ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন


এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন

কৈশোরে সিমেন্টের ডাম্বেল দিয়ে শরীরচর্চা শুরু করা এক বডিবিল্ডার এখন ‘মিস্টার বাংলাদেশ’ হওয়ার স্বপ্ন দেখছেন। সেই কিশোর বর্তমানে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) প্রতিষ্ঠান গোল্ড জিমের সিনিয়র হেড ট্রেইনার ও হেড নিউট্রিশনিস্ট ডা. আজহারুল ইসলাম নিয়ন। তিনি গোল্ড জিমের আধুনিক অবকাঠামো, বিশেষায়িত রিকভারি ব্যবস্থা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় নিজেকে প্রস্তুত করে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডা. নিয়ন আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পদক জয়ী একজন জেনারেল ফিজিশিয়ান, আইএসএসএ সার্টিফাইড স্পোর্টস নিউট্রিশনিস্ট এবং আইএফবিবি সার্টিফাইড জাজ। তিনি জানান, বডিবিল্ডিংয়ের মতো ব্যয়বহুল খেলায় সারা বছর প্রোটিনসমৃদ্ধ খাবার, সাপ্লিমেন্ট এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বিপুল ব্যয় একা সামলানো অত্যন্ত কঠিন। এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ, আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি), বসুন্ধরা স্পোর্টস সিটি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমার কম্পিটিশনের শুরু থেকেই তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। সো আলহামদুলিল্লাহ এখানে থাকতে পেরে অ্যান্ড এখানে জব করতে পেরে আসলে আমি নিজে ব্লেসড।’

গোল্ড জিমে যুক্ত হওয়ার প্রেক্ষাপট জানিয়ে ডা. নিয়ন বলেন, এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ক্লিনিক্যাল প্র্যাকটিস নাকি স্পোর্টস ও ফিটনেস অঙ্গনে কাজ করবেন, এই সিদ্ধান্তের জায়গা থেকেই তিনি ফিটনেস পেশাকে বেছে নেন। হলিউড সুপারস্টার ও ‘টার্মিনেটর’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গোল্ড জিমের সার্কুলার দেখে তিনি আবেদন করে যুক্ত হন।

আরও পড়ুন: লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পরিবেশ নিয়ে ডা. নিয়ন মন্তব্য করেন, ‘এইরকম একটা ট্রেনিং এনভায়রনমেন্ট আপনি বাংলাদেশে পাবেন না। ইটস নট লাইক আ জিম, ইটস আ ফিটনেস ফ্যাসিলিটিস, আমরা বলতে পারি।’ গোল্ড জিমের আধুনিক সরঞ্জাম ও রিকভারি সুবিধাকে দেশের সব ধরনের ক্রীড়াবিদদের জন্য অনন্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি সুইমিং পুল থেকে শুরু করেন; অলিম্পিক সুইমিং পুল বাংলাদেশের কোনো জিমে নেই, ডেডিকেটেড সুইমিং পুল। অ্যান্ড আমাদের স্পা অ্যান্ড রিকভারি জোন যেটা আছে, আমাদের স্টিম, সনা, জ্যাকুজি, অনসেন পুল, আইস বাথ, সল্ট বাথ অ্যান্ড সম্পূর্ণটা সেকশন একদম ফুল্লি বডি রিকভারি কিভাবে বেটার করা যায়; একটা অ্যাথলেট, নট অ্যান বডিবিল্ডার, একজন অ্যাথলেট তিনি ফুটবলার হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, যেকোনো পারস্পেক্টিভের অ্যাথলেট হতে পারেন, তাদের রিকভারিতে অনেক ভালোভাবে হেল্প করে।’

তিনি আরও জানান, দেশের অনেক জায়গায় অ্যাথলেটরা ড্রামের ভেতর বরফ দিয়ে আইস বাথ নিলেও গোল্ড জিমে রয়েছে ডেডিকেটেড স্পা ও সুইমিং পুলসহ পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস। এখানকার প্রশিক্ষণ পরিবেশ এবং ট্রেইনারদের পেশাদারিত্ব ও সহযোগিতা তার নিজের প্রস্তুতিকে আরও শাণিত করেছে বলে জানান তিনি।

ডা. নিয়নের ফিটনেস যাত্রার শুরু হয়েছিল শৈশবে টিভিতে রেসলিং দেখার মাধ্যমে। মাত্র ৮-৯ বছর বয়সে তিনি বাড়িতে সিমেন্ট দিয়ে ডাম্বেল বানিয়ে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে ২০০৯ সালে প্রথম জিমে ভর্তি হন। কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ২০২১ সালে পেশাদারভাবে প্রতিযোগিতায় নামেন তিনি।

চিকিৎসক হয়ে ফিটনেস পেশায় যুক্ত হওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘আস্তে আস্তে আপনি যখন লম্বা সময় একটা জিনিসের প্রতি অনেস্ট থাকবেন, আপনি যদি একটা জিনিসের প্রতি প্যাশনেট থাকবেন, আপনি পরিশ্রম করার পর একটা সময়ে আসলে আপনি সাকসেসফুল হবেনই, আমি মনে করি।’

আরও পড়ুন: মার্তিনেস: রোনালদোর পরিসংখ্যান কেউ ছাড়াতে পারবে না

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৮ থেকে ১০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন ডা. নিয়ন। আন্তর্জাতিক আসরে তিনি এ পর্যন্ত ১২টি স্বর্ণসহ একাধিক পদক জয় করেছেন। এর মধ্যে ২০২৩ সালে দুবাই মাসল ক্লাসিকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থান অর্জন করে পদক জেতেন। ২০২৪ সালে ব্যাংককে তিন ক্যাটাগরিতে রানার্স আপ হন এবং গত মাসে মালয়েশিয়ায় একটি ক্যাটাগরিতে দ্বিতীয় ও দুটি ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন।

সর্বশেষ ২১ নভেম্বর চায়নার গুয়াংঝুতে ঝুহাই চায়না প্রো কোয়ালিফায়ারে নয়টি ক্যাটাগরিতে ছয়টি স্বর্ণপদক (যার মধ্যে দুটি ওভারঅল গোল্ড), একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এ ছাড়া দেশীয় আসরে ২০২২ সালে ন্যাশনাল মিস্টার ঢাকা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনবার রানার্স আপ হয়েছেন।

তবে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পেলেও দেশের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়ন ও জাজিং ক্রাইটেরিয়া নিয়ে বাস্তবতার কথা তুলে ধরেন এই অ্যাথলেট। ‘মেনস ফিজিক’ বা বিচ বডিবিল্ডিং ক্যাটাগরির মানদণ্ড তুলে ধরে তিনি জানান, বোর্ড শর্টস পরে হওয়া এই ক্যাটাগরিতে অতিরিক্ত পেশিবহুল আকারের চেয়ে কাঁধ ও কোমরের অনুপাত (১.৬ থেকে ১.৭ রেশিও), সিমেট্রি ও নান্দনিক গঠন দেখা হয়। অথচ অতীতে অনেক ক্ষেত্রে মেনস ফিজিক ক্যাটাগরিতে বডিবিল্ডারের মতো বড় আকার দেখে নম্বর দেওয়া হয়েছে এবং যথাযথভাবে মেনস ফিজিকের ক্রাইটেরিয়া অনুযায়ী জাজিং হয়নি বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ডা. নিয়ন বলেন, ‘বডিবিল্ডিং ইজ আ লাইক সাবজেক্টিভ গেম, আমার চোখে ইটস লাইক ইউ নো অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, কেউ মনে করে যে আসলে কারো চোখে অ্যাপেল ভালো লাগে কারো চোখে অরেঞ্জ ভালো লাগে। সো আমার জায়গা থেকে আমি মনে করি আমি আরও ভালো ডিজার্ভ করতাম, বাট জাজরা তারা কোন অ্যাঙ্গেল থেকে জাজিং করেছে যে মেনস বডিবিল্ডিং ক্রাইটেরিয়াতে মেনস ফিজিক জাজিং করেছে নাকি মেনস ফিজিক ক্রাইটেরিয়াতেই জাজিং করেছে, সেটা তারা ভালো বলতে পারবেন। বাট আই থিংক আমি আরেকটু ভালো রেজাল্ট ডিজার্ভ করতাম।’

আরও পড়ুন: ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘আক্ষেপ’ গার্দিওলার

তবে দুই সপ্তাহ আগে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নতুন কমিটি গঠনের পর জাজিং ক্রাইটেরিয়াগুলো স্পষ্ট ও আন্তর্জাতিক মানদণ্ড (আইএফবিবি এলিট রুলস) অনুযায়ী উপস্থাপন করায় এবার ন্যায্য বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

নিজের কঠোর শৃঙ্খলা ও প্রস্তুতির কথা জানিয়ে ডা. নিয়ন বলেন, ‘একদম লাস্ট দেড় বছর আমি বলতে পারবো না আমার যে খাবার, আমার ডেইলি ছয় থেকে সাতটা মিল থাকে, এর বাইরে আমি কোনো কিছু খেয়েছি। কোচ যা প্রোভাইড করেছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, স্লিপ, রিকভারি, ট্রেনিং একদম ওইভাবে স্মুথলি গিয়েছে।’

তিনি জানান, এর আগে তিনবারের মিস্টার অলিম্পিয়া রানার্স আপ সাদিক হ্যাজোভিকের অধীনে এক বছর কাজ করেছেন এবং বর্তমানে চাইনিজ কোচ ও টিমের অধীনে ২০২৫ সাল থেকে টানা দুই বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজেকে প্রস্তুত করেছেন।

আগামীকাল ২৬ নভেম্বর রাজধানীর পল্টনের এনএসসি টাওয়ারে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জাতীয় আসর ‘মিস্টার বাংলাদেশ’। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ওয়েট-ইন এবং বিকেলে মেনস ফিজিক ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন: হেলমেট-গ্লাভস ঠিক করতে গিয়ে সময় শেষ, অদ্ভুত আউটের সাক্ষী বিশ্ব

শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী ডা. নিয়ন বলেন, ‘মিস্টার বাংলাদেশ নিয়ে বললে, আমি ইন্টারন্যাশনালি অনেক অ্যাচিভমেন্ট পেয়েছি, বাট আপনি যেইটার পিছনে ছুটবেন ওইটা যদি যতক্ষণ পর্যন্ত না পাবেন, আপনার কাছে এই জিনিসটার ভ্যালু অনেক বেশি। সো আমি মনে করি অ্যাজ আ বাংলাদেশি, আমার কাছে মিস্টার বাংলাদেশ টাইটেলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।’

আগামীকালের প্রতিযোগিতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দুই বছর ধরে কাজ করছি, আমি আশাবাদী, আল্লাহর রহমতে আগামীকাল ভালো কিছু হবে।’

সবমিলিয়ে পাঁচ বছরের নিরলস পরিশ্রম, আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য এবং এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের সার্বিক সহায়তাকে পুঁজি করে এবার বিচারকদের সঠিক নজরে এসে ‘মিস্টার বাংলাদেশ’ চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রস্তুত ডা. আজহারুল ইসলাম নিয়ন।

আরও পড়ুন: আমিনুল হক: খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন এবং সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশের আগে যথাযথ প্রশিক্ষণ থাকা আবশ্যক। এই চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে প্রায়ই অভিযোগ শোনা যায় যে, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পিআইবি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটির শীর্ষ অবস্থানের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, মিথ্যাচারের মাধ্যমে সাময়িক বিভ্রান্তি তৈরি করা সম্ভব হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পাদনা, তথ্যের সত্যতা যাচাই ও যুক্তিনির্ভরতার ওপর গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার সাইবার হামলার কবলে সিআইএ ও ১৭টি গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


এবার সাইবার হামলার কবলে সিআইএ ও ১৭টি গোয়েন্দা সংস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের তালিকায় এবার যুক্ত হলো ‍সিআঈএ’র নাম। মার্কিন গণমাধ্যম সিএনএন জানাচ্ছে, বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ এবং যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানকারী অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) একটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে, যা সংস্থাগুলোর আনক্লাসিফায়েড বা অগোপনীয় তথ্যকে প্রভাবিত করেছে।

একটি সূত্র জানাচ্ছে, উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সিস্টেমে অনুপ্রবেশটি ঘটেছে। তথ্য ফাঁসের পূর্ণাঙ্গ মাত্রা এখনো স্পষ্ট নয়, তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে কোনো গোপনীয় তথ্য এতে ক্ষতিগ্রস্ত হয়নি। ওডিএনআই-এর এক কর্মকর্তা সিএনএনকে বলেন, 'গুরুত্বপূর্ণ সক্ষমতা বা গোপনীয় সিস্টেমগুলোতে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।' দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই হ্যাকিংয়ের উৎস হতে পারে চীন, যদিও দেশটির সরকার এতে জড়িত কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হ্যাকিংয়ের ঘটনাটি ঠিক কবে ঘটেছে বা এর সমাধান হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিআইএ-সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানকারী ওডিএনআই সাম্প্রতিক বছরগুলোতে ওপেন-সোর্স বা উন্মুক্ত গোয়েন্দা কার্যক্রমে বিনিয়োগ বাড়িয়েছে, যা সাধারণত অগোপনীয় হয়ে থাকে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ প্রথম এই অনুপ্রবেশের খবর প্রকাশ করে; যা মার্কিন সরকার এবং বেসরকারি খাতকে নাড়িয়ে দেওয়া ধারাবাহিক সাইবার নিরাপত্তা ঘটনা ও প্রযুক্তিগত বিপর্যয়ের সর্বশেষ সংযোজন।

দুটি সূত্র জানিয়েছে, দেশব্যাপী এফবিআই-এর অপরাধী তথ্যভাণ্ডারে হওয়া সাম্প্রতিক হ্যাকিংয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে। এই হ্যাকিংয়ের ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে প্রভাবিত করা একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয় মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনের প্রযুক্তির ওপর আস্থায় চিড় ধরিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে বড় ধরনের সিস্টেম ত্রুটির কারণে সারা দেশে ৪ ঘণ্টা ২১ মিনিট সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আরকানসাসের একটি মাত্র রাউটারে ওই সমস্যার উৎস খুঁজে পেয়েছিল।

আলাদাভাবে, মাইক্রোসফটের পণ্যগুলোতে বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে মানুষ কর্মক্ষেত্রের অপরিহার্য মাধ্যম যেমন আউটলুক ইমেইল অ্যাকাউন্ট এবং টিমস মিটিংয়ে প্রবেশ করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের এনএসএ-তে বিভ্রাট এবং এফবিআই ও সিআইএ-তে অনুপ্রবেশের ঘটনাই জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবচেয়ে বেশি সতর্ক করে তুলেছে।

সিএনএন প্রথম জানিয়েছিল যে, অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এনএসএ যে অতি-গোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে, গত সপ্তাহে তা বেশ কয়েক দিন অচল ছিল। দেশের শীর্ষ গোয়েন্দা প্রধান জে ক্লেটন বলেছেন, এর দৃশ্যমান কারণ ছিল একটি সফ্‌টওয়্যার আপডেটে ত্রুটি, কোনো সাইবার হামলা নয়। সিএনএন জানাচ্ছে, জর্জিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এতে প্রভাবিত হয়েছিল, যেখান থেকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংকেত গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়—যেখানে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।

এই বিভ্রাটে এনএসএ-র সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সিস্টেমগুলো অক্ষত ছিল এবং শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান করা হয় এনএসএ যে সফটওয়্যার দুর্বলতাগুলো সমাধান করছিল, তা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শনাক্ত হওয়া অসংখ্য নতুন দুর্বলতার মাত্র কয়েকটি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর কল্যাণে সরকারি সংস্থা এবং বেসরকারি কোম্পানি উভয়ই তাদের সিস্টেমে একের পর এক নতুন সফটওয়্যার ত্রুটি খুঁজে পাচ্ছে, যা দ্রুত সমাধান করতে গিয়ে তাড়াহুড়োয় মাঝেমধ্যে নানা ভুলও হয়ে যাচ্ছে। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির সমাবর্তনে নিবন্ধন না করলেও সবার জন্য থাকছে মূল সার্টিফিকেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ইবির সমাবর্তনে নিবন্ধন না করলেও সবার জন্য থাকছে মূল সার্টিফিকেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন না করলেও শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে মূল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধনকারী শিক্ষার্থীদের পাশাপাশি অনিবন্ধিত শিক্ষার্থীদের জন্যও মূল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা রেখেছে। সার্টিফিকেট জালিয়াতি রোধের জন্য চার ধরনের নিরাপত্তাব্যবস্থা (সিকিউরিটি ফিচার) যুক্ত করা হবে। এর সঙ্গে থাকবে কিউআর কোড, যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সার্টিফিকেটের সত্যতা যাচাই করার সুযোগ দেবে। সমাবর্তনের ১৫ দিন আগে প্রস্তুতকৃত সার্টিফিকেট বিভাগগুলোতে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল হান্নান শেখ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল সার্টিফিকেট সাধারণত উন্নতমানের গোটস্কিন পার্চমেন্ট পেপারে মুদ্রণ করা হয়, যার দাম তুলনামূলক বেশি। সার্টিফিকেট তৈরিতে ১৬০ জিএসএম কাগজ ব্যবহার করা হবে, এবং এসব কাগজে মুদ্রণের জন্য প্রয়োজন হবে হাই-রেজল্যুশন প্রিন্টার। তবে, এ প্রিন্টারের দৈনিক উৎপাদনক্ষমতা মাত্র ৩০০ কপি। ফলে, যদি ১০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে, তাহলে সবার সার্টিফিকেট প্রস্তুত করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হবে।

তিনি জানান, সার্টিফিকেট তৈরির প্রথম ধাপে নির্ধারিত মানের কাগজে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য বিশেষ নিরাপত্তাসম্পন্ন মুদ্রণব্যবস্থায় মুদ্রণ করা হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নাম, সিজিপিএ, ডিগ্রির নাম ও রোল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হবে। সবশেষে সার্টিফিকেট সংরক্ষণের জন্য খাম তৈরি করে বিভাগভিত্তিকভাবে বিতরণ করা হবে।

সার্টিফিকেটের ফি সম্পর্কে উপকমিটির আহ্বায়ক বলেন, বর্তমানে এক হাজার টাকা ফি দিয়ে একজন শিক্ষার্থী দুটি সার্টিফিকেট পাবেন। এর মধ্যে একটি স্নাতক এবং অন্যটি স্নাতকোত্তর ডিগ্রির। যারা সমাবর্তনে নিবন্ধন করবেন না, তাঁরাও পরবর্তী সময়ে নির্ধারিত ফি দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিটি সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে দুটি সার্টিফিকেটের জন্য মোট এক হাজার টাকা দিতে হবে।

অনিবন্ধিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, তাঁদের সার্টিফিকেটের প্রাথমিক কাজ আগেই সম্পন্ন করে রাখা হবে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য এবং নিরাপত্তাসংক্রান্ত কাজগুলো আগে থেকেই সম্পন্ন থাকবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে তাঁর নাম, সিজিপিএ, ডিগ্রি ও রোল নম্বর সংযুক্ত করে সার্টিফিকেট পূর্ণাঙ্গ করা হবে।

তিনি আরও জানান, সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট অনুষ্ঠান শুরুর আগেই প্রস্তুত করা হবে। শিক্ষার্থীরা সমাবর্তনের কয়েক দিন আগে নিজ নিজ বিভাগ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

মূল সার্টিফিকেটের সঙ্গে সাধারণ সার্টিফিকেটের পার্থক্য থাকবে কি না, জানতে চাইলে তিনি জানান, প্রশাসন ভবন থেকে সাধারণত শিক্ষার্থীরা যে সার্টিফিকেট সংগ্রহ করেন, সেটি প্রভিশনাল বা সাময়িক সনদ। অন্যদিকে, সমাবর্তনে দেওয়া মূল সার্টিফিকেটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে, যা নকল করা কঠিন। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে সার্টিফিকেটের সত্যতা যাচাই করা যাবে। সমাবর্তন থেকে মূল সার্টিফিকেট পাওয়ার পর একই সার্টিফিকেট পুনরায় প্রশাসন ভবন থেকে সংগ্রহের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবদুল হান্নান শেখকে আহ্বায়ক করে ২০ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। একই দিনে পদক, পুরস্কার ও উপহারসামগ্রী বিতরণের জন্য ইইই বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট আরেকটি উপকমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিইউতে ৯৩% রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর শিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


আইসিইউতে ৯৩% রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর শিকার

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর) জীবাণুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, এমন তথ্য প্রকাশ করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তাদের এক গবেষণায় দেখা গেছে, দেশে মোট সংক্রমণের ৫৫ শতাংশই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে হচ্ছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে এই হার ৯৩ শতাংশে পৌঁছেছে।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মূল উপস্থাপনাটি করেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নমুনা বিশ্লেষণ ও জীবাণুর ধরন

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নজরদারিতে দেশের আটটি বিভাগের ল্যাবরেটরি থেকে সংগৃহীত মোট ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৮৫ হাজার ৫২০টি কালচার-পজিটিভ আইসোলেট চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে; যার ৫ দশমিক ১ শতাংশ কেস-ভিত্তিক নজরদারি এবং ৯৪ দশমিক ৯ শতাংশ ল্যাবরেটরি-ভিত্তিক নজরদারি থেকে সংগৃহীত। নমুনা প্রদানকারীদের মধ্যে ৫৯ শতাংশ নারী এবং ৪১ শতাংশ পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি নমুনা ২১ থেকে ৩০ বছর বয়সীদের (১৫ দশমিক ৮ শতাংশ) এবং ৫১ থেকে ৭০ বছর বয়সীদের সম্মিলিতভাবে ২৮ দশমিক ৩ শতাংশ পাওয়া গেছে।

শনাক্তকৃত জীবাণুগুলোর মধ্যে ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ই. কোলাই (৩৩ শতাংশ) এবং এরপর রয়েছে ক্লেবসিয়েলা নিউমোনি (২১ শতাংশ)। নমুনার ধরন অনুযায়ী শীর্ষ তিনটি জীবাণুর মধ্যে প্রজননতন্ত্রের নমুনায় ই. কোলাই, স্ট্রেপটোকক্কাস প্রজাতি ও স্ট্রেপটোকক্কাস অ্যাগালাক্টি; মলের নমুনায় সালমোনেলা প্রজাতি, ভিব্রিও কলেরি ও শিগেলা প্রজাতি এবং নিম্ন শ্বাসনালির সংক্রমণে ক্লেবসিয়েলা নিউমোনি, সিউডোমোনাস অ্যারুগিনোসা ও অ্যাসিনেটোব্যাক্টর বাউমানি কমপ্লেক্স প্রধানত শনাক্ত হয়েছে।

এ ছাড়া প্রস্রাবের নমুনায় ই. কোলাই, ক্লেবসিয়েলা নিউমোনি ও এন্টারোকক্কাস ফিকালিস; রক্তের নমুনায় সালমোনেলা টাইফি, অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতি ও ই. কোলাই এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস অ্যারুগিনোসা ও ক্লেবসিয়েলা নিউমোনি সবচেয়ে বেশি পাওয়া গেছে।

অ্যান্টিবায়োগ্রাম ও ওষুধের কার্যকারিতা

২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের সামগ্রিক অ্যান্টিবায়োগ্রামে দেখা গেছে, ১৪টি অ্যান্টিবায়োগ্রামের ১ হাজার ১১৮টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের মধ্যে ৭১ শতাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার নিচে নেমে এসেছে। সামগ্রিক তালিকায় ১৪০টি পরীক্ষিত ফলাফলের মধ্যে ৭৩টিতে সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার কম এবং মাত্র ৩৭টিতে ৮০ শতাংশের ওপরে রয়েছে। আইসিইউতে পরিস্থিতি আরও নাজুক; সেখানে ৬৯টি পরীক্ষিত ফলাফলের মধ্যে ৬২টিতে সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার নিচে এবং মাত্র ৫টিতে ৮০ শতাংশের ওপরে পাওয়া গেছে।

আইইডিসিআর জানায়, এন্টারোব্যাক্টেরালস গোত্রের জীবাণুর বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন ও তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ই. কোলাইয়ের বিরুদ্ধে সেফট্রায়াক্সোনের কার্যকারিতা মাত্র ৪১ শতাংশ এবং সিপ্রোফ্লক্সাসিনের ৩৮ শতাংশ। তবে কার্বাপেনেমস, অ্যামিকাসিন ও ফসফোমাইসিন এখনো ই. কোলাইয়ের বিরুদ্ধে কার্যকর রয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতির জীবাণু কেবল কলিস্টিনের (৯৪ শতাংশ) প্রতি নির্ভরযোগ্যভাবে সংবেদনশীল পাওয়া গেছে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আইসোলেটের প্রায় অর্ধেকই মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (এমআরএসএ)। প্রস্রাবের সংক্রমণে ই. কোলাইয়ের বিরুদ্ধে ফসফোমাইসিন (৯৬ শতাংশ) ও নাইট্রোফুরানটোইন (৮১ শতাংশ) কার্যকর থাকলেও টাইফয়েড জ্বরের জীবাণু সালমোনেলা টাইফি (২২ শতাংশ) এবং আমাশয়ের জীবাণু শিগেলার (৯ শতাংশ) বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন কার্যকারিতা হারিয়েছে।

এমডিআর প্রবণতা ও আইসিইউ পরিস্থিতি

প্রতিবেদনে দেখা গেছে, সব ধরনের চিকিৎসাকেন্দ্র মিলিয়ে ৫৫ শতাংশ জীবাণু এমডিআর বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, যেখানে নন-এমডিআর জীবাণু ৪৫ শতাংশ। কিন্তু আইসিইউতে এমডিআর জীবাণুর হার ৯৩ শতাংশ এবং নন-এমডিআর মাত্র ৭ শতাংশ। অর্থাৎ সামগ্রিক পরিস্থিতির তুলনায় আইসিইউর রোগীদের মধ্যে এমডিআর জীবাণু শনাক্ত হওয়ার প্রবণতা ১ দশমিক ৭ গুণ বেশি।

সাতটি অগ্রাধিকারপ্রাপ্ত জীবাণুর বার্ষিক এমডিআর প্রবণতায় দেখা গেছে, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চারটি জীবাণুরই এমডিআর হার দুই-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে এন্টারোকক্কাস ফিসিয়ামের এমডিআর হার ২০২৩ সালের ৫৪ দশমিক ১ শতাংশ ও ২০২৪ সালের ৪৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৭২ দশমিক ৫ শতাংশ এবং ২০২৬ সালে ৮২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতির এমডিআর হার ২০২২ সালে ৬৮ শতাংশ, ২০২৩ সালে ৬৯ দশমিক ৯ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ৬ শতাংশ ও ২০২৫ সালে ৭০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৭৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।

ক্লেবসিয়েলা নিউমোনির এমডিআর হার ২০২২ সালে ৫৭ দশমিক ৬ শতাংশ, ২০২৩ সালে ৬১ শতাংশ, ২০২৪ সালে ৬১ দশমিক ৩ শতাংশ ও ২০২৫ সালে ৫৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৬৯ দশমিক ১ শতাংশ হয়েছে। ই. কোলাইয়ের এমডিআর হার ২০২২ সালে ৬২ দশমিক ৮ শতাংশ, ২০২৩ সালে ৬৪ শতাংশ, ২০২৪ সালে ৬০ দশমিক ৫ শতাংশ ও ২০২৫ সালে ৫৭ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৬৯ দশমিক ৩ শতাংশ হয়েছে।

এ ছাড়া এন্টারোকক্কাস ফিকালিসের এমডিআর হার ২০২৩ সালে ৩০ দশমিক ৯ শতাংশ, ২০২৪ সালে ২৯ দশমিক ৫ শতাংশ ও ২০২৫ সালে ৩৬ শতাংশ থেকে ২০২৬ সালে ৩২ দশমিক ৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। তবে সিউডোমোনাস অ্যারুগিনোসার এমডিআর হার ২০২২ সালের ৫৮ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪৪ শতাংশে এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের এমডিআর হার ২০২২ সালের ৫৯ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪৭ দশমিক ৪ শতাংশে নেমেছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সামগ্রিক সংবেদনশীলতার প্রবণতায় দেখা গেছে, ২০২৩ সালের পর থেকে কার্বাপেনেমস ও অ্যামিকাসিনের কার্যকারিতা প্রতি বছরই কমছে।

হাসপাতালে অ্যান্টিবায়োটিক ব্যবহার

১৩টি সেন্টিনেল সাইট হাসপাতাল থেকে সংগৃহীত ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর ৫৪ শতাংশ ব্যবহৃত হয়েছে আইসিইউতে (১০ হাজার ৪৭৪টি রেকর্ড), ৩৮ দশমিক ৯ শতাংশ সাধারণ ওয়ার্ডে (৭ হাজার ৫৪২টি রেকর্ড) এবং ৭ দশমিক ১ শতাংশ বহির্বিভাগ বা ওপিডিতে (১ হাজার ৩৭০টি রেকর্ড)।

স্থানভেদে শীর্ষ পাঁচটি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের চিত্রে দেখা গেছে, আইসিইউতে মেরোপেনেম এককভাবে ৩০ দশমিক ৫ শতাংশ (৩ হাজার ১৯৯টি) এবং সেফট্রায়াক্সোন ২১ দশমিক ৭ শতাংশ (২ হাজার ২৭০টি) ব্যবহৃত হয়েছে। এরপর রয়েছে ভ্যানকোমাইসিন ৭ দশমিক ৬ শতাংশ (৭৯৪টি), মক্সিফ্লক্সাসিন ৬ শতাংশ (৬২৫টি) এবং মেট্রোনিডাজল ৪ দশমিক ৫ শতাংশ (৪৭৩টি)। সাধারণ ওয়ার্ডে সেফট্রায়াক্সোন এককভাবে ৩৮ দশমিক ৬ শতাংশ (২ হাজার ৯০৮টি) ব্যবহৃত হয়েছে; এ ছাড়া সিপ্রোফ্লক্সাসিন ১০ দশমিক ৮ শতাংশ (৮১২টি), মেরোপেনেম ৯ দশমিক ১ শতাংশ (৬৮৫টি), অ্যাজিথ্রোমাইসিন ৭ দশমিক ১ শতাংশ (৫৩২টি) এবং ফ্লুক্লক্সাসিলিন ৫ দশমিক ৩ শতাংশ (৪০২টি) ব্যবহৃত হয়েছে।

বহির্বিভাগে (ওপিডি) কোনো একটি একক ওষুধের ব্যবহার ১২ শতাংশ ছাড়ায়নি; সেখানে সেফিক্সিম ১১ দশমিক ৫ শতাংশ (১৫৮টি), সেফুরোক্সিম ও ক্লাভুলানিক অ্যাসিড ১০ দশমিক ৪ শতাংশ (১৪৩টি), সেফুরোক্সিম ৮ দশমিক ৫ শতাংশ (১১৬টি), লেভোফ্লক্সাসিন ৮ দশমিক ৪ শতাংশ (১১৫টি) এবং অ্যাজিথ্রোমাইসিন ৮ শতাংশ (১০৯টি) ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইসিইউতে শনাক্তকৃত ক্লেবসিয়েলা নিউমোনির মাত্র ১৪ শতাংশ ইমিপেনেমের প্রতি এবং ওয়ার্ডের ই. কোলাইয়ের মাত্র ২২ শতাংশ সেফট্রায়াক্সোনের প্রতি সংবেদনশীল হওয়া সত্ত্বেও এসব ওষুধই বেশি ব্যবহৃত হচ্ছে।

প্রতিবেদনের উপসংহারে আইইডিসিআর জানিয়েছে, যেসব অ্যান্টিবায়োটিক দ্রুত কার্যকারিতা হারাচ্ছে, চিকিৎসাপত্রে সেগুলোর ওপরই বেশি নির্ভর করা হচ্ছে এবং কার্যকর ওষুধগুলো অব্যবহৃত থেকে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ করে আইসিইউতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরোধী জীবাণুবাহী রোগীদের স্ক্রিনিং ও আইসোলেশন, হাত ধোয়া এবং পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রেখে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%