ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ বললেন ইসরাইলি মন্ত্রী আমিচাই ইলিয়াহু


ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ বললেন ইসরাইলি মন্ত্রী আমিচাই ইলিয়াহু

ইসরাইলের বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। সোমবার তিনি দেশটির পার্লামেন্টে এক বক্তব্যে এই মন্তব্য করেন। যখন ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী বিদ্বেষ ও অপমানের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, তখনই তিনি এমন মন্তব্য করেন।

ফিলিস্তিনি সমাজে অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ইলিয়াহু বলেন, ‘আপনাদের শিক্ষাব্যবস্থা ঠিক করা প্রয়োজন। আপনাদের শিক্ষিত হওয়া দরকার—শুধু ইসরাইল নয়, বরং সারা বিশ্বেই।’ তিনি আরও বলেন, ‘তোমরাই টুইন টাওয়ার ধ্বংস করেছ, তোমরাই ইউরোপ ধ্বংস করছ। তোমরা যেখানে যাও, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করো।’

এর আগে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব দিয়েও বিতর্ক সৃষ্টি করেছিলেন ইলিয়াহু। তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী উগ্রপন্থি ইতামার বেন-গভিরের দলের সদস্য। ২০২২ সালের শেষের দিকে বেন-গভির পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরাইলে ফিলিস্তিনি সমাজে অপরাধের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনি নেতাদের অভিযোগ, বেন-গভির ও পুলিশ অপরাধী চক্রগুলোকে বিনা বাধায় তৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে।

আরও পড়ুন: ইসরায়েল আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হচ্ছে: ট্রাম্পের বিশেষ দূত

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে অপরাধসংক্রান্ত ঘটনায় ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ১১ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি করা হয়। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফিলিস্তিনি নাগরিকদের হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারেও ইসরাইলি পুলিশের ব্যর্থতার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ইসরাইলে ১৬৬ জন ইহুদি ও ফিলিস্তিনি নারী হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মধ্যে ইহুদি নারীদের ক্ষেত্রে ৯১ শতাংশ এবং ফিলিস্তিনি নারীদের ক্ষেত্রে মাত্র ২৬ শতাংশ মামলার রহস্য উদ্‌ঘাটন হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন: ব্রাজিলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে সাহায্য করছে বিশেষ ধরনের মশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত খুন মামলার আপিল শুনানি, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


সাত খুন মামলার আপিল শুনানি, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে

নারায়ণগঞ্জে চাঞ্জল্যকর সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। এক যুগ আগে ঘটে যাওয়া এই মামলায় ১৫ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপক্ষ প্রথম দিনের শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনে শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। আসামিপক্ষের প্রতিনিধিত্ব করেন আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

শুনানির পর রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়টি বহাল রাখার পক্ষেই আমাদের অবস্থান।’ ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের লামাপাড়া এলাকায় র‌্যাবের সদস্যরা চেকপোস্ট বসিয়ে কাউন্সিলর নজরুলের গাড়ি থামান। র‌্যাব ওই গাড়ি থেকে নজরুল, তার তিন সহযোগী এবং গাড়িচালককে তুলে নিয়ে যায়।

এই ঘটনার সময় আইনজীবী চন্দন সরকারও সেখানে উপস্থিত ছিলেন। তিনি অপহরণের ঘটনা দেখে ফেলায় র‌্যাব তাঁকে এবং তাঁর গাড়িচালককেও তুলে নিয়ে যায়। পরে তাদের সবাইকে হত্যা করে ওই রাতেই পেট কেটে এবং ইটের বস্তা বেঁধে সবার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ওই বছরের ৩০ এপ্রিল ছয়জন এবং পরদিন একজনের লাশ ভেসে ওঠে। এই ঘটনায় দুটি মামলা হয়, একটির বাদী নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং অপরটির বাদী আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল।

দুটি মামলার তদন্ত শেষে সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। অভিযোগপত্রে বলা হয়, এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে আর্থিক লেনদেনের মাধ্যমে র‍্যাব সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান নূর হোসেন। আসামিদের মধ্যে ২১ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ৩৮ কার্যদিবসে রাষ্ট্রপক্ষে ১৬৪ জনের সাক্ষ্য নেন আদালত।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে র‍্যাবের সাবেক ১৬ কর্মকর্তা-সদস্য এবং নূর হোসেন ও তার ৯ সহযোগীসহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরো ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এ ছাড়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২৮ আসামি হাইকোর্টে আপিল করেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২২ আগস্ট সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামির মধ্যে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, হাবিলদার মো. এমদাদুল হক, এ বি মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব আলী, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন এবং সৈনিক তাজুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামির মধ্যে সৈনিক আসাদুজ্জামান নুর, সার্জেন্ট এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, মোর্তুজা জামান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান এবং জামালউদ্দিন রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের রাজনৈতিক সম্পর্কের কারণে বিষয়টি তখন ভিন্ন মাত্রা লাভ করেছিল। ২০১৮ সালের ১৯ নভেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরে আসামিরা আপিল করেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২২টি ফৌজদারী আপিল ও ১৬টি ফৌজদারী আবেদনের একসঙ্গে শুনানি হচ্ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের স্বীকারোক্তি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যেসব র‍্যাব সদস্য অপারেশন পরিচালনা করেছিলেন, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার পূর্বাপর উঠে এসেছে। তৎকালীন কর্নেল জিয়ার (জিয়াউল আহসান) ভূমিকার কথা বর্ণনা করা হয়েছে।’ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, পরবর্তী যুক্তিতর্কে এ বিষয়ে আরও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ফলে টমাস(৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, টমাস নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একই ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার পুত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে কিছু যুবক ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। হঠাৎ করে ককটেলগুলো বিস্ফোরিত হয়ে টমাস ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের ফলে আরও তিনজন আহত হন, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মন্তব্য করেন, টমাসের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বিস্ফোরণের ফলে টমাসের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার সময় ৩/৪ জন আহত হলেও আরো লোকজন সেখানে উপস্থিত ছিল বলে জানা গেছে, কিন্তু তারা পালিয়ে গেছেন। সিআইডির ক্রাইমসিন ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেইন উইলিয়ামসন ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


কেইন উইলিয়ামসন ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ

ক্রিকেটের মাঠে বহু বছর ব্যাট হাতে নেতৃত্ব দেওয়ার পর, এবার কোচিংয়ে দলের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল ডারবান সুপার জায়ান্টস ২০২৭ মৌসুমের জন্য সাবেক নিউজিল্যান্ড অধিনায়ককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, উইলিয়ামসন আসছেন ল্যান্স ক্লুজনারের স্থানে, যিনি দলের প্রথম আসর থেকেই দায়িত্ব পালন করে আসছেন। ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবানের হয়ে খেলেছেন উইলিয়ামসন, যেখানে ১৫ ম্যাচে ৩৪৩ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, কোচিংয়ে মনোযোগ দিয়েছেন এই কিউই তারকা। এর আগে তিনি আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

উইলিয়ামসন ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন। তবে, কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের নাম এখনও চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিটি ২০২৭ মৌসুমের জন্য তাঁকে খেলোয়াড় হিসেবে ধরে রেখেছিল।

নিউজিল্যান্ডের হয়ে ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান সংগ্রহ করেছেন উইলিয়ামসন, যা দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। ১৭৫ ওয়ানডেতে তাঁর রান ৭ হাজার ২৫৬ এবং ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫।

ক্লুজনারের অধীনে ডারবান চার মৌসুমের তিনটিতে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। ২০২৪ সালে রানার্সআপ হওয়া তাদের সেরা সাফল্য। গত মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পঞ্চম স্থানে ছিল দলটি। আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ডারবান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি শামসুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


ডিসেম্বরের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক মন্তব্য করেছেন যে, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই। তিনি জানিয়েছেন, পুলিশ যেকোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি শামসুল হক বলেন, ‘র‌্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না। অপরাধীরা আশ্রয় নেবে—সেটিও হতে দেব না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখব। এটাই আমাদের কাজ।’

জঙ্গলসলিমপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকার মানুষ বর্তমানে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। তবে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চাই না। আরো ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।’

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে।

এ সময় ডিআইজি শামসুল হক সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%