০২:৫১ পি.এম
ঢাকা, ১৪ জুন, ২০২৬ : রোববার লেবানন থেকে নিক্ষেপ করা সন্দেহভাজন দুটি ড্রোন ইসরাইলের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার সাথী।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল-লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরাইলি ভূখণ্ডে সন্দেহজনক দুটি ড্রোন শনাক্ত করা হয়েছে।’ খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
এই হামলার পর, ইসরাইলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী প্রতিশোধমূলক হামলা চালিয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আঘাত হানার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ওই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ‘দাহিয়ে’ নামে পরিচিত।
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘উত্তরের জনগোষ্ঠীর ওপর হামলা চালানো ‘দাহিয়ে মতবাদ’-এর জন্য একটি পরীক্ষা, যা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।
আমি তাকে দৃঢ় ও কঠোরভাবে এ অভিযান বাস্তবায়ন ও দাহিয়ের ভবনগুলো ধ্বংস করার আহ্বান জানাই।’ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-এ লেখেন, ‘প্রতিটি ড্রোনের জন্য একটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি লঙ্ঘনের জন্য গোলাবর্ষ ও প্রতিটি মিসাইলের জন্য দাহিয়ে এমন আক্রমণ চালানো হবে, যাতে পুরো এলাকা কেঁপে ওঠে।’
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, যদি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ইসরাইল বৈরুতের দাহিয়ে এলাকায় পাল্টা হামলা চালাবে।
তারা আরও দাবি করেছেন যে, তাদের এই অবস্থানের সাথে ওয়াশিংটনের সমর্থন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন