০৮:২৬ পি.এম
সাতক্ষীরা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্ত্রী নাছিমা খাতুনকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী শওকত আলীসহ দুই আসামির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছে।
আজ বুধবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩) এবং কুখরালী কলোনীপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, কুখরালী কলোনীপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) এবং আতিয়ারের স্ত্রী ছবিরণ খাতুন (৫৫)।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে মাধবকাটির শওকত আলীর বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে স্ত্রী নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে।
আরও পড়ুন: সাংবাদিকতার কোনো দল নেই, বন্ধু-শত্রুর বিভাজন নেই; সত্য, সততা ও মানুষের কল্যাণই হোক মূল আদর্শ
এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরণ খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত্যুর আগে নাছিমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন।
আরও পড়ুন: এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী
আদালত ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরণ খাতুনকে খালাসের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: এমরান সালেহ প্রিন্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন