাবি করেছেন, তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর। নির্ধারিত সময় পেরিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়নি। অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজে থেকে কাউকে পাঠানোর অনুরোধ না জানালে আয়োজকেরা তাঁকে অনুষ্ঠানস্থলে নেওয়ার উদ্যোগই নিতেন না।

পুণের পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তাঁর দাবি, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনে গাড়ি থামিয়ে দেওয়া হয়। সঙ্গে নিজের দল না থাকায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে রাজি হননি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ করেন এই তারকা।

আরও পড়ুন: অস্কারে বাংলাদেশের সিনেমা নির্বাচনে অনিয়মের অভিযোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, "জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না।"

আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।"

ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা দাবি করেন, তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার ভাষায়, "আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।"

নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের পাশাপাশি পারিশ্রমিক পরিশোধ না করা এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আকাঙ্ক্ষা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন: পরীমণির জন্মদিন উদ্‌যাপন পারিবারিক আবহে, সন্তানদের সঙ্গে কেক কাটলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ এম


কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি মো. কাওসার খানের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়।

ছাত্রদল নেতা কাওসার খান বলেন, কিশোর ও যুবসমাজকে শিক্ষামূলক, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে। তাদের মেধা ও শক্তিকে দেশ গঠন এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে কিশোর-যুবকদের সম্পৃক্ত করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা আতঙ্কে ইসরাইলের বিমানের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


বোমা আতঙ্কে ইসরাইলের বিমানের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

বোমা হামলার হুমকি পাওয়ার পর ইসরাইলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। এই ঘটনা ঘটে রোববার (১৮ অক্টোবর)।

অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছে অবস্থানকালে বোমার হুমকি পায়। নিরাপত্তার স্বার্থে বিমানটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে দেশটির মিগ-২৯ যুদ্ধবিমান দ্বারা পাহারা দেওয়া হয়।

বিমানের ছয়জন ক্রু এবং ৫১ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনস জানায়, বিমানে নিরাপত্তা তল্লাশি চলছে। তল্লাশি শেষে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ঘটনার তদন্তও চলছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ায় অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর বিমানটি দক্ষিণ দিকে মোড় নেয়। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্যেও বিমানটির জরুরি সংকেত পাঠানোর বিষয়টি দেখা যায়।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহকারী পাইলটের বিরুদ্ধে কুঠার দিয়ে পাইলটকে আক্রমণের অভিযোগ ওঠে। ওই বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে গেলেও অন্য পাইলটরা নিয়ন্ত্রণ ফিরে পান। পরে বিমানটি সউদী আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের অভিযোগ, ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি আত্মঘাতী মিশনের অংশ হিসেবে বিমানটি ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। এরপর ইসরাইল সরকার দেশটিতে অবতরণকারী সব বিমানের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেয়। তথ্যসূত্র: আল-জাজিরা, এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সবাইকে আহ্বান জানিয়েছেন, জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে।

মন্ত্রী বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি শান্তিতে বসবাস করে।" তিনি উল্লেখ করেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উচিত সম্প্রীতি বজায় রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।

গতকাল দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী পাঁচদোনা শ্রী শ্রী হরি মন্দির ও পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "দেবী দুর্গার আগমন ও প্রস্থানের তাৎপর্য আমাদের উপলব্ধি করতে হবে।" তিনি আরও বলেন, দুর্গাপূজার মধ্যে যে শিক্ষা রয়েছে, তা শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং ব্যক্তি ও সামাজিক জীবনেও অনুসরণ করা প্রয়োজন।

ড. আবদুল মঈন খান বলেন, "সাধারণ মানুষের প্রতি অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা সবার মধ্যে ধারণ করতে হবে।"

এ সময় তিনি নরসিংদীকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও এ অঞ্চলের মানুষ সম্প্রীতি বজায় রেখেছেন।" তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থানের এই ধারা অব্যাহত রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এমন একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, "সবাই বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে।"

পলাশ বাজার সর্বজনীন দুর্গামন্দিরে বক্তৃতাকালে মন্ত্রী জানান, পলাশের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি প্রতিবছরই এ অঞ্চলের পূজামণ্ডপে আসার চেষ্টা করেন।

তিনি বলেন, মন্দির ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মা দুর্গার আদর্শ অনুসরণ করে পলাশকে একটি সুন্দর ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ এম


একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে রাতের খাবারে বিষাক্ত রাসায়নিক মেশানো হতে পারে। নিহত পরিবারের এক সদস্যের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া একটি অডিও বার্তা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), সাত বছর বয়সী মেয়ে মিষ্টি এবং দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩)। গত শনিবার সকাল ৮টার দিকে গ্রেটার নয়ডার নাগলা শ্রী পদম গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফিরে তারা নুডলস খান। প্রথমে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হলেও, পরবর্তী তদন্তে খাবারের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মেশানোর সন্দেহ আরও জোরালো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে মহেশের মোবাইল ফোন থেকে উদ্ধার করা অডিও বার্তায় তিনি তার দুই বোন ও এক ভগ্নিপতিকে পরিবারের এই পরিণতির জন্য দায়ী করেছেন। এ ঘটনায় তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

পরিবারের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। মহেশের ভাইয়ের স্ত্রী নীরজ এনডিটিভিকে জানিয়েছেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ ও মানসিক অশান্তি চলছিল। তিনি অভিযোগ করেছেন, স্বামীর মৃত্যুর পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে মহেশ তাকে আশ্বস্ত করেছিলেন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবারের সদস্যরা আবার একসঙ্গে বসবাস করবেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে খাদ্য নিরাপত্তা কর্মকর্তারাও খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর সন্দেহ প্রকাশ করেছেন। খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ওপি সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নুডলসের প্যাকেট, খাবারের মোড়ক ও অন্যান্য উপাদান সংগ্রহ করে পরীক্ষা করেছে। তবে সেখানে মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য পাওয়া যায়নি।

ওপি সিংয়ের মতে, ঘটনাটি সাধারণ খাদ্য বিষক্রিয়ার চেয়ে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনা বলেই বেশি মনে হচ্ছে। সাধারণত খাদ্যে বিষক্রিয়ায় বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়। কিন্তু নিহতদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে শিশুদের একজনের মুখ দিয়ে লালা বা ফেনা বের হতে দেখা গিয়েছিল।

তবে ঠিক কী কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে, তা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার ফলাফলের পাশাপাশি পুলিশি তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%