বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪৭ পি.এম
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯২৩টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই মামলাগুলি দায়ের করে।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি এবং ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা রেকর্ড করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি এবং ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজিসহ ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮২টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৬২৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানের সময় মোট ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সন্তানের জন্মের পর প্রথমবার জনসমক্ষে আসার পর, সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফের শারীরিক গঠন নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজেনদের একাংশ। সম্প্রতি, তিনি স্বামী ভিকি কৌশলের সঙ্গে আম্বানিদের গণপতি উৎসবে অংশগ্রহণ করেন। এর পরপরই সামাজিক মাধ্যমে তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে ক্যাটরিনার ‘ক্যারিয়ার শেষ’ বলে কটাক্ষ করা শুরু হয়। এই কটূক্তি ও বডিশেমিংয়ের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহ-অভিনেতা, পাকিস্তানি গায়ক ও অভিনেতা আলি জাফর।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় আলি জাফর ক্ষোভ প্রকাশ করে জানান, এটি নতুন কিছু নয়। এর আগেও তিনি তার দেশের অভিনেত্রী মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তিনি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে যেন জনসমক্ষে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলেছে।
আলি জাফর বলেন, ‘আমাদের সবারই আত্মদর্শন করা প্রয়োজন। বিশেষ করে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেদের মানসিকতা সংশোধন করা জরুরি। পুরুষ হিসেবে পাওয়া বিশেষ সুযোগের কারণে আমরা নারীদের নিজস্ব তৈরি মানদণ্ডে বিচার করি। তাদের শরীর বা জীবন আমাদের কাঠামোর সঙ্গে না মিললেই আমরা হেয় করি, যা অত্যন্ত অনুচিত।’
তিনি আরো বলেন, ‘অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত। রেনেসাঁস যুগেও নারীদের সৌন্দর্যের মাপকাঠি আলাদা ছিল। পরে ‘জিরো ফিগার’ বা পুরুষদের ‘সিক্স-প্যাক’-এর মতো অবাস্তব ও অস্বাস্থ্যকর প্রবণতা তৈরি করা হয়েছে। অন্যের জীবন না জেনে মন্তব্য করার চেয়ে মানুষের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যার কারণে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে দুইজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। বন্যার কারণে বিভিন্ন সড়কও পানিতে ডুবে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে পুলিশ উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর নিউকম্ব এলাকার কাছে কয়েকজন ভেসে যাওয়ার খবর পায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুই প্রাপ্তবয়স্ক এবং এক শিশুর মরদেহ। তাদের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে।
নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নাইগ্রেন বলেন, "হঠাৎ প্রিয়জনকে হারানোর এই কষ্ট কমানোর মতো কোনো শব্দ নেই। তিনটি প্রাণ হারানোর ঘটনায় তাদের হৃদয় ভারী হয়ে আছে।"
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার আলবুকার্ক কার্যালয় কয়েক দিন ধরে ব্যাপক বজ্রঝড়ের আশঙ্কার কথা জানিয়ে আসছে। বুধবার তারা সতর্কতা পুনর্ব্যক্ত করে জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের তুলনায় এবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।
জাতীয় আবহাওয়া পরিষেবা জানায়, নিউ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ এবং দক্ষিণ-মধ্য পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা রয়েছে। মধ্য ও উত্তর নিউ মেক্সিকোর যেকোনো এলাকায় আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো ও ইউটাহর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। মধ্য ও উত্তর অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকায়ও বন্যার সতর্কতা রয়েছে।
এর কয়েক সপ্তাহ আগে ভারী বৃষ্টির কারণে অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে বন্যা দেখা দিয়েছিল। সে সময় তিনজন পর্বতারোহী পানির স্রোতে ভেসে যান এবং আরও কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউতে চিঠি পাঠিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর তথ্য সংগ্রহের জন্য। আসিফ মাহমুদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র।
চিঠিটি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত। এতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয় এবং অর্থপাচারসহ দেশ-বিদেশে থাকা সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীর মহাসড়কে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।
এই মিছিলটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।
ভিডিওটিতে দেখা যায়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে; বাংলাদেশ হাসবে’, ‘চলছে লড়াই চলবে; বাংলাদেশ ছাত্রলীগ লড়বে,’ ইত্যাদি নানা স্লোগান দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান এ বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। পুলিশ নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে তৎপর রয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ