০৮:০০ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। উভয়েই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিসহ দুইজন গ্রেপ্তার
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে তাদের বাবা সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি পাওয়ার পর পুলিশ দুই কিশোরীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে ওই দুই কিশোরী বাড়ি থেকে বের হয়েছিল। তারা সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের ভালোবাসা ও সহনশীলতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দিতে হবে। পারিবারিক সম্পর্কের যত্ন নিলে অভিমান বা আবেগের বশে সন্তানদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কমবে।
আরও পড়ুন: নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন