০৮:২৫ পি.এম
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলার শিকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার ধরকে দেখতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ডা. অসীম কুমারের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ডা. বিটু এ সময় বলেন, "দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরো সুন্দর ও নিরাপদ হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের মধ্যে মারামারি
তিনি আরও মন্তব্য করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, ডা. মো. ওয়াসিম, ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ, ডা. মো. তফিজুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় রোগীর স্বজনেরা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। হামলার পর তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত।
আরও পড়ুন: টাঙ্গাইলের ঘাটাইলের ৪ যুবকসহ আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন