০৩:০১ পি.এম
এনায়েত কাজীর সাথে ঝামেলা সংক্রান্ত খবর পেয়ে ছেলে ইরান কাজী ঘটনাস্থলে ছুরি ও রামদা নিয়ে যায়, যা পোশাকের নিচে লুকিয়ে রাখা ছিল। রাজধানীর ওয়ারী থানার আবাসিক হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের দোতলার অভ্যর্থনা কক্ষে তখন এনায়েত কাজী ও হোটেল কর্মচারীদের মধ্যে তর্কবিতর্ক চলছিল। এর মধ্যে ইরান কাজী বের করে আনে লুকিয়ে রাখা রামদা ও ছুরি। বাবা ও ছেলে মিলে হামলা চালায় হোটেল কর্মচারীদের ওপর। হোটেল ব্যবস্থাপক রহমান এগিয়ে আসলে তাঁর ওপরও হামলা হয়। এই হামলায় নিহত হন নাঈমুর রহমান। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর প্রধান আসামি ইরান কাজী পালিয়ে যায়। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ইরান কাজী গ্রেপ্তার না হওয়ায় জনমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে গ্রেপ্তারকৃত রীতা বেগমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি ব্যবসায়ী হলেও রাত ২টার সময় ঘটনাস্থলে তাঁর উপস্থিতি রহস্যজনক বলে অনেকে দাবি করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, জয়কালী মন্দির সংলগ্ন রাতের মুরগির বাজারে পুলিশের গাড়ি প্রায়ই দেখা যায়। তবে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে বেশি তৎপর থাকে মুরগির গাড়ি ও ভ্যান থেকে টাকা নেওয়ার কাজে। বৃহস্পতিবার গভীর রাতে হোটেলের ভেতরে মুরগি ঢোকা কেন্দ্র করে সংঘটিত ঘটনাটি দীর্ঘ সময় ধরে চলে। অথচ একজন হামলাকারী একজনকে খুন এবং তিনজনকে কুপিয়ে অনায়াসে পালিয়ে গেছে।
ওয়ারী থানার সংশ্লিষ্ট একজন পরিদর্শক ইনকিলাবকে জানান, বৃহস্পতিবার রাতে হোটেলে হতাহতের ঘটনায় শুক্রবার রাতে নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা থানায় মামলা করেন। এরপর রীতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়, যিনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার মোট ৫ আসামির মধ্যে এনায়েত কাজী আহতাবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। ওই পরিদর্শক বলেন, এনায়েত কাজী মুরগি ব্যবসায়ী। অপরদিকে রীতা বেগমও মুরগির দোকানের মালিক।
আরও পড়ুন: হরিরামপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বৃহস্পতিবার রাতে পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে মুরগি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের নিচতলার কলাপসিবল গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হোটেলের নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে এনায়েতকে দেন। কিন্তু মুরগিটি আগের খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখা হয়। নিরাপত্তাকর্মী মুরগিটি খাঁচায় রাখতে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত নিরাপত্তাকর্মীকে মারধর করেন।
পরে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে ইরান কাজী ঘটনাস্থলে আসেন। পরে বাবা-ছেলে মিলে রামদা দিয়ে হোটেলকর্মীদের আঘাত করতে থাকেন। এতে রাজ্জাক, নাঈমুর ও হাসান আহত হন। ধস্তাধস্তির সময় এনায়েতও আহত হন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এবং মামলার আসামি হিসেবে রীতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।
এ মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই নজরুল ইসলাম দাবি করেছেন, ঘটনার পেছনে অন্য কারণও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তাধীন বিষয়ে তিনি বেশি কিছু বলতে রাজি হননি। ঘটনাস্থলে কারা ছিলেন এবং কীভাবে হামলার ঘটনা ঘটে, সব কিছু সিসি ফুটেজে প্রমাণ রয়েছে। এরপরও আসামিদের কেন ধরা হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি।
আরও পড়ুন: সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবি
এদিকে স্থানীয়রা জানান, রাজধানীর মোহাম্মদপুরের পর এখন সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে ওয়ারী এলাকায়। অহরহ ছিনতাই হচ্ছে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চলছে নীরব চাঁদাবাজি। অভিসার হলের বিপরীত পাশের প্রত্যেক গলিতে, অভিসার সিনেমা হলের পেছনের গলিতে, নারিন্দায় হরহামেশা ছিনতাই হচ্ছে। রাতে পুলিশের টহল তেমন একটা চোখে পড়ে না। মাঝে মাঝে কোথাও পার্কিং করা পুলিশের গাড়ি দেখা যায়। গাড়ির পাশ থেকে মশার কয়েলের গন্ধ এবং ভেতরে পুলিশ সদস্যদের বিশ্রামের দৃশ্য দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন