মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০৬:১৮ পি.এম
শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে র্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, পাঠাকাটা ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (মোজা), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রেফতারের মাত্র একদিন পর এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক জামিন পাওয়ার ঘটনায় অভিযুক্ত রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদেরকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এই বদলির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুটিসহ মোট তিনটি মামলার তথ্য আদালতে গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ এ বদলির সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে নগরীর নিসবেতগঞ্জ এলাকা থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম দুলালকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন।
তবে গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তথ্য গোপন করে পুলিশ। কেবল একটি পুরনো বিদ্যুৎ আদালতের ওয়ারেন্টে তাকে সোপর্দ করা হলে তিনি পরদিন আদালত থেকে জামিন পেয়ে যান এবং পুনরায় আত্মগোপনে চলে যান।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ১৪ মার্চ জয়নাল আবেদীন বাপ্পী বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে দুলাল ৪৪ নম্বর আসামি। এ ছাড়া একই দিন কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় হামলার অভিযোগে গত ৯ মে রমজান আলী বাদী আরেকটি মামলা করেন। পাশাপাশি, চলতি বছরের ২১ আগস্ট নগরীর কেল্লাবন্দ এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে এসআই মজিবর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করেন।
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থাকা মামলার তথ্য কোতোয়ালি থানা কর্তৃক গোপন করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ছাত্র শক্তির স্থানীয় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
তীব্র সমালোচনার মুখে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের সত্যতার ভিত্তিতে ওসি এ কে এম নাজমুল কাদেরকে রংপুর থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) তিনি রংপুর ছেড়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ ভারতের বিভিন্ন শহর। এই আন্দোলনের প্রেক্ষাপটে এবার বাংলাদেশকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি অনুষ্ঠানে এসে তিনি এই মন্তব্য করেন।
মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ ঘোষ চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করেন। পরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েতমন্ত্রী বলেন, “দিল্লির আন্দোলন দেখে ধীরে ধীরে বোঝা যাচ্ছে, ওই আন্দোলনের নেপথ্যে কারা আছেন। বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলে অনেক কিছুই বোঝা যাচ্ছে।”
দিলীপ এদিন আরও বলেন, “বিরোধীদের আসলে এখন কোনো কাজ নেই। তাই পুজো আসছে একটু ঘোরাফেরা করুক, শীত আসছে একটু ধর্না দিচ্ছেন। পেছনে কী উদ্দেশ্য আছে, তা বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবেন। বিদেশ থেকে যারা এদেশকে অস্থির করার চেষ্টা করছেন, তাদের অঙ্গুলিহেলনে সব কিছু হচ্ছে।”
কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপের মন্তব্য, যেসব দল উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনো প্ল্যাটফর্ম নেই। তাই তারা ‘আরশোলারদের ডানা’ ধরে ঝুলে থাকার চেষ্টা করছে।
সূত্র: ইটিভি ভারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির প্রতি সংহতি প্রদর্শন করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোক প্রকাশ করেন রিয়াদের বিমানবন্দরে হামলায় প্রাণহানির ঘটনায় এবং উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসময়, শামা ওবায়েদ ইসলাম সৌদি আরবের কাছে দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা চান। তিনি আহত বাংলাদেশিদের চিকিৎসা ও যত্ন নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ বাংলাদেশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বানও জানান।
শামা ওবায়েদ সৌদি আরবে হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও যত্ন নেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সৌদির রাষ্ট্রদূত বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ