০৭:৫৯ পি.এম
বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের অংশীদার এবং তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেলের মজুত থাকা সত্ত্বেও, শীতকালে ইরান ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে। চলমান যুদ্ধ, মার্কিন নৌ-অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কর্তৃপক্ষ রোববার থেকে দেশজুড়ে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তেহরানের পাস্তুর স্ট্রিটে প্রেসিডেন্টের কার্যালয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শীতের পোশাক গায়ে, ঝাড়বাতি নিভিয়ে কেবল টেবিল ল্যাম্পের আলোয় কাজ করতে দেখা যায়। তিনি সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান এবং বলেন, "গ্যাস অবকাঠামোয় হামলার কারণে শীতের মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।" গত ২১ নভেম্বর বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি ইরানের এই অবস্থাকে ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেন।
জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুদ্ধের ছাপ
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরান এবং দেশের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা শুরু করার আগেই, ইরান গ্যাস ঘাটতি ও লোডশেডিংয়ে ভুগছিল। এরপর থেকে জ্বালানি, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে বিভিন্ন হামলা হয়েছে। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি গত সপ্তাহে সতর্ক করেন যে, চলতি শীতে দৈনিক গ্যাসের ঘাটতি ৪৩ কোটি ঘনমিটারে পৌঁছাতে পারে, যা আগের বছরগুলোতে ছিল প্রায় ৩০ কোটি ঘনমিটারের কাছাকাছি।
ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ তাভাকোলি জানান, বছরের শুরুর দিকে সংঘাতে চারটি প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক ২৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা কমে গিয়েছিল; এর মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এ শীতে ৩১টি প্রদেশের মধ্যে ১১টিতে—বিশেষ করে মাজান্দারান, গোলিস্তান ও উত্তর খোরাসানে—গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাদাদ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, জ্বালানি সরবরাহের বাস্তবতায় রোববার থেকে বিদ্যুৎ বিতরণে সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ইরানের মোট বিদ্যুতের প্রায় ৮৬ শতাংশ আসে প্রাকৃতিক গ্যাস থেকে। এছাড়া, তেলভিত্তিক কেন্দ্র থেকে প্রায় ৭ শতাংশ, জলবিদ্যুৎ থেকে প্রায় ৫ শতাংশ এবং বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় ২ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। গত আগস্টে জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছিলেন, যুদ্ধের হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলোর ৪ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা নষ্ট হয়েছে, যার মেরামত কাজ চলছে।
শিল্প উৎপাদন কমে যাওয়ার ফলে ইতিমধ্যে প্রায় ৬ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। গ্যাস সংকট অব্যাহত থাকলে ১০ লাখের বেশি শ্রমিক চাকরি হারাতে পারেন বলে গত ২১ নভেম্বর সতর্ক করেন পার্লামেন্ট সদস্য নাসরুল্লাহ পেজমানফার।
আরও পড়ুন: ইসরায়েল আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হচ্ছে: ট্রাম্পের বিশেষ দূত
অর্থনীতিতে নিষেধাজ্ঞা ও অবরোধের ধাক্কা
মার্কিন প্রশাসন দাবি করছে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ইরানের সঙ্গে ব্যবসা করা পক্ষগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানকে ছাড় দিতে বাধ্য করা হবে। তবে দীর্ঘদিনের অবরোধ, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, মেহর মাসে (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর) বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে এবং পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। অক্টোবরে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যে মূল্যস্ফীতি ছিল ১১৩ দশমিক ৪ শতাংশ।
জার্মানির ফিলিপস-ইউনিভার্সিটি মারবুর্গের অধ্যাপক ও ইরানি অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগান বলেন, ২০২৬ সালে ইরানের প্রকৃত জিডিপি প্রায় মাইনাস ৭ শতাংশে নেমে আসতে পারে, যা ইরান-ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সংকোচন। তার মতে, নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্য অবরোধ ও যুদ্ধের ক্ষয়ক্ষতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আরও পড়ুন: ব্রাজিলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে সাহায্য করছে বিশেষ ধরনের মশা
তেলের রাজস্ব কমে যাওয়ায় বাজেট ঘাটতির মুখে পড়েছে সরকার, অথচ রাজনৈতিক বাস্তবতায় বড় অঙ্কের জ্বালানি ভর্তুকি কমানো বা কর বাড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল এবং বৈশ্বিক বিনিয়োগ ও অর্থায়নের পথ না খুললে দীর্ঘমেয়াদে এ সংকট কাটানো কঠিন হবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন