ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ


পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নৌপুলিশ ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে। এ অভিযানের সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি বাল্কহেডও জব্দ করা হয় এবং এর চালক ও সহকারীকে আটক করা হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাটের নিকটবর্তী পদ্মা নদীতে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, বাল্কহেডে বিপুল পরিমাণ মদ পরিবহন হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান চলাকালে এমভি তাসলিমা নামক একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

অভিযানের সময় বাল্কহেডটির চালক মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জল (২৯)-কে আটক করা হয়। তাদের উভয়েই পটুয়াখালী জেলার বাসিন্দা। পরে নৌপুলিশ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করে।

সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩০ এম


নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে

গাজা যুদ্ধ অনেক আগে শেষ করা সম্ভব ছিল। একই সঙ্গে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদেরও জীবিত ফিরিয়ে আনা সম্ভব ছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে আগ্রহী ছিলেন না। সাবেক মেজর জেনারেল নিতজান অ্যালন এই অভিযোগ করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অ্যালন বলেন, ইসরায়েল চাইলে যুদ্ধ প্রায় এক বছর আগে শেষ করতে পারত। তখন বন্দিদেরও জীবিত ফিরিয়ে আনার সুযোগ ছিল। তবে সেই সুযোগ কাজে লাগানো হয়নি।

অ্যালনের মতে, যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার জন্য ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না। তার দাবি, ওই চুক্তি যদি আরো আগে হতো, তাহলে বন্দিদশায় মারা যাওয়া অনেক ইসরায়েলি নাগরিককে বাঁচানো সম্ভব হতো।

২০২৫ সালের অক্টোবরের চুক্তিটিকে অ্যালন ‘কৌশলগত সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, এই চুক্তির পর হামাসের সামরিক শক্তি অনেকটাই কমেছে। তবে তিনি প্রশ্ন তুলেছেন, কেন চুক্তিটি আগে করা হয়নি।

অ্যালনের অভিযোগ, ইসরায়েল সরকার পুরোপুরি যুদ্ধ বন্ধ করার পরিবর্তে আংশিক চুক্তির পথ বেছে নিয়েছিল। এর ফলে বন্দিদের কিছু অংশ মুক্তি পেলেও গাজায় সামরিক অভিযান চালানোর সুযোগ থেকে যায়। যুদ্ধবিরতির পরও গাজায় একাধিক হামলা এবং ইসরায়েলি সেনার অভিযান চালানোর বিষয়টি তিনি তুলে ধরেছেন।

সাবেক এই সেনা কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ না দিলে ইসরায়েল হয়তো এখনো গাজায় যুদ্ধ চালিয়ে যেত। অ্যালনের দাবি, বন্দিদশায় প্রায় ৪০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। তার মতে, সরকারের সদিচ্ছা থাকলে তাদের অনেককেই জীবিত দেশে ফিরিয়ে আনা সম্ভব ছিল।

২০২৫ সালের অক্টোবরের চুক্তিতে ২০ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। সাবেক ইসরায়েলি কূটনীতিবিদ অ্যালান পিঙ্কাসও মনে করেন, এই চুক্তি আরো আগে করা সম্ভব ছিল। আলজাজিরাকে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরের হামলার পরপরই বন্দিবিনিময়ের সুযোগ তৈরি হয়েছিল। প্রায় দুই বছর পর বন্দিদের দেশে ফেরানো ছিল একটি বড় ব্যর্থতা এবং ট্র্যাজেডি।

তবে অ্যালনের অভিযোগ মানতে নারাজ নেতানিয়াহুর দল। দলের পক্ষ থেকে পালটা বলা হয়েছে, অ্যালন আসলে হামাসের শর্ত মেনে ইসরায়েলকে আত্মসমর্পণের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি'র ক্রাশ প্রোগ্রামের পরও সীতাকুণ্ডে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩১ এম


ডিসি

সীতাকুণ্ডে জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ ডেঙ্গু নিয়ন্ত্রণে শেষ হয়েছে। তবে সাত দিনের কর্মসূচির পরেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেনি। সরকারি দুই প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ১৪ দশমিক ৮১ শতাংশ কমেছে, অন্যদিকে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও তিনটি বেসরকারি ল্যাবের হিসাবে ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কর্মসূচির শেষ হওয়ার পরদিন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসমাইল (৫২) নামের এক ব্যক্তি ডেঙ্গুতে মারা যান। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিআইটিআইডি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬৫ জন ডেঙ্গু রোগী।

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গত ২৬ সেপ্টেম্বর সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড ও ফগার মেশিন প্রয়োগ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করে সাত দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তিনি উল্লেখ করেন, সাত দিন পর সীতাকুণ্ডে কোনো ডেঙ্গু হটস্পট থাকবে না। আক্রান্তের সংখ্যা না কমলে অভিযানকে সফল বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সাত দিনের কর্মসূচির পর পাওয়া পরিসংখ্যানে দেখা যায়, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৮১ জন। ২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিনে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ১২ জন বা ১৪ দশমিক ৮১ শতাংশ কমেছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে, পাঁচটি বেসরকারি হাসপাতাল ও তিনটি বেসরকারি ল্যাবের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১০০ জন। ২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিনে আক্রান্ত হয়েছেন ৯২ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ৮ জন বা ৮ শতাংশ কমেছে।

২৬ সেপ্টেম্বরের পর সাত দিনে কেয়ার হাসপাতালে ৫ জন, মডার্ন হাসপাতালে ৮, ন্যাশনাল হাসপাতালে ২, জেনারেল হাসপাতালে ৮, মা ও শিশু হাসপাতালে ৮, পদ্মা ল্যাবে ৪৯, জননী ডায়াগনস্টিকে ৪ এবং ল্যাব সিটিতে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে এসব বেসরকারি হাসপাতালগুলোর হিসাবে ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এর আগে কেয়ার হাসপাতালে ৪ জন, মডার্ন হাসপাতালে ১০, ন্যাশনাল হাসপাতালে ৪, জেনারেল হাসপাতালে ৭, মা ও শিশু হাসপাতালে ৬, জননী ডায়াগনস্টিকে কোনো রোগী শনাক্ত হয়নি, পদ্মা ল্যাবে ৫৮ এবং ল্যাব সিটিতে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হন।

এদিকে, ইসমাইলের মামাত ভাই এইচ এম মাসুম জানান, মৃত্যুর তিন দিন আগে ইসমাইলের ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে ফৌজদারহাট বিআইটিআইডিতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। মেট্রোপলিটন হাসপাতালের এজিএম আমানউল্লাহও ডেঙ্গুতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছর এর আগে সীতাকুণ্ডে ডেঙ্গুতে দুই পুরুষ ও তিন শিশুর মৃত্যু হয়েছিল। ইসমাইলের মৃত্যুর তথ্য যোগ হলে এ সংখ্যা দাঁড়ায় ছয়জনে। এছাড়া গত ৩২ দিনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফৌজদারহাট বিআইটিআইডিতে মোট ৩১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এসব বিষয়ে জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী চার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


আগামী চার দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিনের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ারও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। নতুন বেতন নির্ধারণের পর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন মডিউলে করা হবে। চাকরিজীবীরা এই পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরির তথ্য প্রদান করবেন। প্রথমে তাদের পরিচয় দিতে হবে। এতে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতন অন্তর্ভুক্ত থাকবে। পূর্বের বেতন নির্ধারণের তথ্যও মিলিয়ে দেখতে হবে।

নতুন কাঠামো অনুযায়ী কার মূল বেতন কত হবে, তা বেতন নির্ধারণের মাধ্যমে নির্ধারণ করা হবে। বেতন নির্ধারণের প্রক্রিয়া সরকারি চাকরিজীবীদের কাছে পে ফিক্সেশন নামে পরিচিত। নতুন ও পুরনো বেতনের পার্থক্য এবং কার্যকর তারিখ বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করতে হবে।

অর্থ বিভাগের সূত্র জানাচ্ছে, বেতন নির্ধারণের কাজ শেষ হলে তিন মাসের এরিয়ার বা বকেয়া একসঙ্গে প্রদান করবে সরকার। তবে সবার বকেয়া সমান হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখের ওপর বকেয়ার পরিমাণ নির্ভর করবে।

যদি কারও পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকে, তাহলে সেসব তথ্যও প্রদান করতে হবে। এসব তথ্যের পক্ষে অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা আবশ্যক। বিশেষ করে নাম, এনআইডি, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতন সংক্রান্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখা জরুরি। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে বেতন নির্ধারণের প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে। আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মোবাইল নম্বরের প্রয়োজন হবে। যদি কারও এনআইডি না থাকে, তাহলে চাকরির নথিতে থাকা জন্মতারিখ ও অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%