ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ১০ ছিনতাইকারী আটক, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ


কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ১০ ছিনতাইকারী আটক, নগদ টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ

কুমিল্লা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীতে ছিনতাই প্রতিরোধের উদ্দেশ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সুযোগ বুঝে ছিনতাই করার কথা স্বীকার করেছে।

পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে এসেছে।

গোয়েন্দা পুলিশ জানায়, কুমিল্লা নগরীতে ছিনতাই প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান

ময়মনসিংহ, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন জানিয়েছেন, প্রতিটি শাখা এবং প্রতিটি উপজেলায় এক থেকে পাঁচজন উদ্যোক্তা তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ এবং প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

আজ শুক্রবার সকালে নগরের টাউন হল মুক্তমঞ্চে আলোচনা শেষে এসব কার্যক্রমের আয়োজন করা হয়।

কৃষি ব্যাংকের চেয়ারম্যান আরও উল্লেখ করেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কিউআর কোড নিয়ে কৃষি ব্যাংক কাজ করছে। বিশেষভাবে ফ্যামিলি কার্ডের দায়িত্ব সরকার তিনটি ব্যাংকের উপর দিয়েছে, যার মধ্যে কৃষি ব্যাংকও রয়েছে। এটি আমাদের জন্য সরকারের একটি স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। আমরা যে এটি করতে সক্ষম, এটি তার প্রমাণ। কিউআর কোডের ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি এবং লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে।

পরে, তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলনে ব্যাংকারদের সঠিক দায়িত্ব পালনের জন্য শতভাগ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন আজমেরী হক বাঁধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর আবেগঘন পোস্টে যা বললেন আজমেরী হক বাঁধন

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের সময় হামলার শিকার হওয়ার পর প্রথমবারের মতো নিজের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই সময় তিনি দুঃসময়ে পাশে দাঁড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টে এসব বিষয় উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, "জীবন যখন আপনাকে কঠিন সময়ের মুখোমুখি করে, ঠিক ওই সময় মনে রাখবেন, অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।"

নিজের অভিজ্ঞতা শেয়ার করে বাঁধন বলেন, "কী এক দীর্ঘ অধ্যায় ছিল এটি। এই অধ্যায়ে ছিল কঠিন সব মুহূর্ত; ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতি।"

তবে এই প্রতিকূলতার মধ্যেও তিনি একটি গভীর সত্য উপলব্ধি করেছেন। তার ভাষায়, "কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে সব সমর্থন ও সহায়তা আসে।"

কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশ ও ইতালি সরকারের, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, "আমার যখন সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন আমার পাশে দাঁড়িয়েছেন আপনারা।"

এ সময় কিছু কাছের মানুষ যখন তার থেকে দূরত্ব তৈরি করেছিলেন, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তার সুরক্ষার উৎস হয়ে উঠেছিল বলেও জানান তিনি। পাশাপাশি যারা তার খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন কিংবা তাকে সাহস জুগিয়েছেন, তাদের সবার প্রতিও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী ঘিরেই সেখানে অবস্থান করছেন তিনি।

গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তাদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ওঠে। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন বাঁধনকে সহযোগিতা করে। এ ঘটনায় দেশ-বিদেশ থেকে অনেকে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের চার খুন যেন ‘জজ মিয়ার নাটকে’ পরিণত না হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


রংপুরের চার খুন যেন ‘জজ মিয়ার নাটকে’ পরিণত না হয়

রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের ৪ সদস্যকে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি করেছেন। তারা সতর্ক করেছেন যে, মামলাটি যেন কোনোভাবেই ‘জজ মিয়ার নাটকে’ পরিণত না হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মাছুয়াপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে দুপুরে রংপুর আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় করেন তারা।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেরও প্রয়োজন রয়েছে। এ দাবিতে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করা হয়েছে। আগামী রবিবার এর শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবীদের অভিযোগ, তদন্তের স্বার্থে নিহতদের বাড়ির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান পরিদর্শনের সুযোগ তারা পাননি। তাদের দাবি, হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার সাহা বলেন, গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এজন্য সাবেক একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়া দত্ত ভট্টাচার্য বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে কোনো ধরনের গরমিল বা প্রশ্ন তৈরি হওয়া উচিত নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। তারা আবারও সতর্ক করেছেন যে, মামলাটি যেন কোনোভাবেই ‘জজ মিয়ার নাটকে’ পরিণত না হয়।

আইনজীবী নেতারা বলেন, শুধু পুলিশের তদন্তের ওপর নির্ভর না করে প্রয়োজন হলে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিটি বিষয় খতিয়ে দেখা উচিত। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে মামলাটি নিয়ে জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নেরও অবসান হবে।

গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একটি বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চারজনকে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনের আগে রংপুর আইনজীবী সমিতির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি শাহ্ মো. কামাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. আবু তাহের আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক আতাউর রহমান, শফিকুল ইসলাম, হারুন উর রশীদ ও সুফিয়া খাতুন, সদস্য বাহাউজ্জামান রয়েল, শামীম ও আফরুজ্জামান তারেক এবং আজীবন সদস্য ধীরেন্দ্র নাথ বর্মন, নির্মল চন্দ্র মহন্ত, বীরেন্দ্র নাথ, অনুপ কুমার ও নরেশ চন্দ্র উপস্থিত ছিলেন।

পরে ঢাকা থেকে আসা প্রতিনিধি দলটি নিহতদের বাড়ি পরিদর্শন করে। প্রতিনিধি দলে অ্যাডভোকেট জয়া দত্ত ভট্টাচার্য, সুধাংশু বিশ্বাস, অঞ্জন কুমার দাস, অপূর্ব কুমার ভট্টাচার্য, খগেন চন্দ্র রায়, প্রভাষ চন্দ্র রায়, মিন্টু চন্দ্র দাস, দীপেন্দ্র নাথ রায়, মনোজিত মণ্ডল, নিবারণী দে, হরিপদ সরকার, বহ্নিশিখা দাস, প্রকাশ চন্দ্র বিশ্বাস, সুভাষ তরফদার, পবিত্র মিস্ত্রি ও দিলীপ নন্দী ছিলেন।

আইনজীবীদের দাবি, তদন্তের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মাসে নির্দিষ্ট হারে ভ্যাট প্রদান করতে হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকায় ২ হাজার টাকা হারে ভ্যাট আদায় করা হতে পারে। এনবিআর মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনাও করছে, যা ভ্যাট পরিশোধের প্রক্রিয়াকে সহজতর করবে।

এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দেশের বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান এবং দোকানের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোথায় কতটি দোকান রয়েছে, দোকানের ধরন কী এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী ধাপে ইউনিয়ন পর্যায় থেকেও একই ধরনের তথ্য নেওয়া হবে।

এনবিআরের সংগৃহীত একটি তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নুর নাহার প্লাজায় ৫২টি দোকান রয়েছে, যার মধ্যে চারটি দোকানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে। রংপুর সিটির বেতপট্টি বাজারে দোকানের সংখ্যা ১২১টি, অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারে ৫০টি দোকান রয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের পর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। এরপর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ভ্যাটের আওতায় কোন ধরনের প্রতিষ্ঠান আনা হবে, তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

এনবিআর সূত্র বলছে, প্রাথমিকভাবে দেশের প্রান্তিক পর্যায়ের তিন থেকে পাঁচ লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে এই নির্ধারিত ভ্যাট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ের বাজার, বিপণিবিতান এবং দোকানের তালিকা ভ্যাট বিভাগের কর্মকর্তাদের হাতে আসতে শুরু করেছে। ইউনিয়ন পর্যায় থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে ভ্যাটের নির্ধারিত হার চূড়ান্ত করা হবে। প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের জন্য ভ্যাট পরিশোধের প্রক্রিয়া সহজ করতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট আদায়ের ব্যবস্থা চালু করা হবে। ভবিষ্যতে এ কাজে আলাদা একটি অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে ভ্যাট আরোপের উদ্যোগ নতুন হলেও এর সঙ্গে পুরোনো প্যাকেজ ভ্যাট ব্যবস্থার মিল রয়েছে। প্রায় এক দশক আগে শহরাঞ্চলের ছোট ব্যবসায়ীদের লেনদেনের পরিমাণ বিবেচনা না করে নির্দিষ্ট হারে মাসিক ভ্যাট দিতে হতো। ওই ব্যবস্থা প্যাকেজ ভ্যাট নামে পরিচিত ছিল। ২০১৯ সালে নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা বাতিল করা হয়।

এবার এনবিআরের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট দিতে হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি বা লেনদেন ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। তবে ৫০ লাখ টাকার নিচে বার্ষিক বিক্রি বা লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়।

এই পরিস্থিতিতে ভ্যাটের আওতা বাড়াতে ন্যূনতম নির্ধারিত ভ্যাট চালুর উদ্যোগ নিয়েছে এনবিআর। এর মাধ্যমে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরও কর ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ভ্যাট খাত থেকে ২ লাখ ৫৭ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদেরও ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%