ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত


রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর সময় এ ঘটনা ঘটে।

আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দুটি কৌশলে টার্গেট করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তার গলার চেইন দুটি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করে তল্লাশি চালায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনার চেইন দুটি গিলে ফেলেছেন। এরপর এক্সরে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে সোনার চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা’ অনুষ্ঠিত

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা-২০২৬, যা শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করে।

মেলার উদ্বোধন ঘটে মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে আমেরিকান কর্নারে। এডুকেশনইউএসএ-র আয়োজনে, মেলাটি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলেছিল।

এতে যুক্তরাষ্ট্রের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি অংশগ্রহণ করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রাজশাহী শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। মোট ১৫টি প্রতিষ্ঠান এতে অংশ নেয় এবং প্রায় ১১৬২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন।

মেলায় শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার প্রোগ্রাম, বৃত্তির সুযোগ, একাডেমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা সরাসরি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের পছন্দের প্রোগ্রাম ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশনইউএসএ নিয়ে একটি বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, "প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। এই আয়োজন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা আরও সচেতনভাবে করতে পারবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেবে।"

এডুকেশনইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস বলেন, "বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এডুকেশনইউএসএ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে।"

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও অন্যান্য সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারে।"

আয়োজকরা জানান, এ ফেয়ারের মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সম্ভাবনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র জুন মাসের চুক্তিতে ফিরে এলে ইরানও ‘তাৎক্ষণিকভাবে’ পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে। মঙ্গলবার কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ তথ্য ইরানের প্রেসিডেন্টের অফিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাষ্ট্র যদি উল্লিখিত সমঝোতা স্মারকের আওতায় তার প্রতিশ্রুতিতে ফিরে আসে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেবে।’ বার্তা সংস্থা এএফপি কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে এই খবরটি জানায়।

যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ওই সমঝোতা স্মারকটি তৈরি করা হয়েছিল। এটি কয়েক মাস ধরে চলমান তেহরান ও ওয়াশিংটনের সংঘাতের অবসান ঘটানোর জন্য করা হয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরবর্তীতে চুক্তিটি ভেস্তে যায়। উভয় পক্ষই চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে।

পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এক মাসের বেশি সময় ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সোমবার দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।

তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ রেখেছে। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রও যদি একই পদক্ষেপ গ্রহণ করে, তাহলে চুক্তির আওতায় তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতিতে ফিরে যাবে।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের প্রতিশ্রুতিতে এবং তাদের প্রেসিডেন্ট যে চুক্তিতে স্বাক্ষর করেছেন, তাতে ফিরে আসতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘সেক্ষেত্রে সবকিছু আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


পিরোজপুরে  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৈরি আবহাওয়া সত্ত্বেও হাজারো নেতা কর্মী উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় আজ মঙ্গলবার ভোর ৬ টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

এরপর বেলা ১১ টায় একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় সমাপ্ত হয়।

‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এলিজা জামান, সাবেক সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


রংপুরের প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হচ্ছে

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রংপুর জেলার আটটি উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগের উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে মোট ৭৬টি সার ডিলার পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়।

গতকাল সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর নির্দেশনা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচ জন, কাউনিয়ার ছয়টি ইউনিয়নে ছয় জন, গংগাচড়ার নয়টি ইউনিয়নে নয় জন, মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নে ১৭ জন, পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ১৫ জন, পীরগাছার নয়টি ইউনিয়নে নয় জন, বদরগঞ্জের ১০টি ইউনিয়নে ১০ জন এবং তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে পাঁচ জন সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

ডিলার হওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নে নিজ মালিকানায় অথবা ভাড়ায় ন্যূনতম ২৫ টন ধারণক্ষমতার গুদাম থাকা বাধ্যতামূলক।

এছাড়া আবেদনকারীর কাছে কমপক্ষে ৫ লাখ টাকার ব্যাংক সচ্ছলতার সনদ, ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন থাকতে হবে।

আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। তদুপরি, তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং চলাচলে সক্ষম হতে হবে।

বিজ্ঞপ্তিতে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কিছু অযোগ্যতার বিষয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সার ডিলারশিপ বাতিল হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে আবেদন করতে পারবেন না।

একইভাবে, ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিও নির্ধারিত শর্ত পূরণ ছাড়া আবেদন করতে পারবেন না। তবে সাজা ভোগের দুই বছর পর আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

আবেদনকারীদের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-১-এ বর্ণিত নির্ধারিত নমুনা ফরম অনুযায়ী আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট ইউনিয়নের বিপরীতে নীতিমালায় বর্ণিত সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে।

নতুন ডিলার নিয়োগের মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল করার পাশাপাশি কৃষকদের কাছে প্রয়োজনীয় সময়ে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%