০৮:২৮ পি.এম
সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ বিমানবাহিনী রাতে তাদের যুদ্ধবিমান ও অন্যান্য বিমানকে হ্যাঙ্গার এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করছে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্রোনবিরোধী বিশেষ জাল ব্যবহারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এবং স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাশিয়া থেকে নাশকতার হুমকি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫। একই সঙ্গে যুক্তরাজ্যের কিছু সামরিক ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট ঘটনার খবরও উঠে এসেছে।
আরও পড়ুন: জনপ্রিয় ব্র্যান্ডের পানিতে ক্যানসার সৃষ্টিকারী ব্রোমেট, ভারতজুড়ে বোতলজাত পানি পরীক্ষা শুরু
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটিতে ‘অনুমোদনহীন ড্রোনের সন্দেহজনক তৎপরতা’ শনাক্ত হওয়ার পর মার্কিন বিমানবাহিনীর সদস্যরা সেখানে পদক্ষেপ গ্রহণ করেন। এর কয়েক দিন আগে অন্য একটি বিমানঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে আরএএফ লেকেনহিথে স্থানান্তর করা হয়।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে ওই ঘাঁটিতে কথিত একটি সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। ফেয়ারফোর্ড বিমানঘাঁটির আশপাশে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর পাঁচজনকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের ধারণা, ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে।
এমন পরিস্থিতিতে ব্রিটিশ বিমানবাহিনীর বিমানের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে রাতে ড্রোন হামলার ঝুঁকি কমাতে বিমানগুলোকে খোলা জায়গায় না রেখে সুরক্ষিত স্থানে রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কোয়ান্টাম প্রযুক্তিতে নেতৃত্ব দিতে যাচ্ছে ইউরোপ, ৫০ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তাব
তথ্যসূত্র: খালিজ টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন