১১:৩২ এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌমাইনে আঘাতের ফলে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে জাহাজ দু’টিতে আগুন লেগে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে জাহাজগুলো অচল হয়ে পড়ে এবং নাবিকেরা জাহাজগুলো ছেড়ে যেতে বাধ্য হন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) দ্বারা প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের দক্ষিণাংশ দিয়ে ‘অনুমোদনহীন রুটে’ চলাচল করার চেষ্টা করছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ও তীব্র অগ্নিকাণ্ডের কারণে সেগুলোর ইঞ্জিন অচল হয়ে যায়। ফলে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে সাগরে আটকা পড়ে।
আরও পড়ুন: ভোটার নিবন্ধন কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য জরুরি নিয়ম
আইআরজিসির দাবি, জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।
বিবৃতিতে আরো জানানো হয়, পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের নিকটবর্তী এলাকায় জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং নাবিকেরা সেগুলো ছেড়ে চলে যান।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। এটি বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
জলপথটির নিয়ন্ত্রণ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিবেচনায় ‘অননুমোদিত’ রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
আরও পড়ুন: সৌদি আরব থেকে মার্কিন কর্মী ও পরিবারের সরানোর নির্দেশ
সূত্র: আনাদোলু
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন